এক লেগের নকআউট পর্বই মনে ধরেছে উয়েফার

রোমাঞ্চে ভরা ছিল এবারের চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনায় কত কিছুই না বদলে গেছে! স্বাস্থ্যবিধি মেনে মাঠে খেলা শুরু হলেও গ্যালারি পড়ে আছে ফাঁকা। এবারের চ্যাম্পিয়নস লিগে একরকম বাধ্য হয়েই বেশ কিছু নিয়ম কানুনে পরিবর্তন এনেছে উয়েফা। নতুন নিয়মে কোয়ার্টার ফাইনাল থেকে একই ভেন্যুতে এক লেগে হয়েছে সব ম্যাচ। আর এতে যে রোমাঞ্চ ছড়িয়েছে তাতে মুগ্ধ উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। ভবিষ্যতে এক লেগের নকআউট পর্ব দেখা যেতে পারে বলেও জানিয়েছেন তিনি।

সাধারণত চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো থেকে সেমিফাইনাল পর্যন্ত প্রতিটি দল দুই লেগে একে অন্যের মুখোমুখি হয়। একবার নিজেদের মাঠে, অন্যবার প্রতিপক্ষের মাঠে। ফাইনালটা হয় নিরপেক্ষ কোনো ভেন্যুতে। করোনা হানা না দিলে এবারের ফাইনাল হওয়ার কথা ছিল তুরস্কের ইস্তাম্বুলে।

কিন্তু মার্চে করোনাভাইরাস এসে সব হিসেব বদলে দিয়েছে। খেলা আবার শুরু করা যাবে কি না, গেলে কীভাবে কী করা হবে...অনেক বিষয় বিবেচনার পর শেষ পর্যন্ত উয়েফা সিদ্ধান্ত নেয়, কোয়ার্টার ফাইনাল থেকে টুর্নামেন্টের বাকি সব দলকে লিসবনে নিয়ে গিয়ে সেখানেই বাকি ম্যাচগুলো হবে। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল দুই লেগের বদলে হবে এক লেগের। অনেকটা বিশ্বকাপ, ইউরো বা কোপা আমেরিকার স্বাদ দেওয়ার মতো আর কী!

যদিও এক লেগে খেলা হওয়ায় ম্যাচের সংখ্যা স্বাভাবিকভাবেই কমে গেছে। আর এই বিষয়টাও মাথায় রাখতে হচ্ছে উয়েফা সভাপতিকে, ‘অনেক রোমাঞ্চকর ম্যাচ হচ্ছে সত্যি, তবে ম্যাচ কমে যাওয়ার ব্যাপারটাও আমাদের মাথায় রাখতে হবে। ম্যাচ সম্প্রচারকারীরা বলতে পারে, খেলার সংখ্যা তো আগের মতো হচ্ছে না। তাই এখনকার কঠিন পরিস্থিতি পেরিয়ে গেলে এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে।’

চ্যাম্পিয়নস লিগের বর্তমান ফরম্যাট অবশ্য আগামী ২০২৪-২৫ মৌসুম পর্যন্ত পরিবর্তন করা হবে না।