এক শর অপেক্ষায় রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁকে হাতছানি দিচ্ছে চ্যাম্পিয়নস লিগে গোলের সেঞ্চুরির রেকর্ড। সে জন্য আর দুটি গোল দরকার। ক্রিস্টিয়ানো রোনালদো পারবেন? ওয়ারশ বিমানবন্দরে নামার পর কি সেটির চিন্তায়ই মগ্ন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড? l রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট
তাঁকে হাতছানি দিচ্ছে চ্যাম্পিয়নস লিগে গোলের সেঞ্চুরির রেকর্ড। সে জন্য আর দুটি গোল দরকার। ক্রিস্টিয়ানো রোনালদো পারবেন? ওয়ারশ বিমানবন্দরে নামার পর কি সেটির চিন্তায়ই মগ্ন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড? l রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট

আহা, এমন দুর্দান্ত একটা কীর্তির সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে আজ চ্যাম্পিয়নস লিগ, অথচ সেটি দেখার জন্য মাঠে তেমন দর্শকই থাকবেন না!
আর দুটি গোল! তাতেই হবে কীর্তিটা। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম কোনো ফুটবলারের গোলের সেঞ্চুরি! লেগিয়া ওয়ারশর মাঠে আজ ক্রিস্টিয়ানো রোনালদো সেটি করতে পারবেন কি না, তা একটা ব্যাপার। তবে করলেও রোনালদোকে উঠে দাঁড়িয়ে অভিবাদন যে জানাবেন, সেই সৌভাগ্যও হবে মেরেকেটে মাত্র শ পাঁচেক দর্শকের। গ্রুপ পর্বে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দর্শকেরা হাঙ্গামা বাধানোয় লেগিয়ার সমর্থকেরা আজ নিজেদের মাঠেই ঢুকতে পারবেন না। তবে রিয়াল মাদ্রিদের শ দুয়েক সমর্থক থাকবেন মাঠে।
আজ গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ শেষ হচ্ছে সব কটি দলের। স্বাভাবিকভাবেই শেষ ষোলোর হিসাব-নিকাশও শুরু হয়ে যাচ্ছে। ঘরের মাঠে আজ স্পোর্টিং ক্লাব দ্য পর্তুগালের (স্পোর্টিং লিসবন) বিপক্ষে খেলতে নামার আগে বরুসিয়া ডর্টমুন্ডের জন্য হিসাবটা অবশ্য সহজ। জার্মান ক্লাবটি জিতলে, ওদিকে রিয়ালও জিতলে দুই দলই চলে যাবে পরের রাউন্ডে। জিতলেই পরের রাউন্ডে—এই সমীকরণ নিয়ে জুভেন্টাস আজ ঘরের মাঠে নামবে ফরাসি ক্লাব লিওঁর বিপক্ষে, আর গত মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটি খেলবে কোপেনহেগেনের মাঠে।
সময়ের সেরাদের একজন বলে স্পটলাইটটা রোনালদোর ওপর সব সময়ই থাকে। তার ওপর আজ আছে মাইলফলকের হাতছানি। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের অবশ্য ফুরফুরে মেজাজেই থাকার কথা। কদিন ধরে চলতে থাকা ‘রোনালদো গোল পাচ্ছেন না কেন’ সমালোচনাগুলোকে অবশেষে মাটিচাপা দিতে পেরেছেন লিগে সর্বশেষ ম্যাচে আলাভেসের মাঠে হ্যাটট্রিক করে। একে তাঁর ফর্ম, তার ওপর প্রতিপক্ষ ‘পুঁচকে’ লেগিয়াও পোলিশ লিগে আছে ছয় নম্বরে—আজ তাই চ্যাম্পিয়নস লিগে রোনালদোর শততম গোলটি পাওয়া যেন অনেকটাই ভবিতব্য মনে হচ্ছে।
রোনালদোর কীর্তি হোক আর না হোক, সর্বশেষ পাঁচ ম্যাচে ২৪ গোল করা রিয়াল মাদ্রিদের গোল-উৎসব চোখ বন্ধ করে ভবিষ্যদ্বাণী করা যায়! দল নিয়ে অবশ্য কোচ জিনেদিন জিদানের কপালে চিন্তার ভাঁজ পড়ার কথা। সার্জিও রামোস চোটে পড়ে অনেক দিন নেই, নতুন করে চোট কেড়ে নিয়েছে পেপেকেও। রিয়াল কোচ মাদ্রিদে রেখে এসেছেন ডিফেন্ডার মার্সেলো ও মিডফিল্ডার হামেস রদ্রিগেজকেও। তরুণদের ওপরই আস্থা রাখছেন জিদান, সেই তরুণেরা আস্থার প্রতিদান কতটা দিতে পারেন, তা-ই দেখার বিষয়।
জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রিকেও আজ দল সাজাতে হচ্ছে চোটে পড়া পাওলো দিবালাকে ছাড়া। তবে গঞ্জালো হিগুয়েইন তো আছেন। রোববার লিগে সাবেক ক্লাব নাপোলির বিপক্ষে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন ‘এল পিপিতা’। সেদিন ম্যাচের পরেও অবশ্য টানা পাঁচবার সিরি ‘আ’-জয়ী দলটির অধিনায়ক জিয়ানলুইজি বুফন আরও ভালো পারফরম্যান্স চেয়েছেন সতীর্থদের কাছে। ইউরোপে জুভেন্টাসের বলার মতো কীর্তি যে শুধু ২০১৫ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলা। বুফনও তাই বলেছিলেন, ‘ইতালি ও ইউরোপ, দুই জায়গাতেই আমরা উজ্জ্বল একটা ভবিষ্যৎ গড়তে চাই এবং সেটিকে টেনে নিয়ে যেতে চাই।’
আজ লিওঁর বিপক্ষে জিতলেই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে জুভেন্টাস, আসল পরীক্ষাটাও তখনই। এএফপি, রয়টার্স।
আজ মুখোমুখি
মোনাকো-সিএসকেএ
টটেনহাম-লেভারকুসেন
ডর্টমুন্ড-স্পোর্টিং
লেগিয়া-রিয়াল মাদ্রিদ
কোপেনহেগেন-লেস্টার
পোর্তো-ব্রুগা
সেভিয়া-জাগরেব
জুভেন্টাস-লিঁও
* প্রথমে স্বাগতিক দল

টুকিটাকি
* ২০১৩ সালের এপ্রিলে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর ইউরোপিয়ান প্রতিযোগিতায় ঘরের মাঠে টানা ১৮ ম্যাচ অপরাজিত জুভেন্টাস।
* গত বছরের আগস্টে লিগ মৌসুমের প্রথম ম্যাচে উদিনেসের কাছে হারার পর সব প্রতিযোগিতা মিলিয়েই ঘরের মাঠে অপরাজিত বুফন-দিবালারা।
* গতকালের আগ পর্যন্ত এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে চারটি দল কোনো গোল খায়নি—লেস্টার সিটি, অ্যাটলেটিকো মাদ্রিদ, জুভেন্টাস ও সেভিয়া।
* চ্যাম্পিয়নস লিগে টানা ৪০ ম্যাচে গোলপোস্ট অক্ষত রাখতে পারেননি সিএসকেএ মস্কো গোলকিপার ইগর আকিনফিভ।
* জার্মানিতে গিয়ে কখনোই জেতেনি স্পোর্টিং, ১২ ম্যাচে হেরেছে ১১টিতেই।
* গ্রুপ পর্বে এখন পর্যন্ত তিনটি দলই কোনো পয়েন্ট পায়নি—লেগিয়া, ব্রুগা, ডায়নামো জাগরেব।