এএফসির কড়া নজরে বাফুফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাতানো খেলা বন্ধে অনেক দিন ধরেই কঠোর অবস্থানে ফিফা-এএফসি। পাতানো খেলা নিয়ে বাংলাদেশের ওপরও কড়া নজরদারি রয়েছে এএফসির। এতটাই যে, বাংলাদেশে ম্যাচ পাতানোর জন্য শাস্তি পাওয়া এক সংগঠককে গোটা এশিয়ায় নিষিদ্ধ করেছে মহাদেশীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি।
মাস কয়েক আগে পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে ওয়ারী-ফরাশগঞ্জ ম্যাচটি পাতানো ছিল বলে প্রমাণিত হয়। তারই জেরে বাফুফে ঘরোয়া ফুটবলে এক বছর নিষিদ্ধ করে ওয়ারীর যুগ্ম সম্পাদক মহিদুর রহমানকে (মিরাজ)। শাস্তির মেয়াদ শেষ হবে আগামী ২৫ আগস্ট।
বাফুফের দাবি, বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে বিষয়টা নিয়ে জানতে চায় এএফসি। একই সঙ্গে এ-সংক্রান্ত চিঠিপত্র বাফুফেকে ইংরেজিতে অনুবাদ করে পাঠাতে বলে। সব পরীক্ষা-নিরীক্ষা করে মহিদুরকে বাফুফের দেওয়া এক বছর নিষেধাজ্ঞার শাস্তিটা বহাল রেখেছে এএফসি। তবে শুধু বাংলাদেশ নয়, এশিয়ার ৪৭টি দেশে তাঁকে এক বছর নিষিদ্ধ করে কাল বাফুফেকে চিঠি দিয়েছে এএফসি। অবশ্য এক হাজার ডলার জমা দিয়ে মহিদুর এই সাজার বিরুদ্ধে এএফসির কাছে আপিল করতে পারবেন।
বাংলাদেশের কোনো সংগঠক দেশের গণ্ডি ছাড়িয়ে এমন শাস্তি আগে কখনো পাননি। এএফসি এটাও বলে দিয়েছে, বাফুফে চাইলে সারা বিশ্বেই মহিদুরকে নিষিদ্ধ করার সুপারিশ করতে পারে ফিফার কাছে।
মহিদুর এএফসির কাছে শাস্তি কমানো বা বাতিলের আবেদন করবেন কি না চিঠি পেলে ভেবে দেখবেন। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ উড়িয়ে বরং ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছেন। যোগাযোগ করা হলে মহিদুর বললেন, ‘বাফুফের নির্বাহী কমিটির নির্বাচন করেছিলাম বলে কারও কারও রোষানলে পড়েছি আমি। তাই আমাকে হেয় করতে এবং প্রতিহিংসার বশে কেউ কেউ ষড়যন্ত্র করে এই শাস্তি আরোপ করেছে। এটা অগ্রহণযোগ্য।’
ঘটনা যা-ই হোক, পাতানো খেলা নিয়ে ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলো কতটা শক্ত অবস্থান নিয়েছে, এ থেকেই তা পরিষ্কার। এএফসি আর সব দেশের মতো বাফুফেকেও বাধ্য করেছে শুধুই পাতানো খেলা-সংক্রান্ত সব দিক দেখার জন্য একজন ‘ইন্টেগ্রিটি অফিসার’ নিয়োগ দিতে। যাঁর কাছ থেকে যেকোনো সময় পাতানো খেলার বিষয়ে জানতে চাইবে এএফসি। ওই কর্মকর্তার জন্য এএফসিতে বিশেষ প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে।
এএফসির তৎপরতায় বাফুফে নড়েচড়ে বসতে বাধ্য হচ্ছে। ম্যাচ গড়াপেটার অভিযোগ পেলে ব্যবস্থাও নিচ্ছে। সবচেয়ে বড় উদাহরণ শেখ জামাল ধানমন্ডি। পাতানো খেলার অভিযোগে দেশের অন্যতম শীর্ষ এই দলটিকে গুনতে হয়েছে আর্থিক জরিমানা। সেটিরই শুভ ফল কি না, গত মৌসুমে প্রিমিয়ার লিগে পাতানো খেলার অভিযোগ ওঠেনি। কিন্তু নিচের স্তরে অভিযোগ আছেই। এটা বন্ধ হচ্ছে না। এমনও শোনা যায়, পাইনিওয়ার লিগে নাকি ৫০০ টাকায়ও পাতানো খেলা হয়!
পাতানো খেলা বন্ধে বাফুফের নিচের স্তরের লিগগুলোয় কঠোর নীতিমালা না থাকাই এর কারণ মনে করছেন অনেকে। একেক লিগের জন্য একেক রকম বাইলজ। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগে পাতানো প্রমাণিত হলে ম্যাচের ৩ পয়েন্ট এবং অর্জিত পয়েন্ট থেকে আরও ৬ পয়েন্ট কর্তনের নিয়ম আছে এখন। কিন্তু সিনিয়র ডিভিশনে অর্জিত পয়েন্ট থেকে কর্তন হয় মাত্র ১ পয়েন্ট। তার মানে পাতানো খেলে হারা দলের জরিমানা মাত্র ১ পয়েন্ট! সিনিয়র ডিভিশনে গোটা তিনেক পাতানো খেলার অভিযোগ বাফুফের দপ্তরে। প্রমাণিত হলে শাস্তি কী হবে বলাই বাহুল্য।
আগামী বছর নিচের দিকের লিগেও কঠোর শাস্তি দেওয়ার নিয়ম চালু হবে, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ দিলেন এমন প্রতিশ্রুতি। এএফসি যেভাবে কঠোর অবস্থান নিয়েছে, বাফুফের দ্বিগুণ সক্রিয় না হয়ে তো উপায় নেই!