এএফসি কাপ নিয়ে সমস্যায় শেখ জামাল
দলবদল না পেছালে খেলা বর্জন—এমন অবস্থান নিয়ে সমস্যায়ই পড়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগ চ্যাম্পিয়ন দলটির সামনে যে এখন এএফসি কাপের ডাক। দলবদল পেছালে এএফসি কাপের জন্য তারা নতুন দল কীভাবে গড়বে তা এখন প্রশ্নবিদ্ধ। এএফসি কাপের বাছাইপর্ব ২৩ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১১ মে পর্যন্ত।
এই প্রতিযোগিতার প্লে-অফ পর্বটা শেখ জামাল পেরিয়েছে গত আগস্টে। কিরগিজস্তানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টিকিট তুলেছে চূড়ান্ত পর্বের। কাল কুয়ালালামপুরে হয়ে যাওয়া চূড়ান্ত পর্বের ড্র হয়েছে। তাতে ‘ই’ গ্রুপে শেখ জামাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মালয়েশিয়ার সেলাঙ্গর, ফিলিপাইনের সেরেস ও সিঙ্গাপুরের টেম্পাইনস রোভার্সকে। শেখ জামালের জন্য একেবারেই কঠিন মিশন হওয়ার কথা নয়। গ্রুপের চার দলই কাছাকাছি শক্তির। তবে সব ছাপিয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ছয়টি ম্যাচ পাওয়া শেখ জামালের জন্য বড় প্রাপ্তি।
কিন্তু বড় প্রশ্ন, শেখ জামাল খেলবে তো? ক্লাবটির সভাপতি মনজুর কাদেরের সাম্প্রতিক নানা বক্তব্যে এমন সংশয়টা জাগা স্বাভাবিক। বাফুফের সঙ্গে শেখ জামালের সম্পর্কটা এখন বেশ শীতল, তারই জেরে এ মাসেই শুরু দলবদল পিছিয়ে আগস্টে নেওয়ার দাবি জানিয়েছে দলটি। এই দাবি মানা হলে ফুটবলের চলমান ধারায় ছেদ পড়বে। কিন্তু বাফুফে বলছে দলবদল পেছানো হবে না। শেখ জামাল না খেললে সেটা তাদের ব্যাপার।
মনজুর কাদের অবশ্য এএফসি কাপে খেলা নিয়ে সংশয়টা দূরই করে দিলেন। কাল তাঁকে একটু নমনীয়ও লাগল, ‘আমরা এএফসি কাপে খেলব। বর্তমানে আমাদের যে দলটা আছে, সেটিকেই আরেকটু ভালোভাবে গুছিয়ে নিতে চাই।’ কিন্তু লিগে চ্যাম্পিয়ন হওয়া দলটাকে শেখ জামাল আর রাখতে পারবে কি না ঘোর সংশয় আছে। দলটির অনেক খেলোয়াড়ই এরই মধ্যে পর্দার আড়ালে অন্য দলে নাম লিখিয়ে ফেলেছেন। এক বছরের চুক্তি শেষে খেলোয়াড়েরা এখন মুক্তই বলা যায়। শেখ জামালের চ্যাম্পিয়ন রূপটা আর থাকছে না।
ঠিক এখানেই ‘দেশের স্বার্থ’কে সামনে আনছেন মনজুর কাদের, ‘এর আগে আমরা নেপালের পোখরা কাপ, ভুটানের কিংস কাপ জিতেছি। আইএফএ শিল্ডে দুর্দান্ত খেলেছি। সেই ধারাবাহিকতা রাখতে আমরা চ্যাম্পিয়ন দল নিয়ে যেতে চাই। আশা করি আমাদের ব্যাপারটা জাতীয় স্বার্থ হিসেবে দেখা হবে।’
কিন্তু দলবদল না করলে দল গড়বেন কীভাবে? কাদের পুরোনো দাবিটা তুললেন আবারও, ‘দলবদল করব, তবে লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদীর পদত্যাগ চাই।’ সালাম পদত্যাগ করবেন না, এটাই বাফুফের সিদ্ধান্ত। বাফুফে-শেখ জামাল দ্বন্দ্ব অবসানেরও তাই কোনো আভাস নেই।