এক ম্যাচেই চূড়ায় নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর নেইমারের সেই ‘ট্রেডমার্ক’ লাফ। পরশু ৪ গোল করে বার্সার ব্রাজিলিয়ান স্ট্রাইকার একাই বিধ্বস্ত করেছেন রায়ো ভায়েকানোকে l এএফপি
গোলের পর নেইমারের সেই ‘ট্রেডমার্ক’ লাফ। পরশু ৪ গোল করে বার্সার ব্রাজিলিয়ান স্ট্রাইকার একাই বিধ্বস্ত করেছেন রায়ো ভায়েকানোকে l এএফপি

স্প্যানিশ দৈনিক স্পোর্ত-এর প্রচ্ছদে বড় হরফে ছাপা, ‘পিচিচি নেইমার’। মাত্রই ৮টি ম্যাচ গেছে, লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটা এখনো অনেক দূরের পথ। সবচেয়ে বড় কথা, ২০০৮ সাল থেকে পিচিচি ট্রফিটাকে প্রায় সম্পত্তি বানিয়ে ফেলা লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো আছেন না! তবে ৮ গোল নিয়ে নেইমার বার্সার হয়ে প্রথমবারের মতো মেসি-রোনালদোকে ছাড়িয়ে গেছেন, আপাতত এটাই সত্যি!
পরশু ৪ গোল করেই অবশ্য চূড়ায় উঠে গেছেন নেইমার। রায়ো ভায়েকানোর সঙ্গে বার্সেলোনার জয়টা আক্ষরিক অর্থেই ছিল নেইমারময়। এমনিতেই ভায়েকানো তাঁর প্রিয় প্রতিপক্ষ, লা লিগায় সবচেয়ে বেশি গোল (৬টি) করেছেন তাদের বিপক্ষেই। ৫-২ গোলের জয়ে পরশু যেটা করেছেন, সেটা এমনকি লিওনেল মেসিও করতে পারেননি। পেশাদার ক্যারিয়ারে পঞ্চমবার ৪ গোল করার পাশাপাশি লুইস সুয়ারেজকে দিয়ে করিয়েছেন বার্সার শেষ গোলটিও। এক ম্যাচে ৪ গোল করার ও একটি করানোর কৃতিত্ব মেসিরও নেই। গ্যালারি থেকে সতীর্থের জন্য নিশ্চয়ই গলা ফাটিয়েছেন মেসি!
চোটের কারণে মেসি যখন নেই, বার্সা নেইমারের কাছ থেকে এমন কিছুই চাইছিল। ১৫ মিনিটেই পিছিয়ে পড়ার পর সেটি আরও বেশি করেই প্রত্যাশিত ছিল। এরপর পেনাল্টি থেকে দুই গোল করেছেন, দুটিই আদায় করে নিয়েছেন নিজে। নেইমার তো এমনি এমনি বললেন না, ‘জিততে পেরে আমি খুবই খুশি, নিজের পারফরম্যান্স নিয়েও। সতীর্থদের সবাইকে অভিনন্দন। এই ম্যাচটা ছিল বার্সার জার্সি গায়ে আমার সেরা ম্যাচগুলোর একটি।’ পরিসংখ্যানও অবশ্য সেটিই বলছে, এর আগে কখনো যে বার্সার হয়ে ৪ গোল করেননি।
এমন জয়ের পরও লুইস এনরিকের কিছুটা উদ্বেগ আছে। রক্ষণটা নিশ্ছিদ্র রাখতে পারছেই না বার্সা। এই মৌসুমে প্রথম ৮ ম্যাচে ১১ গোল হজম করে ফেলেছে, অথচ গতবার প্রথম ৮ ম্যাচে একটি গোলও জালে ঢোকেনি। পরশু বেশ কিছু সহজ সুযোগ নষ্ট না করলে জয়টা আরও দাপুটেই হতে পারত। এসব কিছু স্বীকার করেও বার্সা কোচের কণ্ঠে নেইমার-বন্দনা, ‘মৌসুমের শুরু থেকেই নেইমার দুর্দান্ত খেলছে। সে খুবই কার্যকর ছিল, এক অর্থে অপ্রতিরোধ্য। যে গতিতে সে পেনাল্টি বক্সে ঢুকে পড়ছে তাতে হয় তাকে ফাউল করতে হবে নইলে গোল করতে দিতে হবে।’
এ ম্যাচ যেমন দেখাল তাতে নেইমারকে আটকানো ডিফেন্ডারদের জন্য সহজ হবে না! এএফপি, মার্কা, গোলডটকম।
নেইমারের চার গোল
সময় ক্লাব প্রতিপক্ষ
জানুয়ারি, ২০১১ ব্রাজিল অনূর্ধ্ব-২০ প্যারাগুয়ে অনূর্ধ্ব-২০
অক্টোবর, ২০১১ সান্তোস অ্যাটলেটিকো প্যারানেন্স
এপ্রিল, ২০১৩ সান্তোস উনাইও বারবারেন্স
অক্টোবর, ২০১৪ ব্রাজিল জাপান
অক্টোবর, ২০১৫ বার্সেলোনা রায়ো ভায়েকানো
৪
২০০৪ সালে হুলিও ব্যাপ্টিস্টার পর এই প্রথম কোনো ব্রাজিলিয়ান লা লিগায় ৪ গোল করলেন
ক্লাইভার্ট, ইতো, মেসির পর এই শতাব্দীর চতুর্থ বার্সেলোনা খেলোয়াড় হিসেবে ম্যাচে নেইমারের ৪ গোল