এক দশকের সেরা গার্দিওলা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিগ জয় নিশ্চিতের পর মরিনহোকে ব্যঙ্গ করে প্লাকার্ড হাতে সিটির সমর্থকেরা। ছবি: এএফপি
লিগ জয় নিশ্চিতের পর মরিনহোকে ব্যঙ্গ করে প্লাকার্ড হাতে সিটির সমর্থকেরা। ছবি: এএফপি
>
  •  ২০০৮ সালে কোচিং শুরুর পর এ পর্যন্ত ২৩ শিরোপা জিতেছেন পেপ গার্দিওলা
  • গত এক দশকে আর কোনো কোচই গার্দিওলার মতো এত শিরোপা জিততে পারেননি
  • এই এক দশকে ১৫ শিরোপা জিতে দ্বিতীয় লঁরা ব্ল, হোসে মরিনহো ১৩ শিরোপা জিতে তৃতীয়

ম্যানচেস্টার সিটি কোচ হিসেবে প্রথম মৌসুমে সাফল্য পাননি পেপ গার্দিওলা। কিন্তু এবারের মৌসুমটা তাঁর সাফল্যে মোড়া। দেখা পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার। জিতেছেন লিগ কাপও। গত এক দশকে গার্দিওলা ফুটবলের সেরা কোচ কিনা, এ প্রশ্ন কিন্তু উঠে গেছে ভালোভাবেই।
বার্সেলোনা ‘বি’ দলের কোচের পদ থেকে ২০০৮ সালে মূল দলের দায়িত্ব পেয়েছিলেন গার্দিওলা। ২০১২ সালে ন্যু ক্যাম্প ছেড়ে আসার আগে মেসিদের নিয়ে জিতেছেন ১৪ শিরোপা। এরপর বায়ার্ন মিউনিখ কোচ হিসেবে তিন বছরে দেখা পেলেন আরও ৭ শিরোপার। ২০১৬ সালে সিটি কোচের দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ২ শিরোপাসহ কোচিং ক্যারিয়ারে মোট ২৩ শিরোপা জিতলেন গার্দিওলা। গত ১০ বছরে গার্দিওলার মতো আর কোনো কোচই এত শিরোপা জিততে পারেননি। তিনি সেরা কিনা—এ প্রশ্ন তো উঠতেই পারে।
পরিসংখ্যান বলছে, এই এক দশকে সাফল্য বিচারে স্প্যানিশ কোচের ধারেকাছেও কেউ নেই। ১৫ শিরোপা জিতে দ্বিতীয় স্থানে আছেন ফ্রান্সের সাবেক ডিফেন্ডার ও পিএসজির সাবেক কোচ লঁরা ব্লা। বোর্দোর হয়ে ৪ শিরোপা জয়ের পর ফ্রান্সের কোচ হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেছেন ব্লা। এরপর পিএসজির দায়িত্ব নিয়ে তিন বছরে জিতেছেন ১১ শিরোপা। এই এক দশকে ১৩ শিরোপা জিতে লঁরা ব্লার পরই রয়েছেন ইউনাইটেডের বর্তমান কোচ হোসে মরিনহো।

সিটির হয়ে দ্বিতীয় মৌসুমেই জিতেছেন লিগ। গার্দিওলা এখন তাই আনন্দে যেন উড়ছেন! ছবি: এএফপি
সিটির হয়ে দ্বিতীয় মৌসুমেই জিতেছেন লিগ। গার্দিওলা এখন তাই আনন্দে যেন উড়ছেন! ছবি: এএফপি

এই ১০ বছরে ৪১টি টুর্নামেন্টে ২৩ শিরোপা জেতা গার্দিওলার সাফল্যের হার ৫৭ শতাংশ। এ পর্যন্ত ৫১৬ ম্যাচে কোচ হিসেবে জিতেছেন ৩৭৮ ম্যাচ। ম্যাচ জয়ের হার ৭৩.২৫ শতাংশ—মজার ব্যাপার হলো, গার্দিওলা নির্দিষ্ট কোনো ক্লাবের হয়ে নয়, আলাদা তিনটি দেশের লিগে এমন সাফল্য পেয়েছেন। অন্য কোচরা তাঁকে ঈর্ষা করতেই পারেন।
গার্দিওলার কোচিং ক্যারিয়ারে শুধু গত মৌসুমটাই ফাঁকা গেছে। কোনো শিরোপা জিততে পারেননি। তখন একবার বলেছিলেন, ‘শিরোপা জিততে না পারলে বেশি দিন থাকতে (সিটি কোচ হিসেবে ) পারব না।’ এবার শিরোপা জেতার পর ইংলিশ ফুটবলে থিতু হবেন, নাকি অন্য কোনো চ্যালেঞ্জ খুঁজে নেবেন, সেটা সময়ই বলে দেবে।