এক বিন্দুতে রজার্স-ওয়েঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্র ম্যাচের পর কোচদের অনেক রকম প্রতিক্রিয়া হতে পারে। দুই কোচের একজন সন্তুষ্ট হতে পারেন, আবার আরেকজন দুষতে পারেন নিজেদের বা ভাগ্যকে। তবে একই সঙ্গে দুজনেরই ফলটা মেনে নেওয়ার ঘটনা কমই ঘটে। পরশুর লিভারপুল-আর্সেনাল ম্যাচের পর দুই দলের কোচ ব্রেন্ডন রজার্স ও আর্সেন ওয়েঙ্গার কিন্তু মিলে গেলেন এক বিন্দুতে! ওয়েঙ্গার বলছেন ফলটা ন্যায্য ছিল, আর রজার্স সন্তুষ্টি খুঁজে নিলেন দলের খেলা থেকে।

রজার্সের জন্য ম্যাচটা ছিল অনেক কিছু প্রমাণ করার। বড়দিনের আগে নিজেদের মাঠে আর্সেনালের কাছে হেরে গেলে হয়তো চাকরি নিয়েই টানাটানি পড়ে যেত। রজার্স এই ম্যাচের পর শীর্ষ চারে ফেরার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী, ‘সবচেয়ে বড় কথা দলে আত্মবিশ্বাস ফিরে এসেছে। গত মৌসুমের দ্বিতীয় ভাগে আমরা ১১টি ম্যাচ জিতেছিলাম। এ রকম কিছু ম্যাচ টানা জিতলে আমরা আবার ফিরে আসব।’ এখন স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজকে ফিরে পাওয়ার প্রতীক্ষায় দিন গুনছেন লিভারপুল কোচ, ‘জানুয়ারিতে স্টারিজকে পেলে গত কয়েক বছরে আমরা যেমন খেলেছি, তেমন খেলতে পারব।’

পরশু অবশ্য রজার্সের আত্মবিশ্বাস খুঁজে নেওয়ার অনেক উপাদান আছে। বলের নিয়ন্ত্রণ ছিল লিভারপুলেরই। পুরো ম্যাচে আর্সেনালের বল দখল ছিল ৩৬ শতাংশ। ২০০৩ সালের পর প্রিমিয়ার লিগে বল দখলে এটাই তাদের সবচেয়ে ‘খারাপ’ পারফরম্যান্স।

লিভারপুল কিন্তু ম্যাচটা হেরেই যাচ্ছিল। নির্ধারিত সময়ের শেষেও আর্সেনাল ছিল ২-১ গোলে এগিয়ে। ফ্যাবিও বরিনি
লাল কার্ড দেখায় আগেই লিভারপুল পরিণত হয়েছিল ১০ জনের দলে। মার্টিন স্কারটেলের অতিরিক্ত সময়ের গোলেই একটি পয়েন্ট
নিয়ে মাঠ ছাড়তে পারে স্বাগতিকেরা।

এই মাঠে আগের দেখায় আর্সেনাল ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল লিভারপুলের কাছে। ওয়েঙ্গার মানলেন, সেই স্মৃতিটা কিছুটা হলেও ছাপ ফেলেছে ম্যাচে, ‘হয়তো গত ম্যাচের স্মৃতিটা ফিরে এসেছিল। সবাই নিজেদের সেরাটা দিতে পারেনি।’ তবে এদিন আর্সেনাল জিতেই যেতে পারত। ফলটা মেনে নিলেও তাই আক্ষেপটা আড়াল করেননি আর্সেনাল কোচ, ‘সব মিলে ফলটা ন্যায্যই ছিল, কিন্তু আমাদের জন্য হতাশাজনকই। ওরা এমন একটা সময়ে ফিরে এসেছে যখন মাঠে আমাদের অনেক ডিফেন্ডার ছিল।’ কুটিনহোর গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর আর্সেনালের হয়ে গোল করেন ডেবুশি ও জিরু।

ড্রয়ের পর লিভারপুল ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১০ নম্বরে, ৫ পয়েন্ট এগিয়ে আর্সেনাল আছে ছয়ে। এএফপি।