এক হাতেই গোলরক্ষক!

প্রথম দর্শনে লোকটাকে গোলরক্ষক হিসেবে মেনে নিতেই কষ্ট হবে। মাথায় টাক পড়ে যাওয়া পঞ্চাশ ছুঁই ছুঁই একজন লোক, তিনি আবার কী করে গোলপোস্ট সামলাবেন? বলতে পারেন, ফন ডার সার তো চল্লিশ পেরিয়ে দিব্যি গোলকিপিং করে গেছেন। তবে তুদোরেল মিহাইলেস্কু একমেবাদ্বিতীয়ম অন্য কারণে। এক হাত ছাড়াও যে গোলপোস্ট সামলানো যায়, সেটা তো বুলগেরিয়ার এই গোলরক্ষকই দেখিয়েছেন!
জীবন নাকি কখনো কখনো চলচ্চিত্রের চিত্রনাট্যের চেয়েও বিস্ময়কর। মিহাইলেস্কুর জন্য কথাটা আরও বেশি করেই খাটে। দুর্ভাগ্য তাঁর আজন্ম সঙ্গী, জন্মেছিলেন হাড়বিহীন বাঁ হাত নিয়ে। তখনই সেটি কেটে বাদ দিতে হয়। এক হাত নিয়েই বেড়ে উঠেছেন। গোলরক্ষক হওয়ার সুপ্ত ইচ্ছা ছিল সব সময়ই। কিন্তু কমিউনিস্ট শাসিত বুলগেরিয়ায় সেই ইচ্ছাপূরণের রাস্তায় ছিল অজস্র কাঁটা। সরকারের অনুমতি না পাওয়ায় যৌবনে চাইলেও মাঠে নামা হয়নি।
সেই ইচ্ছা পূরণ হয়েছে পড়ন্ত বেলায়। তবে কারও দাক্ষিণ্য বা অনুগ্রহে নয়, বুলগেরিয়ার পঞ্চম বিভাগের ক্লাব এফসি ফ্রাতিয়ার দ্বিতীয় দলে সুযোগ পেয়েছেন নিজের কৃতিত্বেই। একটা হাতের অক্ষমতা ঢেকে দিয়েছেন অন্যদিকে। মিহাইলেস্কু জানাচ্ছেন, ‘ক্ষিপ্রতা ও পজিশনিং আমার সবচেয়ে বড় শক্তি। আমাকে তো অক্ষমতাটা অন্যদিকে পূরণ করতে হবে।’ এই তো সেদিনও, ক্লাবের দ্বিতীয় দলের হয়ে একটা ম্যাচে দুর্দান্ত কিছু সেভ করেছেন। পুরস্কারও পেয়েছেন, পরের ম্যাচেই একটা সুযোগ মিলেছে ক্লাবের প্রথম দলে।
গোলরক্ষক হওয়ার নেশাটা রক্তেই ছিল বলে ধারণা মিহাইলেস্কুর, ‘গোলরক্ষক হওয়ার জন্য আমি সাধ্যমতো সবকিছু করেছি। জন্মের ওপর তো আমার হাত নেই, কিন্তু সেটা আমার স্বপ্ন দেখায় বাধা হতে পারেনি।’ কিন্তু ৪৭ বছর বয়সে তো বেলা শেষের গান শোনার কথা। মিহাইলেস্কু সেসব ভাবছেনই না, ‘আমার বয়স ৪৭, কিন্তু মনের দিক দিয়ে আমি তরুণ। আমি তো অবসরের কোনো সম্ভাবনাই দেখছি না।’
ঠিকই তো, স্বপ্ন কখনো অবসর নেয় নাকি! ফোরফোরটু।