এক পোস্টে বার্সেলোনা-রিয়াল দুই দলকে খোঁচা
>

উয়েফা সুপার কাপ জয়ের পর রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে খোঁচা দিয়ে ইনস্টাগ্রামে মজার একটি পোস্ট করেছেন আঁতোয়ান গ্রিজমান। অ্যাটলেটিকো মাদ্রিদ তারকার এই পোস্ট নিয়ে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে
চ্যাম্পিয়নস লিগ ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাব প্রতিযোগিতা। এই টুর্নামেন্টে জয়ী দলকে ইউরোপসেরা হিসেবেই বিবেচনা করা হয়। আর ইউরোপা লিগ দ্বিতীয় সারির টুর্নামেন্ট হলেও মর্যাদা একেবারে কম নয়। তো, এই ইউরোপা লিগ চ্যাম্পিয়ন দল যদি চ্যাম্পিয়নস লিগজয়ীদের হারিয়ে দেয় তাহলে? তখন কিন্তু ‘ইউরোপসেরা’ তকমাটা ইউরোপা লিগজয়ী দল দাবি করতেই পারে। আঁতোয়ান গ্রিজমান অন্তত এমনটাই ভাবছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে খোঁচা দিয়ে ঠিক এ ব্যাপারটাই বুঝিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা।

কাল উয়েফা সুপার কাপে চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়ালের মুখোমুখি হয়েছিল ইউরোপা লিগজয়ী অ্যাটলেটিকো। এ ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বীদের ৪-২ গোলে হারিয়ে সুপার কাপ জিতেছে অ্যাটলেটিকো। ম্যাচ শেষে দলটির ফরাসি তারকা গ্রিজমান ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, গ্রিজমান রাজার ভঙ্গিতে সিংহাসনে বসে আছেন আর পেছনে দাঁড়িয়ে তাঁর মাথায় মুকুট পরিয়ে দিচ্ছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। ছবিটি রীতিমতো ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
গ্রিজমান এ ছবির মাধ্যমে রিয়ালকে যেন বুঝিয়ে দিতে চেয়েছেন, ইউরোপিয়ান ফুটবলের রাজত্ব কাল রাতের পর পাল্টেছে। সেটি এখন সান্তিয়াগো বার্নাব্যু থেকে ওয়ান্ডা মেট্রোপলিতানোয়। চ্যাম্পিয়নস লিগজয়ীদের হারাতে পারলে তো ‘ইউরোপ সেরা’র তকমাটা অ্যাটলেটিকোরই প্রাপ্য—ঠিক এ ভাবনা থেকেই ছবিটি পোস্ট করেছেন গ্রিজমান।
কিন্তু এখানে বার্সেলোনার প্রসঙ্গ আসছে কোথায়? খানিক পেছনে তাকালেই বিষয়টি পরিষ্কার হবে। এই গ্রিজমানকে কিনতে মরিয়া ছিল বার্সা। কিন্তু ফরাসি তারকাটি নিজ থেকেই অ্যাটলেটিকোয় থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ভাগ্যিস তখন সিদ্ধান্তটা নিয়েছিলেন। নইলে গ্রিজমান এখন নিজেকে ‘ইউরোপসেরা’ ভেবে এমন ছবি কী পোস্ট করতে পারতেন?
ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী খেলোয়াড়টি কিন্তু এমনটাই ভাবছেন। সুপার কাপ জয়ের পর গ্রিজমান বলেন, ‘এই ক্লাবের (অ্যাটলেটিকো) ওপর আমার ভরসা আছে। আজ বুঝলাম ভুল সিদ্ধান্ত নিইনি।’