প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতিহাদে ম্যানচেস্টার সিটির সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের ম্যাচটা ছিল রোমার সঙ্গে। গ্যালারির প্রায় চার ভাগের একভাগ খাঁ খাঁ করেছে। প্রায় ৪৭ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে ফাঁকা ছিল হাজার দশেক আসন। সিটির কর্তাব্যক্তিরা একই দুশ্চিন্তায় আছেন কাল সিএসকেএ মস্কোর বিপক্ষে ম্যাচটি নিয়েও। এমনিতেই দর্শক কম হচ্ছে, তার ওপর আবার বর্ণবাদী আচরণের কারণে নিষেধাজ্ঞা থাকায় গ্যালারিতে আসতে পারবেন না মস্কোর সমর্থকেরা। গ্যালারি ভরার জন্য তাই চমকপ্রদ এক উদ্যোগ নিয়েছে সিটি। এক টিকিটে দুই আসন, অর্থাৎ একটি টিকিট কিনলে দুজনকে খেলা দেখার সুযোগ দেবে ইংলিশ চ্যাম্পিয়নরা। এবার যদি গ্যালারি ভরে! তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট সিটির, গ্রুপে তারা তিন নম্বরে। নকআউট পর্বে জায়গা পাওয়া নিয়ে বড় শঙ্কা। সমর্থকদের উৎসাহটা যে এ সময় খুব বেশি দরকার সিটির! গার্ডিয়ান।