এই 'প্রথম' দলের বাইরে এমিলি
২০০৫ করাচি সাফে জাতীয় দলে অভিষেক। সেই থেকে জাতীয় দল থেকে কখনো বাদ পড়েছেন বলে মনে নেই জাহিদ হাসান এমিলির। তবে সেই স্বাদ এবার পেতে যাচ্ছেন। পেটে দুটি টিউমারের অস্তিত্ব ধরা পড়ায় ১২ অক্টোবর কিরগিজস্তান ম্যাচে থাকছেন না এই স্ট্রাইকার।
ক্যাম্প থেকে ছুটি নিয়েছেন আগেই। তাঁকে বলা হয়েছিল টিউমার অপসারণে অস্ত্রোপচারের প্রয়োজন না হলে ক্যাম্পে ফিরে যেতে। আপাতত তা হচ্ছে না। আজই একটি টিউমার অপসারণ করতে ডাক্তারের ছুরির নিচে যাচ্ছেন। বুকের নিচে ঠিক পেটের ওপরের অংশে ওই টিউমার দুটির অবস্থান পাশাপাশি। তবে দুটিই একসঙ্গে অপসারণ করা হচ্ছে না। ‘দুটি টিউমারের একটির অপারেশন করব কাল (আজ), দ্বিতীয়টি এখনই নয়। ডাক্তার বলেছেন ওটা ছয় মাস পর’—কাল বলেছেন এমিলি।
অস্ত্রোপচারের পর হাসপাতালে হয়তো থাকতে হবে না, তবে ডাক্তার চার-পাঁচ দিন বিশ্রাম নিতে বলেছেন। তাই কিরগিজস্তান ম্যাচের খেলার সম্ভাবনা দেখছেন না কয়েক বছর ধরেই বাংলাদেশ দলের প্রধান স্ট্রাইকার, ‘কিরগিজস্তান ম্যাচে আমার যাওয়া হবে না এটা মোটামুটি নিশ্চিত।’ কত দিন পর দলের বাইরে সেটি অনেক ভেবেও বের করতে পারলেন না, ‘অভিষেকের পর থেকেই সব ম্যাচ খেলেছি। আন্তর্জাতিক ম্যাচে কোনো কারণে দলের বাইরে ছিলাম এমন কখনো হয়েছে বলে মনে করতে পারছি না। কার্ড বা চোট-সমস্যায় কখনো আমাকে ভুগতে হয়নি। পারফরম্যান্সের কারণেও বাদ পড়িনি। গত ১০ বছরে সব কোচের অধীনেই সব ম্যাচ খেলেছি।’
এমনিতেই দলে নেই চোটগ্রস্ত ডিফেন্ডার নাসির উদ্দিন। রক্ষণে কেষ্ট, লিংকনও নেই একই কারণে। মাঝমাঠের সেনানী হেমন্ত ভোগ করছেন শৃঙ্খলাভঙ্গের শাস্তি। স্ট্রাইকার এনামুল পুরো ফিট না হওয়ায় বাদ পড়েছেন। এমিলিও চলে গেলেন দলের বাইরে। সব মিলিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ভালোই সমস্যায় পড়ল বাংলাদেশ।