এক ফুল দো মালি, এক গোল দুই মালিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক গোল নিয়েই তোরে-সিলভা ‘গোলমাল’।
এক গোল নিয়েই তোরে-সিলভা ‘গোলমাল’।

প্রেয়সীর ভালোবাসার জন্য ডুয়েল লড়েছে কত শত নাইট। এবার সে পথে নামছেন ডেভিড সিলভা ও ইয়া তোরে। নতুন মৌসুমের প্রথম গোলের দাবিতে লড়াইয়ে নেমেছেন দুজন। ‘প্রেয়সী’ গোলকে বাহুলগ্ন করেই ফিরবেন নিজের ডেরায়। একটাই গোল, মালিকের দাবিদার যে দুজন! যেন ত্রিভুজ প্রেম। এক ফুল, দো মালি!
ওয়েস্ট ব্রমকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে মৌসুমে শুভসূচনা করেছে সিটি। সেদিন তোরে করেছেন দুটি গোল। তাঁর প্রথম গোল নিয়েই ‘ঝামেলা’। তাৎক্ষণিকভাবে মনে হয়েছিল গোলটি তোরেই দিয়েছেন। কিন্তু পরে দেখা গেছে, বলটি জালে জড়ানোর আগে সিলভার সাহায্যও প্রয়োজন হয়েছিল। বক্সের প্রান্ত থেকে নেওয়া তোরের জোরালো শটে ছুটে আসছিল বল। সিলভার পায়ে লেগে বলটা দিক পাল্টে ঢুকে যায় জালে।
নিয়ম অনুযায়ী, কেউ যদি গোল পোস্টের মধ্যেই শট নেয়, এতে যে কারও গায়ে লেগে বল দিক পরিবর্তন করুক না কেন, গোলটা যে শট নিয়েছে তারই। সেই হিসাবে গোলটা তোরেকেই দেওয়া হয়েছে। কিন্তু রিপ্লেতে দেখা গেছে, বলটা সিলভার পায়ে না লাগলে সোজা গোলরক্ষকের দিকে যেত। ওয়েস্ট ব্রোমের গোলরক্ষক ঠেকিয়েও দিতে পারত। সিলভার পায়ে লেগে হুট করে দিক বদলাতেই হয়ে গেছে গোলটা। তাই কৃতিত্ব তোরের নাকি সিলভার—এ নিয়ে তর্ক হতেই পারে।
তর্ক হচ্ছেও। তোরে আর সিলভাই টুইটার রীতিমতো টুইট-যুদ্ধ করছেন। তোরে প্রথমে টুইট করে জা​নান, দুজন মিলে পাঞ্জা লড়বেন। যে জিতবে, গোলটা তাঁরই, ‘সিলভা ও আমি পাঞ্জা লড়েই ঠিক করব গোলটি কার।’ সিলভা এর জবাবে টুইট করেন, ‘গোলটি আমার। তোরেকে অ্যাসিস্টের জন্য ধন্যবাদ। আশা করি এর বিনিময়ে পুরো মৌসুমে তোমাকে দিয়ে বেশ কিছু গোল করাব।’ সিলভা যে এ রকম প্রত্যুত্তর দিতে পারেন, এটা যেন বিশ্বাসই হচ্ছে না তোরের। তিনি লেখেন, সিলভার হয়ে অন্য কেউ টুইট করছে, ‘সিলভার মোবাইল বোধ হয় চুরি হয়েছে। অথবা ওর সাহস খুব বেড়েছে!’
বিষয়টি নিয়ে সোজা সমর্থকদের দ্বারস্থ হয়েছে ম্যানচেস্টার সিটি। সরাসরি সমর্থকদের কাছেই টুইটারে ভোট চেয়েছে। যাঁর পক্ষে ভোট বেশি, গোল তাঁরই!
নিশ্চয়ই ধরতে পেরেছেন, স্রেফ মজা করেই এত সব কাণ্ড হচ্ছে। অফিসিয়ালি গোলটা তোরের নামেই লেখা হয়েছে। সূত্র: টুইটার।