এক মন্তব্যেই ক্ষোভের আগুন

বিষবৃক্ষ উপড়ে ফেলা হয়েছে আগেই। তবে তার অদৃশ্য শেকড়টা থেকেই গেছে। মাঝেমধ্যেই সেই শেকড় থেকে জার্মানিতে উঁকি দেয় বর্ণবাদের চারা গাছ। যেমন দিল আবার। এবারের লক্ষ্যবস্তু ফুটবলার জেরোম বোয়াটেং।
জার্মানির ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) উপপ্রধান আলেক্সান্ডার গলান্দ গত রোববার জার্মানির একটি পত্রিকাকে (এফএএস) বলেন, ‘মানুষ ওকে (বোয়াটেং) ভালো ফুটবলার বলেই মনে করে, কিন্তু কেউই ওর প্রতিবেশী হতে চাইবে না।’
ঘানাইয়ান বংশোদ্ভূত বোয়াটেং জার্মানির জাতীয় দলের অন্যতম সদস্য। দেশটির শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখে খেলেন। ২০১৪ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্যও। এমন একজন তারকা ফুটবলারের প্রতিবেশী হতে নারাজ জার্মানির মানুষ? স্রেফ তিনি কালো বলে?
গলান্দের মন্তব্য সঙ্গে সঙ্গে জ্বালিয়েছে ক্ষোভের আগুন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায়, গলান্দ দাবি করেন, বোয়াটেংকে নিয়ে এসব বলা তো দূরের কথা, তাঁকে নাকি চেনেনই না, ‘এফএএস সুকৌশলে যেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমি কিন্তু মিস্টার বোয়াটেংকে মোটেও অপমান করিনি। আমি তো তাঁকে চিনিই না, তাঁকে অপমান করার প্রশ্নই তাই আসে না।’
তাঁর এই আত্মপক্ষ সমর্থন অবশ্য ধোপে টিকছে না। এফএএস এরই মধ্যে জানিয়েছে, যে দুজন প্রতিবেদক কথা বলেছিলেন গলান্দের সঙ্গে, দুজনের কাছেই পুরো কথোপকথনের রেকর্ড আছে। অবস্থা বেগতিক দেখে পার্টির প্রধান ফ্রুক পেত্রি বলেছেন, ‘গলান্দ আসলে ঠিক মনে করতে পারছেন না উনি এমনটা বলেছিলেন কি না। সেটা তিনি বলুন আর না-ই বলুন, এর পরিপ্রেক্ষিতে যা কিছু হয়েছে, এর জন্য আমি মিস্টার বোয়াটেংয়ের কাছে ক্ষমা চাইছি। জেরোম বোয়াটেং অসাধারণ একজন ফুটবলার, নিজ যোগ্যতাতেই তিনি জার্মানি জাতীয় দলে খেলেন। এবারের ইউরোর দিকেও আমি তাকিয়ে আছি।’
জার্মানির বর্তমান জাতীয় দলে একাধিক ফুটবলার আছেন যাঁদের শেকড় আসলে ভিন্ন দেশে। বোয়াটেং ছাড়াও মেসুত ওজিল, স্যামি খেদিরারাও অভিবাসী পরিবার থেকে উঠে আসা ফুটবলার। বর্তমান ইউরোপে এই অভিবাসী সংকট নতুন করে বিতর্কটা উসকে দিয়েছে। ইউরোপ ভিনদেশিদের জন্য দরজা এভাবেই খোলা রাখবে কি না। জার্মানির ইসলামবিরোধী একটি সংগঠন সম্প্রতি ফেসবুকে অভিবাসী পরিবার থেকে উঠে আসা ফুটবলারদের তীব্র আক্রমণ করেছিল গত সপ্তাহেই। এর পরপরই গলান্দের এমন মন্তব্য সেই আগুনে যেন ঘি-ই ঢেলেছে।
তবে বেশির ভাগ মানুষই এমন বর্ণবিদ্বেষের বিরুদ্ধে। উগ্র জাতীয়তাবাদ এই দলগুলো মূল পুঁজি হলেও জনমতের চাপে তাই এদের পিছু হটতে দেখা যাচ্ছে। এমনকি জার্মানির শীর্ষ পর্যায়ের মানুষও এ ধরনের উগ্র মন্তব্যের বিরুদ্ধে। জার্মান ফুটবল লিগের প্রধান রেইনহার্ড গ্রিন্ডেল এমন মন্তব্যকে বলেছেন ‘বিস্বাদপূর্ণ’।
তিনি বলেছেন, ‘বোয়াটেং অসাধারণ একজন খেলোয়াড়ই শুধু নন, মানুষ হিসেবেও দুর্দান্ত। বিভিন্ন সামাজিক উদ্যোগে জড়িয়ে থাকেন, তরুণদের জন্য আদর্শও।’
জার্মানির বিচারবিষয়ক মন্ত্রী হেইকো মাস বলেছেন, ‘এ ধরনের কথা যারা বলে প্রতিবেশী হিসেবে তারাই জঘন্য।’ জার্মান ফুটবল দলের ম্যানেজার অলিভার বিয়েরহফ বলেছেন, ‘এমন মন্তব্যের মুখোমুখি আগেও হতে হয়েছে আমাদের। এ নিয়ে কথা বলার কোনো মানে হয় না। যাঁরা এসব বলেন, তাঁরা নিজেদেরই অপমান করেন।’ জার্মানির গত বিশ্বকাপজয়ী দলের এক সদস্য বোয়াটেংয়ের সঙ্গে নিজের ছবি টুইটারে পোস্ট করে বিয়েরহফ লিখেছেন, ‘জার্মানির জন্য বিশ্বকাপ জিততে চাইলে এমন প্রতিবেশীই আপনার দরকার।’ আর বায়ার্নের প্রধান কার্ল হেইঞ্জ রুমেনিগে বলেছেন, ‘এ ধরনের বিদ্বেষের কোনো জায়গা খেলাধুলায় নেই, সমাজেও। এগুলোকে সরাসরি দেখাতে হবে লাল কার্ড।’ এএফপি।