এক ম্যাচ হাতে রেখেই স্বপ্নপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অদম্য বাংলাদেশ অধিনায়ক কৃষ্ণা রানীকে ফেলে দিল তাইপের ডিফেন্ডার চেন চিয়ো ই (ছবিতে নেই)। ছিটকে গেল তাইপের গোলরক্ষক ওয়াং ইউ-টিং। এরপর তো ম্যাচ থেকেই ছিটকে গেছে তাইপে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
অদম্য বাংলাদেশ অধিনায়ক কৃষ্ণা রানীকে ফেলে দিল তাইপের ডিফেন্ডার চেন চিয়ো ই (ছবিতে নেই)। ছিটকে গেল তাইপের গোলরক্ষক ওয়াং ইউ-টিং। এরপর তো ম্যাচ থেকেই ছিটকে গেছে তাইপে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

শেষ বাঁশি বাজতেই গোটা বঙ্গবন্ধু স্টেডিয়াম ঘুরে বিজয় মিছিল করল মেয়েরা। গ্যালারি থেকে ঝরল করতালি-বৃষ্টি। এই অকুণ্ঠ অভিনন্দন কঠিন প্রতিপক্ষ চীনা তাইপেকে ৪-২ গোলে হারিয়ে কাঙ্ক্ষিত জয়টি তুলে নেওয়ার জন্য। ৫-৬ হাজার দর্শকের করতালিই শুধু নয়, এমন কীর্তির জন্য বড় মঞ্চে সংবর্ধনাও দাবি করছে বাংলাদেশের অদম্য কিশোরীরা।
কিন্তু ম্যাচ শেষেও ওরা জানত না অলক্ষ্যে চূড়ান্ত লক্ষ্যটা পূরণ হয়ে গেছে! বুঝতে পারেনি কত বড় অর্জন ধরা দিয়েছে হাতের মুঠোয়। এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ দল উঠে গেছে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্বে। আগামী বছর যেখানে তারা খেলবে জাপান, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ার মতো পরাশক্তিদের সঙ্গে। বাংলাদেশের মেয়েরা এশিয়ার শীর্ষ স্তরে খেলবে। কদিন আগেও তো এটি ছিল অকল্পনীয়।
কৃতিত্ব গোটা দলের। তবে কালকের ‘যুদ্ধ’ জয়ে যোগ্য অধিনায়কের মতো খেলল কৃষ্ণা রানী সরকার। গোল করে এবং করিয়ে ম্যাচসেরা কৃষ্ণার অনন্যসাধারণ নৈপুণ্য অনেক দিন মনে রাখার মতো। দিনে দিনে কখন যে কৃষ্ণার দল এমন মনোমুগ্ধকর ফুটবল শিখে ফেলেছে, সেই খোঁজ হয়তো কেউ জানে না। নীরব সাধনায় কৃষ্ণারা নিজেদের তুলে নিল নতুন উচ্চতায়। ছেলেরা যখন মালদ্বীপের কাছে ৫ গোলে হারের লজ্জায় ডোবায় দেশকে, এই কিশোরীরা তখন ওড়ায় বিজয়পতাকা!
ইরানকে ৩-০ গোলে হারিয়ে শুরু। সিঙ্গাপুরকে ৫-০ এবং কিরগিজদের ১০-০ গোলে ভাসিয়ে দিয়ে কালকের ম্যাচে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। এর আগে এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলের আঞ্চলিক পর্বে নেপাল ও তাজিকিস্তানে চ্যাম্পিয়ন হওয়াই ছিল বাংলাদেশের নারী ফুটবলে বড় অর্জন। ওই দুটি দলের মেয়েরাই খেলছে এই টুর্নামেন্টে। এবং কোনো দলই দাঁড়াতে পারছে না তাদের সামনে।
আগামীকাল শেষ ম্যাচে আরব আমিরাতের কাছে হারলেও সমস্যা নেই। সে ক্ষেত্রে প্রথম চার ম্যাচ জিতে পাওয়া ১২ পয়েন্টই যথেষ্ট হবে চূড়ান্ত পর্বে ওঠার জন্য। ধরা যাক, বাংলাদেশ কাল হারল আমিরাতের কাছে এবং শেষ ম্যাচে চীনা তাইপে-ইরান লড়াইয়ে এক দল জিতল। যারাই জিতুক তাদের পয়েন্ট হবে ১২। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী পয়েন্ট সমান হলে বিচার্য মুখোমুখি লড়াইয়ের ফল। সুখের বিষয়, বাংলাদেশ দল চীনা তাইপে ও ইরান দুই দলকেই হারিয়েছে।
ইরানকে প্রথম ম্যাচে সহজে হারালেও তাইপেকে নিয়ে ভয় ছিল। দুই দেশের সিনিয়র দলের মধ্যে র্যা ঙ্কিং পার্থক্য যে ৮৩ ধাপ। বাংলাদেশ ১২১, তাইপে ৩৮। সেই ভয় বেড়ে যায় ম্যাচের ১১ মিনিটে নিজেদের দ্বিতীয় আক্রমণ থেকেই তাইপে গোল করে ফেলায়। দ্রুত পাল্টা আক্রমণে প্রায় ২৫ গজ দূর থেকে সু ইউর আচমকা শটে বাংলাদেশ গোলরক্ষক মাহমুদা পরাস্ত। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে ১৮ গোল করে এই প্রথম গোল খাওয়ার তোতো স্বাদ!
গোল শোধে মরিয়া মেয়েরা আক্রমণের বন্যা বইয়ে চেপে ধরে তাইপেকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের বৃষ্টিভেজা ভারী মাঠও তাদের বাধা হতে পারেনি। কাদায় বল আটকে যাচ্ছিল মাঝেমধ্যেই। কিন্তু অধিনায়ক কৃষ্ণা হয়ে উঠল অপ্রতিরোধ্য। ওকে আটকাতে হিমশিম খাচ্ছিল তাইপের রক্ষণ। ২৬ মিনিটে তো তাকে বক্সে ফেলেই দিল। পেনাল্টি কাজে লাগিয়ে ডিফেন্ডার শামসুন্নাহার সরিয়ে দিল চাপটা।
কৃষ্ণাকে ফাউল করার জন্য লাল কার্ড দেখল তাইপের ডিফেন্ডার চেন চাও। ওতেই আসলে ম্যাচ জয়ের কাজটা অর্ধেক সারা। ১০ জনের দলের পক্ষে বাংলাদেশকে আটকানো সম্ভব ছিল না। অদম্য কৃষ্ণা বারবার ঢুকছিল, ৩৬ মিনিটে আবারও তাকে বক্সে ফেলে দিলে আরেকটি পেনাল্টি। এবং শামসুন্নাহারের দ্বিতীয় গোল। নিখুঁত পেনাল্টি। প্রথমবার গোলরক্ষকের ডান এবং দ্বিতীয়বার বাঁ দিক দিয়ে বল জালে।
কিন্তু কৃষ্ণার কি নিজে গোল না করলে চলে! আগের তিন ম্যাচে ৫ গোল করা টাঙ্গাইলের মেয়ে ৫৬ মিনিটে বাঁ দিক থেকে বক্সে ঢুকে বাঁ পায়ের কোনাকুনি শটে করল চোখ জুড়িয়ে যাওয়া এক গোল। জয় মোটামুটি নিশ্চিত হয়ে গেলেও আক্রমণে এতটুকু ক্ষান্তি দেয়নি বাংলাদেশ। ৭৮ মিনিটে জটলার মধ্যে আলতো টোকায় মার্জিয়া এনে দেয় চতুর্থ গোল।
তাইপের কিশোরীরা মরণকামড় দিতে চেয়েছে শেষক্ষণে। ৮৮ মিনিটে ৪-২ করে স্কোরলাইন। পরপরই আরেকটি লাল কার্ডে তাইপে হয়ে যায় ৯ জনের দল। স্কোরলাইনে তা কোনো প্রভাব ফেলেনি। ততক্ষণে মেয়েদের বয়সভিত্তিক কোনো টুর্নামেন্টে চূড়ান্ত পর্বে উঠে গেছে বাংলাদেশ। পূরণ হয়েছে কৃষ্ণা-সানজিদা-মার্জিয়াদের স্বপ্ন।
বাংলাদেশ দল: মাহমুদা, শামসুন্নাহার, নার্গিস, শিউলি, মাসুরা, সানজিদা, মৌসুমী, আনুচিং (স্বপ্না), মার্জিয়া (মনিকা), কৃষ্ণা, মারিয়া।