এএফসি কাপে আইজলের সঙ্গে ড্র করেছে আবাহনী

>
- আইজল এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আবাহনী
- প্রথম পর্বে এই দলকেই ৩-০ গোলে হারিয়েছিল আবাহনী
‘আবাহনী লিমিটেড কি নিজেদের মাঠে খেলল?’—এই প্রশ্নের মধ্যেই তো পুরো ম্যাচের চিত্র।
হাতের তালুর মতো চেনা মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীকে আজ সেভাবে খুঁজে পাওয়া গেল কোথায়! ভারতের আই লিগ চ্যাম্পিয়ন আইজল এফসির বিপক্ষে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে আবাহনী। দুবার বল পোস্টে লেগে ফিরে আসাটা এই ম্যাচে আবাহনীর জয় না পাওয়ার আক্ষেপ হয়ে রইল।
প্রথমার্ধের ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবাহনীকে এগিয়ে নিয়েছিলেন এমেকা ডার্লিংটন। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে স্লোভাকিয়ান আন্দ্রের গোলে সমতায় ফেরে অতিথিরা। ম্যাচ শেষে স্কোর বোর্ডে ১-১ গোলের সমতা।
অথচ ‘অ্যাওয়ে ম্যাচ’-এ আইজলের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছিল আবাহনী। ঘরের মাঠে সে আইজলের তো আবাহনীর সামনে উড়ে যাওয়ার কথা! কিন্তু কিসের কী, আকাশি-হলুদদের খেলা দেখে মনে হলো আগের ম্যাচের বড় জয়টি ছিল স্রেফ একটা অঘটন। তা না হলে ফিরতি পর্বে এসে মিজোরামের তরুণদের গতির সঙ্গে তাঁরা কীভাবে কুলিয়ে উঠতে পারল না? বল দখলের লড়াই থেকে শুরু করে গোলের সুযোগ তৈরি করা, সবকিছুতেই অনেক পিছিয়ে ছিল আবাহনী।
আইজলের মাপুইয়া, আলফ্রেড ও দোদোজ ত্রয়ীর সামনে আবাহনীর রক্ষণভাগকে মনে হয়েছে বড়ই ঠুনকো। তাঁদের সামনে হোল্ডিং মিডফিল্ডার ফাহাদও নিষ্প্রভ। ফলে আইজলের খেলোয়াড়েরা আবাহনীর বক্সে ঢুকেছেন ইচ্ছেমতো। শুধু গোলমুখে গিয়ে ফিনিশিংয়ে ব্যর্থ হওয়ায় আবাহনীর রক্ষা।
৬ মিনিটেই এগিয়ে যেতে পারত আইজল। আইভরি কোস্টের স্ট্রাইকার দোদোজ গোলমুখে বল নিয়ন্ত্রণে নিয়ে অনেক সময় পেলেও আবাহনীর গোলরক্ষক সোহেলের কোনো পরীক্ষা নিতে পারেননি। ২০ মিনিট পর গোললাইন থেকে বল ‘ক্লিয়ার’ করেছেন এলিসন উদোকা। কর্নার থেকে আসা বলকে গোলপোস্ট ছেড়ে এসে ‘গ্রিপ’ করতে পারেননি গোলরক্ষক সোহেল। ফিরতি বলে শট নিয়েছিলেন আইজল অধিনায়ক আলফ্রেড। ভাগ্যিস গোলমুখে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন উদোকা। এর আগে অবশ্য ক্রসবারে লেগে বল ফিরে আসায় গোলবঞ্চিত হয় আবাহনী। সানডের ফ্রি-কিক আইজল গোলরক্ষকের হাতের ছোঁয়ায় পোস্টে লেগে ফিরে আসে।
আইজলের স্থানীয় তরুণ ও বিদেশিদের দাপটে আবাহনীর যখন স্যান্ডউইচের মতো চ্যাপ্টা হয়ে যাওয়ার অবস্থা, ঠিক তখনই এমেকাকে ফাউল করলে পেনাল্টি পায় আবাহনী। স্পটকিক থেকে আবাহনীকে এগিয়ে নিয়েছেন এমেকাই। এই ম্যাচে আবাহনীর দাপট বলতে ওই পর্যন্তই।
আগের ম্যাচে আবাহনীর ‘ইঞ্জিন রুম’ ছিলেন জাপানি সেইয়া কোজিমা। আজ তো মনে হয়েছে সেই জাপানি ‘ইঞ্জিন’ একেবারেই নড়বড়ে। তার প্রভাব পড়েছে পুরো দলের খেলায়। এতে বলের নিয়ন্ত্রণে একেবারেই পিছিয়ে ছিল আকাশি-নীলরা। শেষের ১০ মিনিটেই কেবল মনে হয়েছে, এই আবাহনী আগের ম্যাচে ৩-০ গোলে জিতেছিল।
২০১৬-১৭ মৌসুমের চ্যাম্পিয়ন হিসেবে এএফসি কাপে খেলার সুযোগ পায় আইজল। কিন্তু ২০১৭-১৮ মৌসুমেই দলটি পরিণত হয় ভাঙা হাটে। ফলস্বরূপ এবার লিগ শেষ করেছে তারা পঞ্চম স্থানে থেকে। এএফসি কাপে আজই তাঁরা প্রথম পয়েন্ট পেল। আর আবাহনীর ৪ ম্যাচে ৪ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তাদের ওপরে আছে বেঙ্গালুরু এফসি ও নিউ রেডিয়ান্ট।