এক ম্যাচ খেলেই এএফসির দুইয়ে বাংলাদেশের গোলরক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুর রহমান। ফাইল ছবি: প্রথম আলো
আনিসুর রহমান। ফাইল ছবি: প্রথম আলো
>এক ম্যাচ খেলেই বাংলাদেশের আনিসুর পেছনে ফেলে দিয়েছেন ইরাকের গোলরক্ষককে।

এএফসি কাপের অভিষেক ম্যাচে দুইটি পেনাল্টি সেভ। আর তাতেই এএফসি কাপের সেরা পেনাল্টি সেভের তালিকায় উঠে এসেছেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। আজ এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা সামাজিক যোগযোগ মাধ্যম এএফসি কাপের ফেসবুকে প্রকাশ করেছে পেনাল্টি সেভের সেরা গোলরক্ষকদের তালিকা। দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশ জাতীয় দলের এই গোলরক্ষক।

গত মাসের ১১ তারিখে এএফসি কাপে মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসের বিপক্ষে অভিষেক ঘটে আনিসুর রহমান ও তাঁর দল বসুন্ধরার। বসুন্ধরা পেয়েছে ৫-১ গোলের বড় জয়। দুই বারের পেনাল্টিতে আনিসুর সেভ করেছিলেন তিনটি শট। এক বার প্রথম শট রুখে দিলেও গোল লাইনের সামনে চলে আসার অপরাধে পুনরায় শটের সুযোগ পায় মালদ্বীপের ক্লাব। পরের বারও বাঁ দিকে ঝাঁপ দিয়ে ঠেকিয়ে দেন তিনি।

সে সুবাদেই বাংলাদেশের তরুণ এই গোলরক্ষকের নাম উঠে এসেছিল এএফসি কাপের সপ্তাহ সেরা ৫ জন খেলোয়াড়ের তালিকায়। এক ম্যাচে ৩টি পেনাল্টি সেভের বিষয়টি উল্লেখ করে এএফসি তাদের ওয়েবসাইটে আনিসুরকে ‘দ্য ওয়াল’ বলে আখ্যায়িত করেছিল। আর ভোটাভুটিতে পেয়েছিলেন সর্বোচ্চ ভোট।

আজ প্রকাশিত হয়েছে পেনাল্টি সেভের তালিকা। এএফসি কাপে সর্বোচ্চ তিনটি পেনাল্টি সেভ দিয়েছেন এক নম্বরে আছেন ফিলিপাইনের রোলান্ড মুলার। ফিলিপাইনের প্রিমিয়ার লিগের ক্লাব সেরেস নেগরোস এফসির হয়ে খেলেন। তিনটি পেনাল্টি সেভ দিতে এএফসি কাপ ও এএফসি কাপের বাছাইপর্ব মিলিয়ে ছয়টি ম্যাচ খেলতে হয়েছে ৩২ বছর বয়সী এই গোলরক্ষককে। আনিসুরের মতো দুইটি করে পেনাল্টি সেভ আছে ইরাকের ফাহাদ তালিব ও কম্বোডিয়ার ইয়াতি সোউয়ের। তালিকায় তিন নম্বরে থাকা ইরাকি আল জাওরা ক্লাবের ফাহাদ এএফসি কাপে খেলেছেন সাতটি ম্যাচ। চতুর্থ স্থানে থাকা কম্বোডিয়ার নেগাওয়াল্ড এফসি খেলা ইয়াতি সোউ এএফসি কাপ ও এএফসি কাপের বাছাইপর্ব মিলিয়ে ম্যাচ খেলেছেন ১৫টি।

করোনাভাইরাসের কারণে বর্তমানে স্থগিত আছে এএফসি কাপের ম্যাচ। কবে থেকে শুরু হবে টুর্নামেন্টটি, তা এখনো জানায়নি এশিয়ান ফুটবল সংস্থা।