এক ম্যাচে তিন গোলরক্ষক!

অনেক দিন হলো বড় দলগুলোর সঙ্গে মার্সেলো বিয়েলসাকে দেখা যায় না। ফলে এই আর্জেন্টাইন কোচের ডাকনাম যে ‘এল লোকো’, সেটি ভুলতেই বসেছে সবাই। কিন্তু ঢেঁকি তো স্বর্গে গেলেও ধান ভানে। বিয়েলসাও কম যান না। গতকাল নিজের ডাকনামটা আবারও সবাইকে মনে করিয়ে দিয়েছেন। তাঁর কারণেই তো এক ম্যাচেই তিনজনকে পরতে হলো গোলরক্ষকের গ্লাভস!

নিয়মিত গোলরক্ষকের চোট কিংবা লাল কার্ডের কারণে এক ম্যাচে দুজন গোলরক্ষকের দেখা মিলতেই পারে। তবে কোনো কারণে দলের বদলির কোটা পূরণ হয়ে গেলে, মাঠের অন্য কোনো খেলোয়াড়কেও গ্লাভস হাতে গোল সামলাতে দেখা যায়। ইংলিশ তারকা জন টেরির গ্লাভস হাতে গোলবারের নিচের সেই ছবি অনেকেরই মনে থাকার কথা। কিন্তু একই ম্যাচে দুজন আউটফিল্ড খেলোয়াড়কে গোলবারে দেখতে পারার মতো সৌভাগ্য সম্ভবত এর আগে কারওই হয়নি। বিয়েলসা সে সুযোগটা করে দিলেন।

স্ট্রাসবুর্গের বিপক্ষে ম্যাচের শুরুতেই লিলের দুই খেলোয়াড়ের চোট। ১৯ মিনিটের মধ্যেই দুজন বদলি খেলোয়াড় নামাতে হয়েছিল বিয়েলসাকে। এরপর যেকোনো কোচ সাবধানী চাল চালতে বাধ্য। কিন্তু বিয়েলসা তো একটু অন্য রকমই। ম্যাচের ৩৭ মিনিটেই দলের কৌশলে পরিবর্তন আনতে শেষ বদলি খেলোয়াড়কেও নামিয়ে দিলেন তিনি।
এ পর্যন্ত ঠিকঠাকই চলছিল। কিন্তু ম্যাচের ৬২ মিনিটে মাঠের বাইরে বদল নিয়ে কাড়াকাড়ি, বচসার মধ্যে লিলে গোলরক্ষক মাইক মেইনান প্রতিপক্ষের মিডফিল্ডার বেঞ্জামিন করনেতের মাথায় বল মেরে বসেন। ব্যস, লাল কার্ড!

স্ট্রাইকার নিকোলাস ডি প্রিভিল্লেকেই তাই গোল সামলানোর দায়িত্ব দেওয়া হলো। ঠেকায় পড়ে বেশ কিছুক্ষণ ভালোই করছিলেন। কিন্তু ৭৪ মিনিটে একটা গোল খেয়ে বসলে তাঁর থেকে গ্লাভস নিয়ে মিডফিল্ডার ইব্রাহিম আমাদুকে দেওয়া হয়। গোল শোধ করার শেষ চেষ্টা আরকি!
কিন্তু উল্টো ৮২ ও ৮৮ মিনিটে দুই গোল খেয়ে ৩-০ ব্যবধানে ম্যাচ হারে লিলে। তবে সমর্থকেরা সান্ত্বনা পাবেন এই ভেবে, দল জিতুক কিংবা হারুক, বিয়েলসা ডাগ আউটে থাকলে অন্তত একঘেয়ে সময় কাটাতে হবে না দলকে! সূত্র: গোল।