এক ক্যানসারজয়ীই ফাইনালে ইতালির বড় প্রেরণা
ইতালির ডাগআউটে ন্যাড়া মাথার কাউকে খেয়াল করেছেন? ওই যে ওয়েম্বলিতে অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে গোলের পর ডাগআউট থেকে শিশুর মতো দৌড়ে এসে জড়িয়ে ধরলেন কোচ রবার্তো মানচিনিকে। কেবল অস্ট্রিয়া কেন, ইতালির প্রতিটি ম্যাচেই এ ন্যাড়া মাথা লোকটির সারল্যমাখা মুখ চোখে পড়বে ফুটবলপ্রেমীদের। তিনি কিন্তু যেনতেন কেউ নন—ইতালীয় ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার জিয়ানলুকা ভিয়াল্লি!
ফুটবলপ্রেমী আগের প্রজন্মের কাছে ভিয়াল্লি নামটা খুব পরিচিত। একসময় ইতালির নীল জার্সিতে প্রতিপক্ষের রক্ষণে ত্রাসের সৃষ্টি করতেন। একটু খ্যাপাটে ধরনের অবয়ব নিয়ে খেলতেন। এলোমেলো কোঁকড়া চুল, পায়ের মোজা গুটিয়ে রাখতেন, ধূর্ততার সঙ্গে বল ধরে সুযোগ খুঁজতেন সুযোগের সদ্ব্যবহারে।
আশির দশকের মাঝামাঝি সময় থেকে নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে আজকের কোচ রবার্তো মানচিনির সঙ্গে দারুণ জুটি গড়ে তুলেছিলেন ইতালি দলে। ‘যমজ গোলদাতা’ হিসেবেও পরিচিতি পেয়েছিলেন তাঁরা। সেই যমজ গোলদাতারা এখন কিয়েলিনি–কিয়েসা–বনুচ্চি–ইনসিনিয়ে–ইম্মোবিলদের অভিভাবক। দুজন একসঙ্গে তৈরি করছেন প্রতিপক্ষ বধের নানা ছক।
রবার্তো মানচিনি আর জিয়ানলুকা ভিয়াল্লি—একজন ইতালির কোচ, অন্যজন সহকারী কোচ। দুজন দীর্ঘদিন জাতীয় দল আর ক্লাব সাম্পদোরিয়ার হয়ে খেলেছেন। দুজনই খুব ভালো বন্ধু। এতটাই বন্ধু যে মজা করে ‘দুই ভাই’ বলা হয়। ইতালি দলে খেলার সময় একসঙ্গে থাকা, খাওয়াদাওয়া, আনন্দ–ফুর্তি তো করতেনই। মাঠে নেমেও দুজন জুটি বেঁধে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাতেন। রবার্তো মানচিনি ইতালির কোচ হওয়ার পর সহকারী বেছে নিতে এতটুকু দেরি করেননি। মানচিনি, ভিয়াল্লি দুজনেরই জন্ম একই বছরে।
২০১৮ বিশ্বকাপে ইতালি ছিল না। বাছাইপর্ব উতরে রাশিয়া যাওয়ার টিকিটই কাটতে পারেনি তারা। ইতালীয় ফুটবল ইতিহাসে এর চেয়ে কঠিন সময় আর আসেনি। যে ইতালিকে ছাড়া বিশ্বকাপই কোনো দিন হয়নি, তারাই কি না বিশ্বকাপের টিকিট কাটতে ব্যর্থ। ভয়াবহ সেই সময় ইতালির ফুটবলের চরম ক্রান্তিকাল হিসেবেই পরিচিত। বাজে সময়টা কিন্তু শুরু হয়েছিল আরও অনেক আগে থেকেই।
২০০৬ বিশ্বকাপজয়ী দলটা নিজেদের চূড়ায় পৌঁছেছিল। ২০১০–এর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হয় ইতালি, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও একই অবস্থা। মাঝখানে কেবল ২০১২ ইউরোর ফাইনাল খেলাটাই বড় সাফল্য। কিন্তু স্পেনের কাছে ৪–০ গোলে ভরাডুবি, যেন ইতালীয় ফুটবলের ক্রমশ পতনের ইঙ্গিতই দিয়েছিল।
২০১৮ বিশ্বকাপে খেলতে না পারার পর জাতীয় দলের খোলনলচে বদলে ফেলার সংকল্প নিয়ে রবার্তো মানচিনিকে অভিভাবক বানিয়েছিল ইতালি। তিনি নিরাশ করেননি কাউকে। পুরোপুরি স্বাধীনভাবে ইতালি জাতীয় দলকে এগিয়ে নিয়েছেন। একা পুরোটা কাজ করেননি। সহকারী হিসেবে নিয়েছেন তাঁর দৃষ্টিতে সেরা মেধাবীদের। জিয়ানলুকা ভিয়াল্লি তাঁদের অন্যতম।
ক্লাব ফুটবলের মানচিনি আর ভিয়াল্লি দারুণ সময় কাটিয়েছেন সিরি ‘আ’র দল সাম্পদোরিয়াতে। এ দুজন ক্লাবটিতে ১৯৯১ মৌসুমে কাপ উইনার্স কাপ, কোপা ইতালিয়া আর সিরি ‘আ’ জিতিয়ে ‘স্কুদেত্তো’র গৌরব এনে দিয়েছিলেন। সেবার সিরি ‘আ’ জয়টাই সাম্পদোরিয়ার ইতিহাসের এখন পর্যন্ত একমাত্র লিগ শিরোপা।
মানচিনি–ভিয়াল্লির স্বপ্নযাত্রাটা আরও দারুণ হতে পারত। ১৯৯২ সালের ইউরোপীয় কাপ ফাইনালটা অল্পের জন্য জিততে পারেনি সাম্পদোরিয়া। অতিরিক্ত সময়ে বার্সেলোনা জিতেছিল রোনাল্ড কোমানের দুর্দান্ত ফ্রি–কিকের গোলে। খেলাটা হয়েছিল ওয়েম্বলিতে। কী আশ্চর্য, আজ এত বছর পর মানচিনি–ভিয়াল্লি জুটি সেই ওয়েম্বলিতেই একসঙ্গে হচ্ছেন দেশের হয়ে ইউরো–স্বপ্ন পূরণের লক্ষ্যে।
মানচিনি ভিয়াল্লির ওপর এখন কতটা নির্ভরশীল, তাঁদের সম্পর্কটা কেমন, সেটি জানিয়ে বলেন, ‘আসলে জিয়ানলুকা আমার ভাই-ই বলতে পারেন। আমরা একে অন্যকে চিনি, অনেক বছর ধরে। সুতরাং ওর সঙ্গে আমার রসায়নটা কেমন, সেটা তো বুঝতেই পারছেন।’
একসময় বন্ধু ছিলেন, এখন সম্পর্কটা বন্ধুর চেয়ে বেশি, ‘আমরা হয়তো একসঙ্গে বেড়ে উঠিনি, কিন্তু আমাদের পথচলা অনেকটা তেমনই। ওর সঙ্গে একসময় সাম্পদোরিয়াতে দুর্দান্ত সময় কাটিয়েছি। সাম্পদোরিয়ায় ওই সময় খেলা সবাই আমার ভাই।’
ক্যানসারজয়ী ভিয়াল্লি
ভিয়াল্লির গল্পটা কেবল মানচিনির সঙ্গে তাঁর সম্পর্ক, ইতালির সাবেক সেরা স্ট্রাইকার কিংবা সাম্পদোরিয়াতে আবদ্ধ হয়ে নেই। সেটি যেন জীবনেরই এক গল্প। ভিয়াল্লির কাহিনি জানান দেয়, ফুটবলের চেয়েও জীবন অনেক বড় কিছু। ইতালি জাতীয় দলের সহকারী কোচ হওয়ার আগ দিয়েই অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেটি ছিল ভীষণ এক যুদ্ধ। ফুটবল মাঠে প্রতিপক্ষের সব বাধা যেমন এক ঝটকায় পেরিয়ে যেতেন, ঠিক তেমনি ক্যানসারও তাঁর গতি রোধ করতে পারেননি।
তিনি ক্যানসার চিকিৎসা থেকে সেরে উঠেছেন ২০২০ সালের এপ্রিলে। এ ব্যাপারে তাঁর বোধ খুব পরিষ্কার, ‘ক্যানসার থেকে সেরে ওঠার অর্থ আমার কাছে হলো, আয়নার দিকে তাকিয়ে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করা। ক্যানসারের চিকিৎসার কারণে আমি মাথার চুল হারিয়েছি, সেসব আবার মাথায় গজাচ্ছে কি না, সেটিই দেখি আমি। আমি আসলে অনেক ভাগ্যবান। আমি ফিরে এসেছি। আমার মতো ভাগ্য সবার হয় না।’
জীবনযুদ্ধে জয়ী এক ভিয়াল্লি তাই এখন ইউরোর শিরোপার স্বপ্নে বিভোর ইতালীয় দলের জন্য বিরাট এক প্রেরণা। তাঁর মানসিক শক্তিকে প্রেরণা হিসেবে নিয়েই ১৯৬৮ সালের পর এই প্রথম ইউরোর শিরোপ জয়কে পাখির চোখ করেছে ‘আজ্জুরি’রা। মানচিনিরও বড় ভরসার নাম এই ভিয়াল্লি, ‘আমাদের দলে সবার পারস্পরিক সম্পর্কটা চমৎকার। সে আমাদের দলের একটা বড় শক্তি। দলের সবার উদ্দেশে সে যখন কথা বলে, সেটি ভীষণ উদ্দীপনা তৈরি করে সবার জন্য।’
ভিয়াল্লির কারণেই হয়তো ইতালি ফাইনালে ইংল্যান্ডের চেয়ে কিছুটা এগিয়ে রইবে।