এক ম্যাচেই দুই জার্সি গায়ে আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ম্যাচেই দুই জার্সি গায়ে আবাহনী
এক ম্যাচেই দুই জার্সি গায়ে আবাহনী

দ্বিতীয়ার্ধের শুরুতেই চমকে উঠতে হলো। প্রথমার্ধে নীল রঙের জার্সি পরা আবাহনী লিমিটেড বিরতি শেষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছে হলুদ রঙের জার্সি গায়ে। একই ম্যাচে দুই অর্ধে দুই রঙের জার্সি, এ-ও সম্ভব? ফুটবলে এমনটা কে কবে দেখেছে! তবে জার্সির এই চমকটি উপহার দিয়েও ম্যাড়মেড়ে ম্যাচ উপহার দিয়েছে আগের ম্যাচে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে ফেলা ঢাকা আবাহনী। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে গোলশূন্য ড্র করেই শিরোপা হাতে নিয়েছে ঢাকার দলটি।

আগেই ঠিক করা ছিল, আজ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে শিরোপা তুলে দেওয়া হবে। তবে সেটা দেখার জন্য খুব বেশি দর্শক উপস্থিত ছিলেন না। তবে আবাহনীর সমর্থক যাঁরা এসেছিলেন, তাঁরা আকাশি রঙের জার্সি পরেই বসেছিলেন পশ্চিম গ্যালারিতে। ক্ষণে ক্ষণে ফুটিয়েছেন আতশবাজি, সঙ্গে ব্যান্ড পার্টির ব্যবস্থা তো ছিলই। শিরোপা উঁচিয়ে ঘোড়ার গাড়িতে করে ফিরেছেন ক্লাবে। চ্যাম্পিয়ন হওয়ার পর ঢাকাই ফুটবলের অতি পরিচিত দৃশ্য আর কী।

তবে আলোচনায় থাকল আবাহনীর দুই রঙের জার্সি পরে খেলাটাই। খোঁজ নিয়ে জানা গেল, চ্যাম্পিয়নরা আজ ম্যাচ জার্সি ছাড়াই এসেছিল মাঠে। ফলে ওয়ার্মআপের জার্সি গায়ে চাপিয়েই ম্যাচ শুরু। পরবর্তী সময়ে ক্লাব থেকে জার্সি নিয়ে এসে জার্সি বদল। বিষয়টি অবাক করার মতো হলেও নিয়মবহির্ভূত নয়। প্রধান রেফারি সুজিত ব্যানার্জি জানিয়েছেন, নিয়ম মেনে অনুমতি নিয়েই নাকি দলটি জার্সি বদল করেছে, ‘জার্সি বদল করাতে কোনো সমস্যা নেই। তবে দুই সেট জার্সির নম্বরই এক হতে হবে।’
নিয়ম মেনে জার্সি বদল হলেও চ্যাম্পিয়নদের কাছ থেকে এমন অপেশাদারি আচরণ কি মেনে নেওয়া যায়?