এক দিনেই খরচ হলো ১ হাজার ৭৩৫ কোটি টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার লিগে এবারের সবচেয়ে দামি খেলোয়াড়ের ট্যাগ লেগেছে ম্যাগুয়ারের গায়ে। ছবি: এএফপি
প্রিমিয়ার লিগে এবারের সবচেয়ে দামি খেলোয়াড়ের ট্যাগ লেগেছে ম্যাগুয়ারের গায়ে। ছবি: এএফপি
>

প্রিমিয়ার লিগে খেলোয়াড় কেনার শুধু শেষ দিনে অর্থাৎ পরশু সব ক্লাব মিলে খরচ ১৭ কোটি পাউন্ড, পুরো দলবদল মৌসুম মিলিয়ে খরচটা ১৪১ কোটি পাউন্ড।

সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগই যে এটি, তা নিয়ে তর্ক হলেও হতে পারে। তবে প্রচারে, প্রসারে, জৌলুশে প্রিমিয়ার লিগের ধারেকাছেও যে ইউরোপের অন্য কোনো লিগ নেই, তা তর্কের ঊর্ধ্বেই। দলবদলে টাকার ঝনঝনানিও এখানেই বেশি। শুধু পরশু দলবদলের শেষ দিনের অঙ্কটাই দেখুন, সব ক্লাব মিলিয়ে খেলোয়াড় কেনায় খরচ করেছে ১৭ কোটি পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৭৩৫ কোটি টাকারও বেশি! তবে পুরো দলবদল মৌসুমে সব ক্লাবের সম্মিলিত খরচটা রেকর্ড ছুঁতে পারেনি দুই কোটি পাউন্ডের জন্য।

লিভারপুল-নরউইচ ম্যাচ দিয়ে বাংলাদেশ সময় গতকাল রাতে শুরু হয়ে গেছে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম, তার আগে পরশুই শেষ হয়ে গেছে প্রিমিয়ার লিগের দলবদল। অর্থাৎ, খেলোয়াড় আর কিনতে পারবে না ক্লাবগুলো, তবে ইউরোপের অন্য লিগগুলোর দলবদল শেষ ২ সেপ্টেম্বর, সেখানে বিক্রি করতে পারবে। তা দলবদলের শুরু থেকে শেষ পর্যন্ত এবার প্রিমিয়ার লিগের সব ক্লাব মিলে খরচ করেছে ১৪১ কোটি পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার ৪০০ কোটি টাকা! এ নিয়ে টানা চারবার দলবদলে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর খরচ থাকল ১০০ কোটি পাউন্ডের ওপরে।

কিন্তু তাতেও রেকর্ড ছোঁয়া হয়নি। ২০১৭ মৌসুমে দলবদলে প্রিমিয়ার লিগের খরচ ছিল ১৪৩ কোটি পাউন্ড, সেটিই এখনো রেকর্ড। অবশ্য চেলসির দলবদলে নিষেধাজ্ঞা না থাকলে আর গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগজয়ী লিভারপুল অমন নিশ্চুপ আলস্যে বসে না থাকলে রেকর্ডটা হয়েই যেত! এই দুটি ক্লাব আর ক্রিস্টাল প্যালেস—খেলোয়াড় কেনাবেচায় লাভের মুখ দেখা ক্লাব শুধু এই তিনটিই। চেলসির লাভ বেড়েছে প্রায় ৯ কোটি পাউন্ডে এডেন হ্যাজার্ড রিয়াল মাদ্রিদে যাওয়ায়।

খরচ বাড়লেও অবশ্য খেলোয়াড় কেনার সংখ্যা দিন দিনই কমছে। এবার যেমন ক্লাবগুলো খেলোয়াড় কিনেছে ১০২ জন। ২০১৪ সালেও সংখ্যাটা ছিল ১৫৭, এরপর থেকে টানা ছয় বছর ধরে এই সংখ্যাটা কমেই চলেছে।

তা এবারের দলবদলে সবচেয়ে বেশি খরচ কার জানেন? না, মৌসুমের পর মৌসুম দেদার টাকা ঢালার জন্য বিখ্যাত ম্যানচেস্টার সিটি নয়, এবার সেই ‘গৌরব’ আর্সেনালের! খরচ করেছে ১৫ কোটি ৫০ লাখ পাউন্ড। তাদেরই নগরপ্রতিদ্বন্দ্বী টটেনহাম হয়তো এখন আফসোস করছে, পাওলো দিবালার চুক্তিটা যদি হয়ে যেত! কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য জুভেন্টাসের সঙ্গে ৭ কোটি পাউন্ডে চুক্তিও হয়ে গিয়েছিল, সেটি হলে হয়তো দলবদল মৌসুমের ‘মুকুটহীন রাজা’ স্পার্সই হতো।

দলবদলে চলেছে ক্লাবগুলোর নিজেদের রেকর্ড ভাঙার খেলাও। ২০টির মধ্যে ১১টি ক্লাবই নিজেদের দলবদল রেকর্ড ভেঙেছে, এর মধ্যে এই মৌসুমেই উঠে আসা শেফিল্ড ইউনাইটেড তো ভেঙেছে চারবার! ম্যানচেস্টার ইউনাইটেড আবার হ্যারি ম্যাগুয়ারকে লেস্টার সিটি থেকে নিয়ে এসেছে ইতিহাসের সবচেয়ে দামি ডিফেন্ডার বানিয়ে, ৮ কোটি পাউন্ডে। প্রায় কাছাকাছি দামে অবশ্য ইউনাইটেড ছেড়ে ইন্টার মিলানে গেছেন রোমেলু লুকাকুও।

তবে এবার একটা শঙ্কা আছে প্রিমিয়ার লিগের। ‘রীতি মেনে’ ইউরোপের লিগগুলোর মধ্যে এবারও এখন পর্যন্ত সবচেয়ে বেশি খরচ ইংলিশদেরই। কিন্তু স্পেনের লা লিগাও যে পিছু পিছু ছুটছে। এখন পর্যন্ত স্প্যানিশ লিগের খরচ ১১০ কোটি পাউন্ড, যার দুই-তৃতীয়াংশই রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের অবদান। কিন্তু স্পেনের ক্লাবগুলো খরচের জন্য তো ২ সেপ্টেম্বর পর্যন্ত সময় পাচ্ছেই! প্রিমিয়ার লিগের এই ‘মুকুট’ও না খুলে পড়ে যায়!

সবচেয়ে বড় দশ দলবদল (পাউন্ডে) 

ফুটবলার

দলবদল

মূল্য

হ্যারি ম্যাগুয়ার

লেস্টার থেকে ম্যান ইউনাইটেড

৮ কোটি

নিকোলাস পেপে

লিল থেকে আর্সেনাল

৭ কোটি ২০ লাখ

রদ্রি

অ্যাটলেটিকো থেকে ম্যান সিটি

৬ কোটি ৩০ লাখ

জোয়াও কানসেলো

জুভেন্টাস থেকে ম্যান সিটি

৬ কোটি

তাঙ্গুয়ে এনদমবেলে

লিওঁ থেকে টটেনহাম

৫ কোটি ৪০ লাখ

অ্যারন ওয়ান-বিসাকা

প্যালেস থেকে ইউনাইটেড

৫ কোটি

সেবাস্টিয়ান হলার

ফ্রাঙ্কফুর্ট থেকে ওয়েস্ট হাম

৪ কোটি ৫০ লাখ

মাতেও কোভাচিচ

রিয়াল থেকে চেলসি

৪ কোটি

ইউরি তিয়েলেমান

মোনাকো থেকে লেস্টার

৪ কোটি

জোয়েলিনটন

হফেনহাইম থেকে নিউক্যাসল

৪ কোটি