এক হ্যাটট্রিকেই নাম উঠল রেকর্ডে

কাল প্রিমিয়ার লিগে নিজের প্রথম হ্যাটট্রিকটা পেলেন সলোমন রনডন। মাত্র ১৩ মিনিটের মধ্যে তিন গোল। আর এই হ্যাটট্রিকেই জায়গা পেয়ে গেলেন রেকর্ড বইয়ে। এ যে এক বিরল হ্যাটট্রিক। তিনটা গোলই করেছেন হেড করে। প্রিমিয়ার লিগে এমন হ্যাটট্রিক এর আগে ছিল একটাই। সেটিও ১৯৯৭ সালে, প্রায় ২০ বছর আগে। বোল্টনের বিপক্ষে হেড থেকে তিন গোল করেছিলেন এভারটনের ডানকান ফার্গুসন। সেই হ্যাটট্রিকও হয়েছিল ডিসেম্বরে।
তাঁর তিন গোলে সোয়ানসি সিটিকে ৩-১-এ হারিয়েছে ওয়েস্ট ব্রোম। রনডনও নিশ্চয়ই হাঁফ ছেড়ে বাঁচলেন। এর আগে যে টানা ৯ ম্যাচে গোল পাননি। কালও যে খুব সহজে গোল পাচ্ছিলেন না নয়। ৫০ মিনিট পর্যন্ত স্কোর ০-০।
এমন সময়ই অকস্মাৎ জেগে উঠলেন যেন। ম্যাটি ফিলিপের ফ্রি কিক থেকে হেডে প্রথম গোল করলেন। ৬১ ও ৬৩ মিনিটে আরও দুটি। তাতেই রেকর্ড বইয়ে উঠে×গেল তাঁর নাম।
ম্যাচ শেষে মজা করে টুইট করেছেন, ‘আমরা আমাদের মাথা ব্যবহার করি কোনো কিছু চিন্তা করতে...আর গোল করতেও!’