এএফসি কাপে অবশেষে শেখ জামালের জয়

এএফসি কাপে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সম্মানের লড়াই ছিল এটি। সিঙ্গাপুরের টেম্পাইনস রোভার্স যেকোনো বিচারেই বাংলাদেশের চ্যাম্পিয়নদের চেয়ে শক্তিশালী দল। কিন্তু শেখ জামালও প্রত্যয়ী ছিল ভালো কিছু করার। কোচ শফিকুল ইসলাম মানিকও বলেছিলেন আর কিছু না পারেন, অন্তত একটি পয়েন্টের জন্য লড়বে তাঁর ছেলেরা। কিন্তু আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামাল দারুণ খেলেই টেম্পাইনসকে হারিয়েছে ৩-২ গোলে।
নিজেদের গ্রুপে এ টুর্নামেন্টের এর আগে চারটি ম্যাচের একটিতেও জিততে পারেনি শেখ জামাল। দুটি ম্যাচে তো নিজেদের দোষেই হারতে হয়েছে। এই টেম্পাইনসের বিপক্ষেই সিঙ্গাপুরে ৪-০ গোলে হেরেছিল শেখ জামাল। আজকের ম্যাচে জয়টাকে তাই বড় সাফল্য বলতেই হবে।
দারুণ খেলেছেন শেখ জামালের তিন বিদেশি ওয়েডসন, এমেকা ও ল্যান্ডিং। সঙ্গে ছিলেন জুয়েল রানা। খেলোয়াড় সংকটের কারণে আবাহনী থেকে ধার করে নিয়ে এসে মাঠে নামানো জুয়েল আজ জামালের আক্রমণের শক্তি বাড়িয়ে দিয়েছিলেন অনেকটাই। ডান দিকে জুয়েল, বাঁয়ে এমেকা টেম্পাইনসের রক্ষণে আতঙ্ক ছড়িয়েছেন বারবারই। শেখ রাসেল থেকে ধারে আসা মোনায়েম খান রাজুও ভালো খেলেছেন। মাঝমাঠে পরিশ্রমী ফুটবল খেলেছেন এনামুল হকও। শেখ জামালের দুটি গোলের উৎসে ছিলেন জুয়েল রানা।
খেলার ২০ মিনিটের মাথায় দারুণ একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে গোল করে এগিয়ে যায় শেখ জামাল। গোলের ঠিক আগমুহূর্তে অবশ্য জুয়েলের ক্রস থেকে ওয়েডসনের শট ক্রসবারে লেগে ফেরত আসে। এর পরপরই ল্যান্ডিং বুদ্ধিমত্তার সঙ্গে গোল করে দলকে এগিয়ে দেন।
এগিয়ে যাওয়ার পর লিডটাকে বাড়িয়ে নেওয়ার সুযোগ এসেছিল শেখ জামালের সামনে কিন্তু এমেকা-ল্যান্ডিংরা সে সুযোগ কাজে লাগাতে পারেননি। ৪৪ মিনিটের সময় মোনায়েম রাজুর ক্রস থেকে জুয়েলের দারুণ হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৪৫ মিনিটে ম্যাচে সমতা ফিরিয়ে নিয়ে আসে টেম্পাইনস।
টেম্পাইনসের গোলটি ছিল চমৎকার। জার্মেই প্যানেন্টের বাঁকানো কর্নারটিতে মাথা ছুঁইয়ে গোল করেন মুস্তাফিজ ফাহরুদিন। এই গোলটির জন্য জামালের রক্ষণ নিজেদের দায় এড়াতে পারে না। তপু বর্মণ, কেষ্ট কুমারদের চোখ এড়িয়ে ফাহরুদিন ঠিকই পৌঁছে গিয়েছিলেন ঠিক জায়গাটিতে।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় শেখ জামাল। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জামালকে ২-১ গোলে এগিয়ে নেন এমেকা।
৭৫ মিনিটে অবশ্য জামাল গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলের অমার্জনীয় ভুলে ম্যাচে আবারও সমতা ফিরিয়ে আনে টেম্পাইনস। নিরীহ একটি ক্রস হিমেল গ্রিপে নিতে ব্যর্থ হলে সুযোগের সদ্ব্যবহার করেন বিলি মেহমেইট।
দুবার এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে না পারার আক্ষেপে যখন পুড়ছে শেখ জামাল, ঠিক তখনই বঙ্গবন্ধু স্টেডিয়ামে উপস্থিত স্বল্পসংখ্যক দর্শককে উচ্ছ্বাসে ভাসান ল্যান্ডিং। প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে ম্যাচের সেরা জুয়েল রানা থ্রু বাড়ান ওয়েডসনের কাছে। ওয়েডসন টেম্পাইনস ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল ঠেলে দেন ল্যান্ডিংয়ের কাছে। বল পেয়ে ল্যান্ডিং আর ভুল করেননি। টেম্পাইনসের গোলরক্ষক ইজওয়ান বিন মাহবুদকে ফাঁকি দিয়ে সোজা বল ঠেলে দেন জালে।
ম্যাচ শেষে জয়ের আনন্দের মধ্যেই সবার মুখে ছিল আক্ষেপ। এএফসি কাপে চূড়ান্তপর্বের আগের চারটি ম্যাচের তিনটিতেই শেখ জামালের হার ছিল খামখেয়ালিপূর্ণ। আজকের জয়টা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, এএফসি কাপে দুর্দান্ত এক সাফল্যের সুযোগটা হেলাতেই হারিয়েছে শেখ জামাল।