এক মৌসুমেই ছয় চ্যাম্পিয়নকে হারালেন মেসিরা

সর্বশেষ মৌসুমটা বড্ড বাজে গিয়েছিল বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগ তো বটেই, জেতা হয়নি লিগ শিরোপাটাও। চ্যাম্পিয়ন হওয়া যাদের ‘নেশা’, সেই বার্সা গত মৌসুম শেষ করল একপ্রকার শিরোপা শূন্য থেকেই। এ কারণেই কিনা মেসিরা পণ করলেন, এ মৌসুমে সব চ্যাম্পিয়নদের হারিয়ে গত মৌসুমের জ্বালা জুড়োবেন, একে একে হারাবেন ইউরোপের ছয় চ্যাম্পিয়নকে!
ফুটবলের শীর্ষ লিগ সবগুলোই হয় ইউরোপে। এর মধ্যে নিঃসন্দেহে এগিয়ে থাকবে লা লিগা, বুন্দেস লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি ‘আ’, লিগ ওয়ান ও ডাচ লিগ। সর্বশেষ মৌসুমে লা লিগা জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বুন্দেস লিগা উঠেছে বায়ার্ন মিউনিখের ঘরে। প্রিমিয়ার লিগ জিতেছে ম্যানচেস্টার সিটি। লিগ ওয়ান প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। ডাচ লিগ জিতেছে আয়াক্স।
লিগ শিরোপা জয়ী এই বায়ার্ন, অ্যাটলেটিকো, সিটি, পিএসজি, আয়াক্স-সবারই একটি অভিন্ন তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হয়েছে এ মৌসুমে। সব দলই হেরেছে বার্সার বিপক্ষে। বার্সাকে হারানো তো দূরে থাক, ড্র পর্যন্ত করতে পারেনি কেউই। এখানে বার্সার কাছে হারা ষষ্ঠ চ্যাম্পিয়ন দলটি আপোয়েল। সাইপ্রাসের লিগ চ্যাম্পিয়ন।
এ মৌসুমে রিয়ালের কাছে অ্যাটলেটিকো ‘বারমুডা ট্রায়াঙ্গল’ হলেও বার্সার কাছে তাদের হারানো যেন জলবৎ তরলং কাজ! লিগে প্রথম দফা ৩-১ ব্যবধানে হারিয়েছে লুইস এনরিকের দল। আরেক দফা বাকি আছে। সেটা অনুষ্ঠিত হবে ১৭ মে। এ ছাড়া কোপা গেল রেতে হারিয়েছে দুই লেগে মিলিয়ে ৪-২ ব্যবধানে।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বাজার সামনে পড়েছিল আপোয়েল। সাইপ্রাসের লিগ চ্যাম্পিয়নরা দুই লেগ মিলিয়ে হারল ৫-০ ব্যবধানে। গ্রুপের অন্য দল পিএসজি হারল দুই লেগ মিলে ৫-৪ আর আয়াক্স ৫-১ ব্যবধানে।
এরপর দ্বিতীয় পর্বে প্রিমিয়ার লিগ বিজয়ী সিটিকে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে হারাল এনরিকের দল। কোয়ার্টার ফাইনালে আবারও সেই পিএসজি। দুই লেগ মিলে ফরাসি জায়ান্টদের ৫-১ ব্যবধানে হারিয়ে রীতিমতো উড়িয়েই দিল কাতালান জায়ান্টরা।
সেমিফাইনালে প্রথম লেগে জার্মান জায়ান্ট বায়ার্নকে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করে ফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সা। শীর্ষ লিগের বাকি থাকল কেবল সিরি ‘আ’ চ্যাম্পিয়ন জুভেন্টাস। তাদের হারানোর সুযোগ বার্সার সামনে পড়েই আছে। রিয়াল মাদ্রিদকে সেমিফাইনালে প্রথম লেগে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠার পথ বেশ প্রশস্ত জুভেন্টাসের। আর ফাইনালে যদি জুভদের পায় বার্সা, তখন দুটো ‘মওকা’-১. চ্যাম্পিয়নস লিগ জেতা ২. ইউরোপের শীর্ষ লিগের সব চ্যাম্পিয়নদের হারিয়ে নিজেদের আধিপত্য পুনরায় নিশ্চিত করা!
এত দূর হেঁটে, মৌসুমের এ শেষ মৌসুমে, এত প্রাপ্তির সম্ভাবনা নিশ্চয় পায়ে ঠেলে দিতে চাইবেন না মেসিরা।
বার্সার কাছে ‘চ্যাম্পিয়ন’দের হার
| দল | যে লিগে চ্যাম্পিয়ন | বার্সার কাছে হেরেছে যেখানে |
|---|---|---|
| অ্যাটলেটিকো | লা লিগা | লা লিগা (৩-১), কোপা ডেল রে (দুই লেগ মিলিয়ে ৪-২) |
| আপোয়েল | সাইপ্রাস প্রথম বিভাগ | চ্যাম্পিয়নস লিগ (দুই লেগ মিলিয়ে ৫-০) প্রথম পর্ব |
| পিএসজি | লিগ ওয়ান | চ্যাম্পিয়নস লিগ (দুই লেগ মিলিয়ে ৫-৪) প্রথম পর্ব |
| আয়াক্স | ডাচ লিগ | চ্যাম্পিয়নস লিগ (দুই লেগ মিলিয়ে ৫-১) প্রথম পর্ব |
| সিটি | ইংলিশ প্রিমিয়ার লিগ | চ্যাম্পিয়নস লিগ (দুই লেগ মিলিয়ে ৩-১) দ্বিতীয় পর্ব |
| পিএসজি | লিগ ওয়ান | চ্যাম্পিয়নস লিগ (দু্ই লেগ মিলে ৫-১) কোয়ার্টার ফাইনাল |
| বায়ার্ন মিউনিখ | বুন্দেস লিগা | চ্যাম্পিয়নস লিগ (প্রথম লেগে ৩-০) সেমিফাইনাল |