এক সেরাকে পেয়ে বিশ্বকাপের আরেক সেরাকে হারাবে না তো রিয়াল!

বিশ্বকাপের সেরা? ‘ব্রিং হিম হোম!’ রিয়াল মাদ্রিদের চোখ বরাবরই বিশ্বসেরাদের ওপর থাকে। বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলে তো কথাই নেই। এবারের গোল্ডেন গ্লাভস জেতা থিবো কোর্তোয়াকে দলে টেনেছে রিয়াল। কিন্তু ওদিকে গোল্ডেন বল জেতা লুকা মদরিচ ক্লাব ছাড়ার হুমকি দিয়ে বসে আছেন!
ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছেড়েছেন। লুকা মদরিচও ছাড়তে চাইছেন। বিশ্বের এক নম্বর ক্লাব। টানা তিনবারের চ্যাম্পিয়নস লিগ জেতার কীর্তি মাত্রই গত মৌসুমে করল। রোনালদোর ব্যাপারটা না হয় রিয়াল সমর্থকেরা মেনে নিয়েছেন। কিন্তু তাদের নিজস্ব ‘এলএমটেন’ কেন থাকতে চাইছে না! তাও আবার যেতে চাইছে ইন্টার মিলানে, যে ইন্টার গত ৭ বছরে কিছুই জেতেনি!
এই ব্যাপারটাই মাথায় ঢুকছে না রিয়াল সমর্থকদের। বিশ্বকাপে মদরিচ যা খেলেছেন, কোনো অবস্থাতেই তাঁকে হারাতে চাইবে না রিয়াল। তবে ইন্টার মিলান বিশ্বকাপের আগে থেকেই গোপনে গোপনে অনেক দূর এগিয়ে গেছে। রিয়াল পুরো ব্যাপারটা জেনেছে অনেক দেরিতে। যদিও মদরিচের সঙ্গে ২০২০ পর্যন্ত চুক্তি আছে স্প্যানিশ ক্লাবটির। মদরিচের বাই আউট ক্লজও ৭৫০ মিলিয়ন ইউরোর অবিশ্বাস্য অঙ্ক বানিয়ে রেখেছে রিয়াল। কিন্তু মদরিচ নিজে যদি যেতে চান, তাঁকে আটকানো যাবে না। যেমন যায়নি মদরিচের জাতীয় দল সতীর্থ মাতেও কোভাচিচকে। কোভাচিচ এরই মধ্যে চেলসিতে নাম লিখিয়েছেন।
এই অবস্থায় আজ মদরিচ ও তাঁর এজেন্টের সঙ্গে সরাসরি বৈঠকে বসেছে রিয়াল। রিয়াল মনে করে, মদরিচ ক্লাব ছাড়তে চাইছেন শুধু বেতনের কারণে। ৩২ বছর বয়স চলছে। এটাই তাঁর ক্যারিয়ারে সবচেয়ে বড় চুক্তির শেষ সুযোগ। সময় আর ফর্মও তাঁর পক্ষে। এখন যদি বাড়িয়ে নিতে না পারেন, তাহলে আর কখন? ইন্টার মিলান তাকে বছরে ১০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দিয়েছে। যা তার এখনকার বেতনের প্রায় দ্বিগুণ। মদরিচ এখন বছরে বেতন পান ৬৫ লাখ ইউরো।
রিয়াল অবশ্য মদরিচকে বেশি বেতন দিতে তৈরি। তবে শোনা যাচ্ছে তাদের নতুন চুক্তিতে মদরিচকে বছরে দেওয়া হবে ৮ মিলিয়ন পাউন্ডের কিছু কম। কিন্তু তাতেই কি সব ঝামেলা মিটে যাবে? মদরিচকে ইন্টার যদি সত্যিই বছরে ১০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়ে থাকে, রিয়ালের জন্য তিনি কি এ পরিমাণ অর্থ ছাড় দিতে রাজি হবেন? মদরিচের বেতন বাড়লে রিয়ালের সিনিয়র খেলোয়াড়দের বেতনও আবার বাড়াতে হবে না তো? টনি ক্রুস বা সার্জিও রামোস যদি আবার হতাশ হয়ে পড়েন!
আর তা ছাড়া মদরিচের রিয়াল ছাড়তে চাওয়ার একমাত্র কারণ নাকি বেতন নয়। তিনি নতুন চ্যালেঞ্জ চাইছেন। এখন দেখা যাক, রোনালদো চলে যাওয়ার পর যে খেলোয়াড়টির জার্সি সবচেয়ে বেশি বিক্রি করেছে রিয়াল, বিশ্বকাপের সেরা খেলোয়াড় মদরিচকে ধরে রাখতে পারে কি না।