এক গোলের ধন্দ নিয়েই রিয়াল ছাড়লেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪৫১? রোনালদোর গোল আসলে ৪৫০! টিওয়াইসি স্পোর্তের টুইট
৪৫১? রোনালদোর গোল আসলে ৪৫০! টিওয়াইসি স্পোর্তের টুইট
>রিয়াল মাদ্রিদের জার্সিতে রোনালদোর গোলসংখ্যা ৪৫০ না ৪৫১? ধন্দটা রয়েই গেল।

রিয়াল মাদ্রিদের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলসংখ্যা ৪৫০ না ৪৫১?
সঠিক উত্তরটা মেলেনি আজও। আর এই এক গোলের ধন্দ নিয়েই রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতিমধ্যে জুভেন্টাসে পাড়ি জমালেন রোনালদো। এই এক অমীমাংসিত প্রশ্ন হয়েই থাকবে হয়তো তাঁর ক্যারিয়ারে। পেশাদার ক্যারিয়ারে ৬৫৮ গোল করা রোনালদো কোথায় গিয়ে থামবেন কেউ জানে না। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও হয়তো আলোচনায় আসবে এই একটি গোল!

রিয়াল মাদ্রিদের জার্সিতে ৯ বছরে রোনালদোর ব্যক্তিগত গোলসংখ্যার গন্ডগোলের কারণটা জানা যাক। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের হিসাবে রিয়ালের জার্সিতে রোনালদোর গোলসংখ্যা ৪৫১। কিন্তু স্প্যানিশ দৈনিক মার্কার মতে, রোনালদোর গোলসংখ্যা ৪৫০। ধন্দটা এখানেই।

আসলে ফ্রিকিক থেকে করা একটি গোল নিয়েই বিপত্তি। ফ্রিকিক থেকে নেওয়া রোনালদোর শটে গোল হয়। কিন্তু বল জালে জড়ানোর আগে পেপের মাথায় লাগে। গোলটা স্প্যানিশ ফুটবল ফেডারেশন রোনালদোর নামে দিলেও মার্কা দিয়েছিল পেপের নামে। ব্যস, বিপত্তির শুরু। অন্য দেশ হলে ফেডারেশনের হিসাবই শেষ কথা। কিন্তু স্পেন বলে ভিন্ন। কারণ, সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটা দিয়ে থাকে মার্কা।

বিষয়টি আবার আলোচনায় এসেছে রোনালদোর বর্ণাঢ্য রিয়াল ক্যারিয়ারকে গ্রাফিকসে সাজিয়ে শ্রদ্ধাজ্ঞাপনের হিড়িক পড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ লিখছে, রিয়ালে রোনালদোর গোল ঠিক ৪৫০টি। আবার কেউ লিখছে, রিয়াল মাদ্রিদে রোনালদোর গোল ৪৫১!

যা-ই হোক, এই এক গোলের ধন্দটি রিয়ালের ইতিহাসে রোনালদোর সর্বোচ্চ গোলদাতা হওয়া ঠেকাতে পারেনি। এবার জুভেন্টাস-অধ্যায়ে কী যোগ করেন, সেটাই দেখার।