এক পাল্লায় ফুটবলাররা, অন্য পাল্লায় সোনা...তাহলে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোকে দলে পেতে চাইলে টাকার বৃষ্টি ঝরাবে যেকোনো ক্লাব
রোনালদোকে দলে পেতে চাইলে টাকার বৃষ্টি ঝরাবে যেকোনো ক্লাব

সোনার চেয়েও দামি! বিশ্বসেরা ফুটবলারদের ক্ষেত্রে এমনটাও আর বলার জো নেই। সোনা তো সোনা, ইদানীংকালের দামি প্লাটিনামও যে পাত্তা পাচ্ছে না রোনালদো-নেইমারদের কাছে!

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজই বাধ্য করছেন এমন প্রসঙ্গ টানতে। ইতালিতে ঘুরতে গিয়ে সমর্থকদের প্রশ্নের মুখে রিয়াল মাদ্রিদ সভাপতি বলেছেন, ‌‘ক্রিস্টিয়ানোকে বিক্রি করব? কখনো না! আমাকে ওর ওজনের সমপরিমাণ সোনা এনে দিলেও তো ক্রিস্টিয়ানোকে বেচব না আমি। শুধু গ্রেট খেলোয়াড়েরাই এত দামি হয়।’

নেইমারের ২২২ মিলিয়ন ইউরোর দলবদলের রেকর্ড রোনালদোকে দিয়ে ভাঙা সম্ভব কি না, এর উত্তরে এমন দাবি পেরেজের। সন্দেহ নেই, রোনালদোকে অমূল্য প্রমাণ করতেই এমন বলছেন পেরেজ।

আচ্ছা ধরুন, পেরেজের কথামতো এক পাল্লায় রোনালদোকে তোলা হলো। অন্য পাল্লায় তাঁর ওজনের সমান তাল তাল সোনা। তাহলে কী দাঁড়াবে? রোনালদোর ওজনের সমান সোনার বর্তমান বাজারদর আসলে কত? আসলেই কি ফুটবলাররা সোনার চেয়ে দামি?

সোনার ছেলে মেসিও!
সোনার ছেলে মেসিও!

প্রতিমুহূর্তেই সোনার দরে পরিবর্তন আসছে। তবে গত কিছুদিন প্রতি আউন্স সোনা ১ হাজার ২৬০ ডলারের আশপাশেই ঘোরাঘুরি করছে। ফুটবলারদের দাম ঠিক করতে এই দরকেই বেছে নেওয়া হচ্ছে।

ফুটবলারদের ওজন সোনার দরের মতো না হলেও বদলায় তো। তবে সর্বশেষ যে তথ্য পাওয়া গেছে, সে অনুযায়ী একটা হিসাব করে নেওয়াই যায়।

৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার রোনালদোর ওজন যত দূর জানা যায় ১৭৬ পাউন্ড। রোনালদোর ওজনের সোনা দিয়ে কিনতে চাইলে বড় সস্তা হয়ে যায়! রোনালদোর মতো তারকাকে মাত্র ৩ মিলিয়ন ২ লাখ ডলারে কে বেচবে বলুন!

লিওনেল মেসির ওজনটাও খেয়াল করুন। ১৫৯ পাউন্ড। ফলে সোনায় গড়া মেসিকেও কেনা যাবে মাত্র ২৯ লাখ ২৪ হাজার ডলারে!

রোনালদোর সতীর্থ গ্যারেথ বেলের ক্ষেত্রেও অমনটা সত্যি। ১৬৩ পাউন্ড ওজনে যে নিজের দাম মাত্র ২৯ লাখ ৯৮ হাজার ডলার তুলতে পারছেন ওয়েলস ফরোয়ার্ড। আর ১৫০ পাউন্ডের শুকনো-পটকা নেইমার তো একদমই সস্তা পড়ছেন। মাত্র ২৭ লাখ ৫৯ হাজার ডলার নেইমারের জন্য, ভাবা যায়! তাঁকে যে মাত্রই ২৬ কোটি ২০ লাখ ডলার দিয়ে কিনেছে পিএসজি।

তবে সোনার দামের দিক দিয়ে কেবল ইব্রাহিমোভিচের দামই বেশি
তবে সোনার দামের দিক দিয়ে কেবল ইব্রাহিমোভিচের দামই বেশি

সোনার দামের বিকিকিনিতে একমাত্র জ্লাতান ইব্রাহিমোভিচকেই বেশি দামে কিনতে হবে। বর্তমানে ‘ফ্রি এজেন্ট’ বনে যাওয়া সুইড ফরোয়ার্ডের দামটা এখন ৩৮ লাখ ৪৪ হাজার ডলার। ২০৯ পাউন্ড ওজনটা কাজে লেগেছে, আর ফ্রি এজেন্ট হিসেবে তাঁকে দলে নিতে কোনো টাকা খরচা হচ্ছে না। সে ক্ষেত্রে যা দাম মেলে, তা-ই তো ঢের!