এএফসি থেকে ৪৮ লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বসুন্ধরা কিংস
অবশেষে এএফসির কাছ থেকে ক্ষতিপূরণ পেতে যাচ্ছে বসুন্ধরা কিংস। এএফসি কাপের মূল পর্বে খেলার উদ্দেশে মালদ্বীপে রওনা হওয়ার জন্য তৈরি হয়েও শেষ পর্যন্ত গত ৯ মে যেতে পারেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা। বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগ মুহূর্তে বসুন্ধরা কিংসকে এএফসি জানিয়ে দেয়, অনিবার্য কারণে খেলা স্থগিত। সেই সময় খেলা না হওয়ায় বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে অনেক টাকা খরচ হয়েছিল বসুন্ধরার।
সেই ঘটনার পর স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছিল বসুন্ধরা কিংস। ক্লাবটি এএফসির কাছে কড়া ভাষায় চিঠি দিয়ে নিজেদের চ্যাম্পিয়ন দাবি করার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি জানিয়েছিল। সেই চিঠির তিন মাস পর অবশেষে বিষয়টার সুরাহা করেছে এএফসি। বসুন্ধরা কিংসের বিমানভাড়া, হোটেল খরচসহ আনুষঙ্গিক যেসব খরচ হয়েছে সেগুলো বাবদ এএফসি তাদের দিচ্ছে ৫৭ হাজার ১৫৭ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৪৮ লাখ ৪৫ হাজার টাকা)।
কয়েক মাস আগে এএফসি বসুন্ধরার কাছে তাদের মালদ্বীপ সফরের খরচের বিষয়াদি জানতে চেয়েছিল। সেখানকার হোটেলের ভাড়ার খরচ এবং বিমান টিকিটের ভাউচার এরপর এএফসিকে দেয় বসুন্ধরা কিংস।
মালদ্বীপের ওই টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর আবারও এএফসি জুনে খেলার নতুন সূচি দিয়েছিল। তবে সেই সূচিও বদল হয়েছিল। এবার নতুন করে সূচি ঘোষণার পর ১২ আগস্ট বসুন্ধরা কিংস রওনা দেয় মালদ্বীপে। আজ বাংলাদেশ সময় রাত ১০টায় মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বসুন্ধরার এবারের এএফসি অভিযান।
গত মৌসুমে বাতিল হওয়া এএফসির টুর্নামেন্টে মাত্র একটা ম্যাচই খেলতে পেরেছিল বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওই ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারিয়েছিল অস্কার ব্রুজোনের দল।