এক দুপুরে মরিনহো-দুঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরিনহো-দুঙ্গা
মরিনহো-দুঙ্গা

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছেন বিশ্বকাপের পর। তাঁর অধীনেই টানা ছয়টি জয় দিয়ে বছর শেষ করেছে ব্রাজিল। কার্লোস দুঙ্গাও তাই আছেন ফুরফুরে মেজাজে। আপাতত হাতে খানিক অবসর। সেই ফাঁকেই লন্ডন বেড়াতে গেলেন, পরশু ঘুরলেন চেলসি ক্লাবেও। ব্রাজিল কোচকে অতিথি হিসেবে পেয়ে দারুণ খুশি চেলসি কোচ হোসে মরিনহো। দুঙ্গাকে চেলসির কোবহ্যাম অনুশীলন মাঠে নিয়ে গিয়েছিলেন, খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। অস্কার, ফেলিপে লুইস আর উইলিয়ানের সঙ্গে অবশ্য পরিচয়ের দরকারই হয়নি। তাঁরা তো দুঙ্গার দলেরই খেলোয়াড়। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, দুই কোচ এরপর একসঙ্গে দুপুরের খাবারটাও সেরেছেন। আর সেখানে নাকি ফুটবল নিয়ে দুজনের বেশ তাত্ত্বিক আলোচনাও হয়েছে।
কী সেই আলোচনা? ব্রিটিশ সংবাদমাধ্যমেরই খবর, জাতীয় দল আর ক্লাবের কোচদের সম্পর্ক কেমন হওয়া উচিত সেটি নিয়ে কথা বলেছেন দুজন। উদাহরণ হিসেবে মরিনহো টেনে এনেছেন চেলসির স্প্যানিশ ফরোয়ার্ড ডিয়েগো কস্তার চোটের প্রসঙ্গ, ‘আমি সুস্থ খেলোয়াড় দিলাম জাতীয় দলে খেলার জন্য। সেই খেলোয়াড় ফিরে এল চোট নিয়ে। অথচ জাতীয় দলের কোচ আমাকে ফোন করে কিংবা মেসেজ পাঠিয়ে কিছু বললেন না।’ ইঙ্গিতটা স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কের দিকে। তবে সব জাতীয় দলের কোচই যে মরিনহোর ক্ষোভের লক্ষ্যবস্তু তা কিন্তু নয়। দুঙ্গার ব্যাপারেই যেমন বলেছেন, ‘তার সঙ্গে আমার কথা বলার দরকারই হয়নি। কারণ অস্কার, লুইস আর উইলিয়ানরা যেভাবে গিয়েছিল সেভাবেই ফিরে এসেছে।’ ডেইলি মেইল।