এক মাস পেছাল ফুটবলের দলবদল
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দলবদল শুরু হওয়ার কথা ছিল গতকাল থেকে। কিন্তু এক মাস পিছিয়ে সেটা শুরু হবে ২৮ জানুয়ারি। দলবদল শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। তবে বিদেশি ফুটবলারদের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে ৩১ মার্চ পর্যন্ত। কাল পেশাদার লিগ কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
মূলত চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলোর দাবিতেই দলবদল পেছানো হয়েছে বলে জানালেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী, ‘আমরা ধারণা করেছিলাম এই সময়ের মধ্যে চ্যাম্পিয়নশিপ লিগের খেলা শেষ হবে। কিন্তু খেলা শেষ হতে এখনো দেরি আছে। আগে থেকে বলাও যাবে না কারা প্রিমিয়ারে উঠবে। তাই ওদের সময় দিতেই দলবদল এক মাস পেছানো হয়েছে।’
ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নতুন ফুটবল মৌসুম শুরু হবে স্বাধীনতা কাপ ফুটবল দিয়ে। দলবদল নিয়ে শেখ জামাল ও মোহামেডানের কোনো আপত্তি নেই বলেই জানালেন সালাম মুর্শেদী, ‘লিগ কমিটির সভায় ছিলেন শেখ জামালের প্রতিনিধি আশরাফ উদ্দিন চুন্নু এবং মোহামেডানের অন্যতম পরিচালক সারোয়ার হোসেন। তাঁদের উপস্থিতিতেই আলোচনা হয়েছে এবং কোনো বিষয়েই তাঁরা আপত্তি তোলেননি।’