এক ম্যাচে গোলরক্ষকের দুই আত্মঘাতী গোল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হতাশার একটি রাতই কেটেছে ব্রাইটন গোলরক্ষক ডেভিড স্টকডেলের। ছবি: রয়টার্স
হতাশার একটি রাতই কেটেছে ব্রাইটন গোলরক্ষক ডেভিড স্টকডেলের। ছবি: রয়টার্স

বেচারা স্টকডেল! কী দুর্ভাগ্যের একটি রাতই না কাটিয়েছেন ব্রাইটনের এই গোলরক্ষক। ইংল্যান্ডের দ্বিতীয় সারির লিগ চ্যাম্পিয়নশিপে তাঁর দল নরউইচ সিটির কাছে হেরেছে ২-০ গোলে। দুটি গোলই ছিল ডেভিড স্টকডেলের আত্মঘাতী!
আত্মঘাতী এই গোল দুটি হয়েছেও বেশ অদ্ভুতভাবে। প্রতিপক্ষের অ্যালেক্স পিচার্ড পুরো ম্যাচে দুটি শটই লক্ষ্যে রাখতে পেরেছিলেন। দুটি শটের প্রথমটি লেগেছিল ক্রসবারে, দ্বিতীয়টি পোস্টে। কিন্তু দুটি থেকেই গোল পান তিনি। প্রথম শটটি ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকাতে চেয়েছিলেন স্টকডেল। কিন্তু বলের নাগাল পাননি। বারে লেগে বল এসে লাগে তাঁর মাথায়। এরপর ঢুকে যায় জালে। দ্বিতীয় শটটি ঠেকাতে তিনি ঝাঁপ দিয়েছিলেন বাঁ দিকে। তাঁকে ফাঁকি দিয়ে বল গিয়ে লাগে পোস্টে। ফিরে এসে আবারও মাথায় লেগে বল ঢুকে যায় ব্রাইটনের জালে!
এমন মুফতে গোল পেয়ে পিচার্ড নিজেও একটু অবাক। জানিয়েছেন, এভাবে আরও গোল পেলে তাঁর জন্য বিষয়টি মন্দ হবে না, ‘এমন বিষয় আর ঘটবে বলে মনে করি না আমি। কিন্তু এমন সাহায্য পেলে তো ভালোই হবে!’ সূত্র: এএফপি

ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন: (https://www.youtube.com/watch?v=rWFndgN4QFE)