এক দিন পেরই মেসি

আগের দিন হ্যাটট্রিক করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ উইঙ্গারের ২৩তম হ্যাটট্রিক পাওয়ার এক দিন পরই তিন গোলের দেখা পেলেন লিওনেল মেসিও। তাঁর হ্যাটট্রিকের সুবাদে ৫-১ গোলের বড় ব্যবধানে নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলকে হারিয়েছে বার্সেলোনা। বার্সার গত চার ম্যাচে এটি তৃতীয় হ্যাটট্রিক আর্জেন্টাইন জাদুকরের।
বড় ব্যবধানে হারলেও ন্যু ক্যাম্পে প্রথমে এগিয়ে গিয়েছিল এসপানিওলই। ২০০৯ সালের পর বার্সার মাঠে জয়ের দেখা না পাওয়া এসপানিওলকে ১৩ মিনিটেই এগিয়ে দিয়েছিলেন সার্জিও গার্সিয়া। প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল শোধ করেন মেসি। ম্যাচের ৫০ মিনিটে দ্বিতীয় গোল পাওয়া মেসি লা লিগায় তাঁর ২১তম হ্যাটট্রিক পূর্ণ করেন ৮১ মিনিটে। মেসির শেষ গোলের আগে ৫৩ ও ৭৭ মিনিটে বার্সার বাকি দুটি গোল করেন জেরার্ড পিকে ও পেদ্রো রদ্রিগেজ। কালকের ৩ গোল নিয়ে প্রীতি ম্যাচসহ বার্সার সব ধরনের প্রতিযোগিতায় ৪০০ গোলের গণ্ডি পেরোলেন মেসি। তাঁর গোলসংখ্যা এখন ৪০২।
পরশু বুন্দেসলিগায় ১০০তম গোল পেয়েছেন ফ্রাঙ্ক রিবেরি। বেয়ার লেভারকুসেনের সঙ্গে তাঁর শততম গোলেই ন্যূনতম ব্যবধানে জিতেছে বায়ার্ন মিউনিখ। এদিন ঠিক নিজেদের মতো খেলতে পারেনি তারা। কোচ পেপ গার্দিওলা এর আগে বড় জয়ের পরও দলের খেলা নিয়ে অসন্তুষ্টি জানিয়েছিলেন। পরশু বিস্ময়করভাবে সে রকম কিছু বলেননি, ‘মানুষ আমাদের কাছে ২, ৩ বা ৪ গোল আশা করে। কিন্তু আমি জানতাম, লেভারকুসেনের সঙ্গে কাজটা কঠিন হবে।’ রিবেরিকে অবশ্য ভাসিয়েছেন প্রশংসায়, ‘সে এই ক্লাবের সেরা বিদেশি খেলোয়াড়দের একজন।’
রিবেরির ঘাড়ে যেমন বায়ার্ন, পরশু ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজিও পার হয়েছে ইব্রার কাঁধে চড়ে। এদিন অবশ্য পিএসজির এই মৌসুমে অপরাজিত থাকার রেকর্ডটা ভেঙেও যেতে পারত। শেষ পর্যন্ত পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে পিএসজি, ইব্রাহিমোভিচ করেছেন জোড়া গোল। লিগে তাঁর গোল হয়ে গেছে ৮টি। কোচ লরাঁ ব্লাঁ দলের এই অপরাজিত থাকার কীর্তি নিয়ে মজা করেছেন, ‘এটা তো আপনাকে বাড়তি কিছু দেয় না। কোনো অতিরিক্ত পয়েন্ট নয়, কোনো প্রতিযোগিতার বাছাইও নয়। এটার মানে আপনার মৌসুমটা খুব একটা খারাপ কাটছে না।’ এএফপি।