এএফসি কাপের মঞ্চে আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৭ সালের এএফসি কাপে খেলবে ঢাকা আবাহনী লিমিটেড। লিগ চ্যাম্পিয়ন দলই সাধারণত এই টুর্নামেন্টে সুযোগ পায়, কিন্তু বাংলাদেশে ২০১৬ সালের লিগ এখনো শেষ না হওয়ায় ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হিসেবেই সুযোগটা পেয়েছে আবাহনী।
পরশু ২০১৭ এএফসি কাপের ড্রয়ে আবাহনীর গ্রুপে পড়েছে আরও তিনটি দল। একটি মালদ্বীপের লিগ চ্যাম্পিয়ন মাজিয়া এসঅ্যান্ডআর। বাকি দুটি এখনো চূড়ান্ত হয়নি।
ভারতের বেঙ্গালুরু এফসির নাম আছে আবাহনীর গ্রুপে। তবে গত বছর এএফসি কাপে রানার্সআপ এই দল আইএসএলে নিজেদের শেষ দুটি ম্যাচে জিতলে উঠে যেতে পারে এএফসি চ্যাম্পিয়নস লিগে। সে ক্ষেত্রে তাদের জায়গায় সুযোগ পাবে ইস্টবেঙ্গল। চতুর্থ দলটি আসবে কলম্বো এফসি, মোহনবাগান, থিম্পু সিটি, মালদ্বীপের রানার্সআপ ভ্যালেন্সিয়ার মধ্য থেকে। এই চার দলের মধ্যে নকআউট খেলা আছে ৩১ জানুয়ারি ও ৭ ফেব্রুয়ারি।
১৪ মার্চ ঢাকায় আবাহনীর প্রথম ম্যাচ মালদ্বীপের লিগ চ্যাম্পিয়নের সঙ্গে। ৪ এপ্রিল দ্বিতীয় ম্যাচের (অ্যাওয়ে) প্রতিপক্ষ বাছাই খেলে আসা চতুর্থ দল। ১৮ এপ্রিল বেঙ্গালুরু বা ইস্টবেঙ্গল, এটিও অ্যাওয়ে ম্যাচ। ৩ মে বেঙ্গালুরু বা ইস্টবেঙ্গলের সঙ্গে হোম। ১৭ মে মাজিয়ার সঙ্গে অ্যাওয়ে। ৩১ মে শেষ হোম ম্যাচ।
২০১৫ সালের চ্যাম্পিয়ন হিসেবে সুযোগ থাকলেও এ বছর এএফসি কাপে নিবন্ধন করেনি শেখ জামাল। তাই ২৪ হাজার ডলার জরিমানা গুনতে হয়েছে দলটিকে। আবাহনী অবশ্য গুরুত্বসহকারেই নিচ্ছে এই টুর্নামেন্টকে। এটি তাদের প্রথম এএফসি কাপ। এর আগে আবাহনী চারটি এএফসি প্রেসিডেন্ট কাপে খেলে বাছাইপর্ব উতরাতে পারেনি।
মালয়েশিয়ায় ড্র শেষে দেশে ফিরে ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু কাল বললেন, ‘এবার আমরা ভালো প্রস্তুতি নিয়ে খেলতে চাই। এটা আমাদের কাছে দেশের ফুটবলকে তুলে ধরার বড় এক সুযোগ।’