এক সপ্তাহে দুইবার বরখাস্ত!

শিরোনাম পড়ে একটু ধন্দেই পড়ে যেতে পারেন। এক সপ্তাহে কেউ দুবার ছাঁটাই হন কীভাবে? কিন্তু মেক্সিকোর ক্লাব চিয়াপাসের কোচ হোসে সাতুরনিনো কারদোজোর এমন অভিজ্ঞতাই হয়েছে! গত পরশু মেক্সিকোর ঘরোয়া লিগে ক্রুজ আজুলের কাছে ৩-০ গোলে হারার পর কয়েক দিনের মধ্যে দ্বিতীয়বার চাকরি হারিয়েছেন।
নিশ্চয় একটা প্রশ্ন উঁকি দিচ্ছে, প্রথমবার চাকরি হারানোর পরেই বা কারদোজোকে ফিরিয়ে আনা হলো কেন? এই মৌসুমে চিয়াপাসের লিগে শুরুটা হয়েছে ভুলে যাওয়ার মতো, প্রথম আট ম্যাচের ছয়টিতেই তারা হেরে গিয়েছিল। এর পরেই গত সপ্তাহের সোমবার কারদোজোকে ছাঁটাইয়ের চিঠি ধরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ যতই আস্থা হারাক, খেলোয়াড়দের মধ্যে কারদোজো আবার দারুণ জনপ্রিয়। ছাঁটাইয়ের পর বেঁকে বসেন খেলোয়াড়েরা, এই কোচকে ছাড়া তাঁরা তো মাঠেই নামবেন না। একরকম বাধ্য হয়েই ক্লাব কর্তৃপক্ষ এক দিন পরই আবার ফিরিয়ে আনে কারদোজোকে। কিন্তু খেলোয়াড়েরা কোচকে আরেকটি সুযোগ আর দিতে পারেননি। গত শনিবার পরের ম্যাচটাও হেরে যাওয়ায় আবার বরখাস্ত করা হয় কারদোজোকে।
চিয়াপাসের প্রেসিডেন্ট কার্লোস লোপেজের কথা থেকেই বোঝা যায়, ক্লাবের অবস্থা কতটা শোচনীয়, ‘ক্লাব কতটা খারাপ অবস্থায় আছে, সেটা খেলোয়াড়দের বোঝানোর জন্যই এ রকম কিছু একটার দরকার ছিল।’ সর্বশেষ হারের পর চিয়াপাস এখন চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে। কারদোজো যা সর্বনাশ করার তা করেই গেছেন! সূত্র : রয়টার্স।