এক গোলের দামই যখন প্রায় ৯ কোটি টাকা!

এ তো রীতিমতো লটারির মতো!
কল্পনা করুন তো, আপনি কোনো একটা ফুটবল ম্যাচে একটা গোল করে দলকে জিতিয়ে দিলেন। বিশ্বকাপ ফাইনাল-টাইনাল হলে ভিন্ন কথা। কিন্তু এটা তেমনও নয়, বিশ্বকাপের তুলনায় খুবই সাধারণ একটা ম্যাচ। কিন্তু ওই এক গোলই আপনার দলকে এনে দিল ১ মিলিয়ন ইউরো! বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৮০ লাখ টাকারও বেশি! লটারি নয় তো কী!
এমনই লটারি রিয়াল মাদ্রিদকে এনে দিয়েছেন আলভারো মোরাতা। বুধবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের ম্যাচে স্পোর্টিং ক্লাব ডি পর্তুগালের বিপক্ষে ড্র-ই যখন মনে হচ্ছিল নির্ধারিত ফল, সেই সময়, ৯৫ মিনিটে হেডে গোল করে দলকে জিতিয়েছেন রিয়ালেরই একাডেমিতে বেড়ে ওঠা এই স্প্যানিশ স্ট্রাইকার। তাতেই জিনেদিন জিদানের দলের পকেটে এল বাড়তি ১ মিলিয়ন ইউরো!
কীভাবে? উয়েফা চ্যাম্পিয়নস লিগের অর্থকড়ির বণ্টনের নিয়মই এমন। এবার চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে কোনো ম্যাচ ড্র করলেই একটা দল পাবে ৫ লাখ ইউরো। আর জিতলে ক্লাবের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আরও ১০ লাখ, অর্থাৎ ১.৫ মিলিয়ন বা ১৫ লাখ ইউরো। মোরাতার গোলটি তাই পয়েন্ট টেবিলে ৩ পয়েন্টের পাশাপাশি ক্লাবকে দিয়েছে বাড়তি ১ মিলিয়ন ইউরো। মোরাতা ওই গোলটি না করলে রিয়াল যে পেত ৫ লাখ ইউরো।
বলতে পারেন, এই নিয়ম তো সব জয়ী দলের ক্ষেত্রেই। শুধু রিয়ালের কথা কেন আসছে? আসছে রিয়ালের অবিশ্বাস্য নাটকীয়তায় জয়ের কারণে। ৮৮ মিনিট পর্যন্ত যেখানে মনে হচ্ছিল, ঘরের মাঠে ১-০ গোলের অঘটন দিয়েই শুরু হচ্ছে ১১ বারের চ্যাম্পিয়নস লিগ জয়ীদের, সেই দলই কি না শেষ মুহূর্তের ঝলকে জিতে গেল ম্যাচ! প্রথমে ৮৮ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো দুর্দান্ত ফ্রি কিক, এরপর ম্যাচের একেবারে ‘লাস্ট অ্যাকশনে’ মোরাতার ওই গোল। জয়, তিন পয়েন্ট, সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি ১০ লাখ ইউরো!
লটারি? নাহ, জিদানের হাতে আর রোনালদো-মোরাতাদের পায়েই জাদুটা আছে। সূত্র: মার্কা।