এএফসি কাপ থেকে শেখ রাসেলের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত পারল না শেখ রাসেল ক্রীড়াচক্র। এএফসি কাপের প্রাক্‌–প্লে-অফ থেকেই বিদায় নিতে হলো। থিম্পুতে আজ ভুটানের টারটানস ক্লাবের কাছে ৪-৩ গোলে হেরেছে শেখ রাসেল। 

এই ম্যাচ ১-১ বা ২-২, ৩-৩ গোলে ড্র করলেই ঢাকার দলটি পেয়ে যেত পরের রাউন্ডের টিকিট। সেই লক্ষ্যে ভালোই শুরু করেছিল শেখ রাসেল। শুরুর কয়েক মিনিট গুছিয়ে খেলছিল। কিন্তু এরপরই পাল্টা আক্রমণে গোল খেয়ে যায় মারুফুল হকের দল। রক্ষণ থেকে লম্বা বল পেয়ে টারটানসের ফরোয়ার্ড চেনচৌ গোল করেন। পরের মিনিটেই জামাল ভূঁইয়ার ফ্রিকিক থেকে ইকাঙ্গার হেডে ১-১।
কিন্তু এরপর যে কী হলো শেখ রাসেলের, গোল খেতে থাকল একের পর এক। রক্ষণ হয়ে পড়ল বালির বাঁধ। ১-১ স্কোর লাইন প্রথমার্ধেই হয়ে যায় ৪-১।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আশায় আক্রমণাত্মক খেলে দুটি গোল করে ড্রয়ের কাছাকাছি চলে যায় শেখ রাসেল। ৪-২ করেন স্ট্রাইকার শাখাওয়াত রনি। কিন্তু এরপরই পেনাল্টিতে গোল করতে ব্যর্থ রনি। গোলটি হলে হয়তো শেষ পর্যন্ত ড্র নিয়ে হাসিমুখেই মাঠ ছাড়তে পারত শেখ রাসেল।
ঘরোয়া লিগে ছয় ম্যাচের পাঁচটিই হার। একটি ড্র। ভুটানের দুই ম্যাচে এক হার এক ড্র। দুঃসময় পিছু ছাড়ছেই না শেখ রাসেলের।