এএফসি কাপের প্লে-অফে খেলার স্বপ্ন ধূসর হচ্ছে আবাহনীর

শেষ মুহূর্তের হতাশা আবাহনীরছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগের শিরোপার মীমাংসা হয়েছে গত সপ্তাহে। অবশ্য সে লড়াই থেকে ঢাকা আবাহনী ছিটকে গেছে বেশ আগেই। সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে আজ ৩-২ গোলে হেরে আগামী মৌসুমের এএফসি কাপের প্লে-অফে খেলার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে আবাহনীর। প্রিমিয়ার লিগে রানার্সআপ হওয়ার দৌড়েও পিছিয়ে পড়ছে আকাশি–নীলরা। লিগে রানার্সআপ না হতে পারলে এএফসি কাপের প্লে-অফে খেলার সুযোগও মিলবে না আবাহনীর।

সাইফ স্পোর্টিংয়ের হয়ে দুই গোল করেছেন কেনেথ ইকেচুকু। অন্য গোলটি জন ওকোলির। আর আবাহনীর বেলফোর্ট ও জুয়েল করেছেন দুটি গোল।

ওকোলির উল্লাস
ছবি: প্রথম আলো

এবারের লিগে এটি আবাহনীর তৃতীয় হার। এর আগে বসুন্ধরা কিংস ও মুক্তিযোদ্ধার কাছে হেরেছিল আবাহনী। স্টুয়ার্ট হলকে বিদায় করে দেওয়ার পর সাইফ স্পোর্টিংয়ের ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে থাকা জুলফিকার মাহমুদ আজ পেলেন টানা দ্বিতীয় জয়।
বঙ্গবন্ধু স্টেডিয়ামের এমন কাদাভরা মাঠে এমনিতেই ভালো ফুটবল উপহার দেওয়া একেবারে অসম্ভব। এমন মাঠে ফুটবল খেলতে বাধ্য করা যেন এক অর্থে ফুটবলারদের ‘শাস্তি’ দেওয়া। দুই দলেরই অসাধারণ কিছু আক্রমণের ‘সমাধি’ ঘটেছে বারবার কাদায় বল আটকে গিয়ে।

আগের ম্যাচে আরামবাগকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল আবাহনী। জুয়েল রানা করেছিলেন হ্যাটট্রিক। কিন্তু আজ জুয়েল, আর বেলফোর্ট মিলে গোল মিসের মহড়ায় নেমেছিলেন। তবে আক্রমণের বড় ভরসা সানডের অভাবটা আজ ভালোভাবে টের পেয়েছে আবাহনী। আগের ম্যাচে খেলতে গিয়ে মাথায় চোট পাওয়া সানডে মাঠে নামতে পারেননি। তাই আক্রমণে একটা অপূর্ণতা ছিল আবাহনীর।

দুই গোল করেছেন ইকেচুকু (বাঁয়ে)
ছবি: প্রথম আলো

প্রথমার্ধে আবাহনী আক্রমণের পর আক্রমণ করেছে। সাইফের গোলরক্ষক পাপ্পু হোসেন নিশ্চিত দুটো গোল ঠেকিয়ে দেন। ৩৭ মিনিটে ফাঁকায় বল পেয়েও জুয়েল বল মারেন বাইরে! ৪১ মিনিটে রায়হানের থ্রো থেকে বল পেয়ে মাসিহ সাইঘানি দুর্দান্ত এক হেড করেন। কিন্তু সাইফ স্পোর্টিংয়ের ডিফেন্ডার ইম্যানুয়েল আরিয়াচুকু গোললাইন থেকে হেডে গোল বঞ্চিত করেন আবাহনীকে।

প্রথমার্ধে বেশির ভাগ সময় বল দখলে ছিল আবাহনীর। অথচ ধারার বিপরীতে গোল খেয়ে বসে তারাই।

ম্যাচের ৪৩ মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল করেন কেনেথ ইকেচুকু। জন ওকোলির বাড়িয়ে দেওয়া বলে ইকেচুকু আলতো টোকায় করেন ১-০। বিরতিতে যাওয়ার ঠিক আগে জন ওকোলির ২৫ গজ দূর থেকে নেওয়া দূরপাল্লার শটে স্কোর ২-০ হয়।
৬৯ মিনিটে ৩-০ করতে পারত সাইফ। কিন্তু ইকেচুকুর ৩০ গজ দূর থেকে নেওয়া শট দুর্ভাগ্যক্রমে সাইপপোস্টে লেগে ফেরে। গোল শোধে মরিয়া আবাহনী শেষ পর্যন্ত খেলায় ফেরে পরপর দুই মিনিটে দুটি গোল করে।

আগের ম্যাচের ফর্ম খুঁজে পায়নি আবাহনী
ছবি: প্রথম আলো

ম্যাচের ৭৭ মিনিটে সোহেলের ক্রস থেকে বেলফোর্টের হেড প্রথম চেষ্টায় গোলকিপার পাপ্পু ঠেকিয়ে দেন। কিন্তু ফিরতি শটে বেলফোর্ট জালে জড়ান বল (২-১)। আর ৭৮ মিনিটে দীপক রায়ের পাস থেকে জুয়েল রানা করেছেন ২-২।

ম্যাচের নাটকীয়তা তখনো বাকি ছিল। ৮১ মিনিটে বদলি ফুটবলার ফয়সাল আহমেদ ফাহিম ভয়ংকর গতিতে বক্সে ঢুকেই বল বাড়িয়ে দেন ইকেচুকুর কাছে। আলতো টোকায় ইকেচুকু সাইফের জয় এনে দেওয়া গোলটি এনে দেন। আবাহনীর ডিফেন্ডাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন এই গোল হজম।

এর আগে লিগের প্রথম পর্বে আবাহনী ২-০ গোলে হারিয়েছিল সাইফ স্পোর্টিংকে।
২১ ম্যাচে ১১ জয় ৭ ড্র ও ৩ হারে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আবাহনী। ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়ার স্বপ্ন দেখছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ওদিকে ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ছয়ে সাইফ। ৫৮ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের।