এইবার জয়ে রোনালদোর রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যারেথ বেল ও লুকাস ভাসকেজের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল উদ্‌যাপন। এইবারের বিপক্ষে রিয়ালের দ্বিতীয় গোলের পর l রয়টার্স
গ্যারেথ বেল ও লুকাস ভাসকেজের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল উদ্‌যাপন। এইবারের বিপক্ষে রিয়ালের দ্বিতীয় গোলের পর l রয়টার্স

এল ক্লাসিকোর হারের ক্ষতটা এখনো শুকায়নি। লা লিগার শিরোপাদৌড়েও বড় একটা হোঁচট খেতে হয়েছে। জয়টা তাই দরকার ছিল খুব করেই। এইবারকে রিয়াল মাদ্রিদ হারাল ঠিকই, জয়টা (২-০) যদিও ঠিক দাপুটে হয়নি। তবে এ নিয়ে আপাতত হয়তো খুব একটা মাথা ঘামাবেন না রিয়াল মাদ্রিদ কোচ রাফায়েল বেনিতেজ। তিনটি পয়েন্ট তো পাওয়া গেছে!
ধারে বলুন, আরে ভারে বলুন, রিয়ালের সঙ্গে এইবারের কোনো তুলনা হয় না। এইবারের এই মৌসুমের বাজেট ৩ কোটি ২০ লাখ ইউরো, রোনালদোর দুই বছরের বেতনই এর চেয়ে অনেক বেশি। বার্নাব্যুতে যেখানে ৮০ হাজার দর্শক থাকে, সেখানে ছয় হাজার ধারণক্ষমতার এইবার স্টেডিয়াম গ্যালারির এক কোনায় পড়ে থাকে! তবে এই ব্যবধান মাঠের খেলায় ঠিক অনূদিত হলো না। রিয়ালকে ভালোই চেপে ধরেছিল স্বাগতিকেরা, সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের ফলটা অন্য রকমও হতে পারত।
সেই হা–পিত্যেশ করতে পারতেন ক্রিস্টিয়ানো রোনালদোও। লা লিগার আগের দুই ম্যাচে গোল পাননি, চিনতে হয়েছে জার্সি দেখে। পরশুও রোনালদো গোলের সামনে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলছিলেন। ১৫ ও ৭২ মিনিটে অন্তত গোল করতেই পারতেন। রিয়াল অবশ্য এর আগেই এগিয়ে গিয়েছিল গ্যারেথ বেলের ৪৩ মিনিটের গোলে। শেষ পর্যন্ত ৮২ মিনিটে রোনালদো যে সুযোগটা পেলেন, সেটা নষ্ট করলে নিজেকে ক্ষমা করতে পারতেন না। পেশাদার ক্যারিয়ারের ১০০তম পেনাল্টিটা বৃথা যেতে দেননি সিআর-৭।
এই গোলেই আরেকটু উচ্চতায় উঠে গেছেন রোনালদো। রিয়ালের হয়ে লা লিগায় এখন রোনালদোর গোল ২৩৪টি, ছুঁয়ে ফেলেছেন ক্লাবের সাবেক পূর্বসূরি হুগো সানচেজকে। ২৫১ গোলের তেলমো জারার রেকর্ডটা এখন সামনে। তবে ২৯০ গোল নিয়ে সবার সামনে থাকা লিওনেল মেসি অনেকটাই এগিয়ে।
বেনিতেজ অবশ্য রোনালদোর রেকর্ড নিয়ে ভাবছেন না। আপাতত জয়ই তাঁর কাছে বড়, ‘এ মুহূর্তে ৩ পয়েন্ট পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমর্থকেরাও জানল এই মানের খেলোয়াড়দেরও এ রকম খাটতে হয়। ভবিষ্যতে ভালো করার জন্য এটা বড় একটা ব্যাপার।’ কেইলর নাভাসের কণ্ঠেও সামনের ম্যাচগুলোতে ভালো করার প্রত্যয়, ‘আমরা কঠিন সময় পার করছি। তবে এটা ধরে রাখতে হলে সামনের প্রতিটি ম্যাচেই আমাদের নিজেদের সেরাটা ঢেলে দিতে হবে।’ এএফপি।