এক নারীর হাত ধরেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ছেলেদের ফুটবলে মেয়েদের কোচিং করানোর কথা কখনো শুনেছেন? হেলেনা কস্তার নাম কারও কারও মনে থাকতে পারে, বছর দুয়েক আগে ফ্রেঞ্চ লিগের দ্বিতীয় বিভাগের একটা ক্লাবের দায়িত্ব নিয়ে যিনি তোলপাড় ফেলে দিয়েছিলেন। চান ইউয়েন-তিংয়ের গল্পটা আরও বিস্ময়কর। হংকংয়ের প্রিমিয়ার লিগের দল ইস্টার্নের দায়িত্বই শুধু নেননি, তাদের চ্যাম্পিয়নও করে তুলেছেন। ফুটবল ইতিহাসে কোনো মহিলা কোচের ছেলেদের ক্লাবকে চ্যাম্পিয়ন করার ঘটনা এটাই প্রথম। আর ইউয়েন-তিংয়ের বয়স কত জানেন? মাত্র ২৭!
এই বয়সেই একটা শিরোপাজয়ী দলের কোচ, সামনে থাকবেন এএফসি চ্যাম্পিয়নস লিগের ডাগ-আউটে! হংকংয়েই এএফসি এ লাইসেন্স খুব বেশি কোচ পাননি, তিং সেটা পেয়েছেন আরও দুই বছর আগে। অথচ তাঁর ডাগ-আউটেই থাকার ছিল না, গুরুগম্ভীর হয়ে ভূগোলের ক্লাস নিতে পারতেন।
তিংইয়ের ফুটবলে আসাটাই এক রোমাঞ্চকর গল্প। পড়তেন ভূগোলে, কিন্তু নেশা ছিল ফুটবল। পড়াশোনার পাশাপাশি ক্লাব ফুটবলে নাম লিখিয়েছিলেন আগেই। এমনকি বিশ্ববিদ্যালয়ের গবেষণায়ও ভূগোলের পাশাপাশি ফুটবলকে বেছে নিয়েছিলেন। সবুজ মাঠে এতটাই মজে ছিলেন যে পড়াশোনা শেষে তাতেই ক্যারিয়ার গড়তে চাইলেন। তখন বাদ সাধল পরিবার। কিন্তু তিং তাদের বুঝিয়ে নাম লেখালেন পেশাদার ফুটবলের রুক্ষ জগতে।

হংকংয়ের ক্লাব ইস্টার্নকে চ্যাম্পিয়ন করার নেপথ্য কারিগর চান ইউয়েন-তিং l এএফপি
হংকংয়ের ক্লাব ইস্টার্নকে চ্যাম্পিয়ন করার নেপথ্য কারিগর চান ইউয়েন-তিং l এএফপি

সেখান হাঁটতে গিয়ে এখন পর্যন্ত হোঁচট বিশেষ খেতে হয়নি। আর গত ডিসেম্বর থেকে তো গল্পটা হাঁটার নয়, উড়ে বেড়ানোর। ইস্টার্ন তাঁকে কোচ করার পর অনেকেরই চোখ কপালে উঠল। ২৭ বছর বয়সী একটা মেয়ে একটা পেশাদার ক্লাবের কোচ? তিং নিজেকে ঠিকই প্রমাণ করেছেন। তবে স্বীকার করেছেন, এত দ্রুত সিঁড়ি টপকে ফেলবেন ভাবেননি, ‘আমি তো ভেবেছিলাম ৩০ বছর পর্যন্ত ছোট ক্লাবে কাজ করে এরপর বড় কোথাও যাব। এত দ্রুত এতটা চলে আসব কল্পনা করিনি।’
কিন্তু ফুটবলের সঙ্গে প্রাণ বেঁধে দেওয়ার জন্য তিং ধন্যবাদ দেন ডেভিড বেকহামকে, ‘স্কুলে থাকতেই আমার ফুটবলের হাতেখড়ি। আর সেটা পুরোটাই ডেভিড বেকহামের জন্য। আমি নিয়মিত প্রিমিয়ার লিগ দেখতাম, তখনই আমার বেকহাম-মুগ্ধতার শুরু। এরপর অ্যাসোসিয়েশনের হয়ে বেশ কয়েকটা কোর্সে আমি অংশ নিই।’
২০১০ সালে হংকংয়ের ক্লাব টিএসডব্লু পেগাসাসের তথ্য বিশ্লেষক হিসেবে ফুটবল ক্যারিয়ারের শুরু। দুই বছর আগে দায়িত্ব পান পেগাসাসের অনূর্ধ্ব-১৮ দলের। এর পর তো অনেকটা পাকেচক্রে ইস্টার্নের কোচ হয়ে গেলেন। গত ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত হেরেছেন মাত্র একটি ম্যাচে।
কিন্তু তিং এখানেই থেমে যেতে চান না। ‘দক্ষিণ আফ্রিকা বা জাপানের মতো মেয়েদের পেশাদার কাঠামো আছে এ রকম দেশে আমি কাজ করতে চাই’—তিংয়ের চোখে আকাশছোঁয়ার স্বপ্ন। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।