এক হালি গোলের সন্ধ্যায় পয়েন্ট ভাগাভাগি!

পাল্টাপাল্টি ম্যাচে মোট গোল হলো চারটি। একবার এক দলের এগিয়ে যাওয়া তো, পরেই অন্য দলের সমতায় ফেরা। শেষ পর্যন্ত এগিয়ে যাওয়া আর সমতায় ফেরার সন্ধ্যায়ও কেউ জিততে পারেনি! শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনীর মধ্যকার এ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। আবাহনীর হয়ে গোল দুটি করেছেন লিওনেল পেরেক্স ও জাহিদ হোসেন এবং শেখ রাসেলের গোল দুটি এসেছে মোনায়েম খান রাজু ও ফ্রান্সিস জ্যাকসের কাছ থেকে।
কিক অফের ৬ মিনিটেই মোনায়েম খান রাজুর দুর্দান্ত গোলে এগিয়ে যায় শেখ রাসেল। প্রতিপক্ষ মিডফিল্ডার সোহেল রানার পা থেকে বল কেড়ে ডি বক্সের বাইরে থেকে জোরালো প্লেসিং শটে গোলটি করেন রাজু। কিন্তু সমতা নিয়েই বিরতিতে যায় আবাহনী। ৪৩ মিনিটে আবদুল্লাহর ফ্রি কিকে প্লেসিং শটে ব্যবধান ১-১ করেন পেরেক্স। সমতায় ফেরার পর এগিয়েও যায় আবাহনী। ৮২ মিনিটে আবদুল্লাহর পাস থেকে গোল করেন জাহিদ হোসেন। যদিও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি চট্টগ্রামের ক্লাবটি। ৮৮ মিনিটে লক্ষ্যভেদ করে শেখ রাসেলকে ২-২ গোলে সমতায় ফেরান ফ্রান্সিস জ্যাকস।
ড্র করলেও ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম আবাহনী। আর ২০ পয়েন্ট নিয়ে পাঁচে শেখ রাসেল। প্রিমিয়ার লিগে মোট ১৫টি ম্যাচ খেলেছে চট্টগ্রাম আবাহনী। এর মধ্যে ১২ ম্যাচেই ‘ক্লিন শিট’ ধরে রেখেছে তারা। অর্থাৎ মাত্র তিন ম্যাচে গোল হজম করেছে চট্টগ্রামের দলটি। এর মধ্যে শুধু শেখ রাসেলের বিপক্ষেই দুই ম্যাচে গোল হজম করল তারা।