জাতীয় দলে এক বছর নিষিদ্ধ মামুনুল-জাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক বছরের জন্য নিষিদ্ধ হচ্ছেন মামুনুল-জাহিদ! ছবি: প্রথম আলো
এক বছরের জন্য নিষিদ্ধ হচ্ছেন মামুনুল-জাহিদ! ছবি: প্রথম আলো

গত ডিসেম্বরে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ চলার সময়ে অসদাচরণের অভিযোগ উঠেছিল অধিনায়ক মামুনুল ইসলামসহ জাতীয় ফুটবল দলের সাত ফুটবলারের বিরুদ্ধে। এই সাত ফুটবলার নিজেদের অবশ্য নির্দোষই দাবি করেন। কিন্তু জাতীয় দল কমিটি সব সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে এই ফুটবলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরই সিদ্ধান্ত নিয়েছে।
আজ বুধবার বাফুফে ভবনে অনুষ্ঠিত জাতীয় দল কমিটির সভায় সাফ ফুটবলের সময় শৃঙ্খলাভঙ্গের কারণে মামুনুল ইসলাম ও জাহিদ হোসেনকে জাতীয় দল থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কার হচ্ছেন ইয়াসিন খান ও সোহেল রানাও, তবে ৬ মাসের জন্য। অন্য তিন ফুটবলার আতিকুর রহমান মিশু, ইয়ামিন মুন্না ও গোলরক্ষক শহীদুল আলম সোহেলকে আপাতত সতর্ক করে দেওয়া হয়েছে।
বাফুফের ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই শাস্তি দেওয়া হয়েছে ফুটবলারদের। বাফুফের নির্বাহী কমিটি ফুটবলারদের শাস্তির ব্যাপারে জাতীয় দল কমিটিকে ক্ষমতা দিয়েছে। সুতরাং আজ ২ মার্চ থেকেই ফুটবলারদের নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়ে গেছে। সেই হিসেবে আগামী ২০১৭ সালের ১ মার্চ পর্যন্ত জাতীয় দলে নিষিদ্ধ থাকবেন মামুনুল ও জাহিদ। আর ইয়াসিন ও সোহেলের ৬ মাস নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে চলতি বছরের ১ সেপ্টেম্বর। সাজা পাওয়া চার ফুটবলার জাতীয় দলের সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ থাকলেও ঘরোয়া ফুটবলে খেলতে পারবেন।
আগামীকাল বৃহস্পতিবারের মধ্যেই সংশ্লিষ্ট খেলোয়াড়দের কাছে এ সংক্রান্ত চিঠি পৌঁছে যাবে বলে জানা গেছে।