ইউরোয় স্কটল্যান্ডের বিপক্ষে গোল পায়নি ইংল্যান্ড। গোলশুন্য এই ম্যাচের পর কোপা আমেরিকায় চিলির জয় দেখে ইংলিশ সমর্থকদের বেন বেরেটনের জন্য মন খারাপ হতে পারে।
২০১৭ অনূর্ধ-১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রিচি জেমস, ম্যাসন মাউন্টদের সতীর্থ ছিলেন তিনি, ইংল্যান্ডের হয়ে জিতেছেন শিরোপাও। যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়াটা ছিল সোনায় সোহাগা। কিন্তু মাউন্ট, জেমসরা ইংল্যান্ড দলে খেললেও সেই বেরেটন এখন কোথায়!
মাউন্ট-জেমসরা স্কটল্যান্ডের বিপক্ষে গোল পেতে মাথা কুটে মরার কিছুক্ষণ পর মাঠে নেমেছিলেন বেরেটন। পেয়েছেন গোলের দেখাও। তাঁর গোলে কোপা আমেরিকায় বলিভিয়াকে ১-০ গোলে হারিয়েছে চিলি।
অর্থাৎ, ইংল্যান্ড জাতীয় দলের গোল না পাওয়ার রাতে এক ইংরেজ বংশোদ্ভুত কি না, গোল করলেন অন্য মহাদেশের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায়!
এই জয়ে 'এ' গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল চিলি। তবে আজ বাংলাদেশ সময় ভোরে একই গ্রুপ থেকে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা জিতলে শীর্ষস্থানের রদবদল হতে পারে।
আর্জেন্টিনার বিপক্ষে আগের ম্যাচে (১-১ গোলে ড্র) চিলির হয়ে বেঞ্চ থেকে অভিষেক ঘটে বেরেটনের। আজ মূল একাদশের হয়ে অভিষেকেই ম্যাচের ১০ মিনিটে গোলের দেখা পান তিনি।
ডান প্রান্ত থেকে আসা বড় পাস ধরে বলিভিয়ার ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ প্রান্তে ক্রস বাড়ান চিলি ফরোয়ার্ড এদুয়ার্দো ভার্হাস। বাঁ প্রান্ত থেকে তীব্র বেগে ছুটে আসা বেরেটন দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে নেওয়া শটে গোল করেন।
প্রথমার্ধে বলিভিয়া গোলকিপার কার্লোস লাম্পের বেশ কঠিন সময় কেটেছে। কমপক্ষে চারটি সেভ করেন তিনি। চিলির তারকা মিডফিল্ডার আরতুরো ভিদালের তুলনায় আক্রমণভাগে মেনেচেস, ভার্হাস ও বেরেটন বেশি ভীতিকর ছিলেন বলিভিয়ান রক্ষণের জন্য। প্রথমার্ধে চিলির গোলপোস্টে একটি শট রাখতে পেরেছে বলিভিয়া।
বিরতির পর বলিভিয়া আক্রমণের চেষ্টা করলেও চিলির আঁটসাঁট রক্ষণের সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি। ৬৯ মিনিটে ভিদালকে তুলে কাদিজের রক্ষণভাগের খেলোয়াড় টমাস আলার্কনকে মাঠে নামান চিলি কোচ মার্টিন লাসার্তে।
মাঠ ছাড়ার সময় ভিদালের চোখেমুখে ক্ষোভটা ছিল স্পষ্ট। তবে আলার্কনকে নামানোয় রক্ষণভাগ শক্ত হওয়ার সুবিধাও পেয়েছে চিলি। বলিভিয়ান আক্রমণ চিলির রক্ষণভাগে এসে থমকে গেছে বার বার।
বেরেটনের বাবা ইংরেজ, মায়ের জন্ম চিলিতে। মায়ের জন্মসূত্রে চিলি জাতীয় দলে খেলার ডাক পান ২২ বছর বয়সী এ স্ট্রাইকার।
বেরেটনের বাবা ইংরেজ। মায়ের জন্ম চিলিতে। মায়ের জন্মসূত্রে তিনি চিলি জাতীয় দলে খেলার ডাক পান। অল্প বয়সে তাঁর মা আন্দ্রেয়া ইংল্যান্ডে চলে আসেন কাজের জন্য।
সেখানে পুলিশবিভাগে কর্মরত মার্টিনের সঙ্গে পরিচয় থেকে প্রণয়। মার্টিন ইংল্যান্ডের ডিস্ট্রিক্ট ফুটবল লিগেও খেলতেন। ১৯৯৯ সালে ইংল্যান্ডে স্টোক-অন-টেন্টে বেরেটনের জন্ম।
স্টোক সিটির বয়সভিত্তিক দলে বেড়ে উঠেছেন বেরেটন। ইংলিশ প্রিমিয়ার লিগে থাকতে ১৬ বছর বয়সী বেরেটনকে ছেড়ে দেয় তারা। নটিংহাম ফরেস্ট ঘুরে ২০১৯ সালে তিনি যোগ দেন দ্বিতীয় বিভাগের দল রোভার্সে।
বিশ্বকাপ বাছাইয়ে চিলি দলে ডাক পেলেও মাঠে নামার সুযোগ পাননি। বলিভিয়ার বিপক্ষে প্রতি আক্রমণে ১৫ গজ দূর থেকে নেওয়া শটের গোলটি বেরেটন নিজেই হয়তো অনেক দিন মনে রাখবেন।