এক 'রোবারি' জুটির গল্প

>‘রোবারি’ শব্দের অর্থ ডাকাতি। রিবেরি-রোবেন জুটি ডাকাতের মতোই কেড়ে নিয়েছে অনেকের ঘুম
‘এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান’—সুকান্তের কবিতা সুদূর জার্মানিতে পৌঁছেছে কি না, জানা নেই। পৌঁছালেও তা যে ফ্র্যাঙ্ক রিবেরি আর আরিয়েন রোবেনের কান পর্যন্ত পৌঁছায়নি, তা নিশ্চিত করে বলা যায়। বায়ার্নে শেষ সময়ের সঙ্গে তাঁদের এত মিল, সেটি হয়তো তাঁরা নিজেরাও জানেন না। দুজনের গল্প যে সুকান্তের ‘ছাড়পত্র’ কবিতার মতোই।
সূর্যটা মাত্র মধ্যগগনে দেখা দিয়েছে কী দেয়নি, অ্যালিয়াঞ্জ অ্যারেনার সামনে দাঁড়ানোর জো নেই। আজকের ম্যাচ যে সূর্যটা মধ্যগগনে থাকতে থাকতেই শুরু। বাইরে থেকে ‘ডাঙ্কে কিং’—চ্যান্ট আস্তে আস্তে ঢুকে পরল অ্যালিয়াঞ্জ অ্যারেনায়। মাঠের ভেতর উঁচু হলো ব্যানারগুলো। যাঁদের কপালে সোনার হরিণ টিকিটের দেখা মেলেনি, তাঁদের জায়গাটা বাইরেই। এ ম্যাচে জিততে না পারলে হারাতে হতে পারে লিগ, তাতে থোড়াই কেয়ার। যে বিদায় রাগিণী বাজছে সবার মনে, তাতে একটা জয়–পরাজয়ে কীই–বা যায়–আসে?
বিদায় রাগিণী থেকে জয়ের দিকেই ঝোঁকটাই বেশি নিকো কোভাচের। তা না হলে দুই মহারথী ছাড়া মাঠে নামার সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা আছে কী? শেষবারের মতো শুরুর একাদশে না নামতে পারেন, কিন্তু মাঠে নামা থামাবে কে? অ্যালিয়াঞ্জ অ্যারেনার সবুজ গালিচায় শেষবারের মতো প্রত্যাবর্তন হলো দুজনের। শেষবারের মতো যেন দুই বন্ধু নরম ঘাসের ওপর নিজেদের স্মৃতি রেখে যেতে চাইলেন। কত ধ্বংসযজ্ঞ হয়েছে এই মাঠে, একেবারে দিনদুপুরে ডাকাতি! এমনি এমনি তো ‘রোবারি’ নামটা আসেনি। কত ভক্তের স্বপ্নসারথি হয়েছেন দুজনে মিলে। সেসব স্বর্ণালি দিনের মতো আর কিছু হয় না।

গত দশ বছরে বাভারিয়ানদের সুখ–দুঃখের সঙ্গী–সাথি রোবেন। ইংলিশ-স্প্যানিশ লিগ কাঁপানো রোবেনকে হতে হয় বলি, তা–ও আবার যে সে বলি নয়, একেবারে ফ্লোরেন্তিনো পেরেজের ‘নিউ গ্যালাকটিকোস’-এর বলি। সেদিন রিয়ালের নতুন পরিকল্পনায় সঙ্গী না হতে পেরে বায়ার্নে এসে নিজেকে দুর্ভাগা ভেবেছিলেন নিশ্চয়। নিজের প্রিয় দল থেকে বাদ পরলে দুর্ভাগা ভাবাটা দোষের কিছু না। কিন্তু এই বায়ার্নে এসে যে অদ্ভুতুড়ে মায়ার সম্পর্কে জড়িয়ে পরবেন রোবেন, তা কী ঘুণাক্ষরেও জানতেন?

রিবেরি অবশ্য বাভারিয়ানদের সঙ্গে আছেন রোবেনের আগে থেকে। তার ‘ডাই রোটেন’দের সঙ্গে সম্পর্কের বয়স এক যুগ পেরিয়েছে। ২০০৬ বিশ্বকাপের পর যখন গায়ে ‘নতুন জিদান’ তকমা লাগতে শুরু হয়েছে, তখনই বায়ার্ন থেকে অফার এসেছিল। ২৩ বছরের রিবেরির জন্য কিপটেমিতে পটু বায়ার্নে দলবদলের রেকর্ড ভাঙার তোড় জোর। রিবেরিকে নিয়েই বিশ্বমঞ্চে আবার তোড়জোড় করার স্বপ্ন দেখা শুরু তাদের।
২৯ আগস্ট, ২০০৯; রিবেরি–রোবেনকে প্রথমবারের মতো একসঙ্গে দেখার সুযোগ হলো ফুটবল বিশ্বের। বদলি হিসেবে নেমে পাঁচ মিনিট লাগল নিজেদের এক করতে। রিবেরির পাসে বল জালে জড়িয়ে গোলের খাতা খুললেন রোবেন। সেই শুরু, এক নতুন গল্পের। সে গল্প আমাদের আশপাশের আর আট-দশটা গল্পের মতোই। বন্ধুর গল্প, বন্ধুত্বের গল্প। সে গল্পে হাসি-কান্না-আনন্দ, সুখ–দুঃখ সবই আছে। আছে মন–কষাকষি, রাগারাগি সব। সেদিনের মিনিট পাঁচেক দেখেই অটমার হিটজফেল্ড বুঝেছিলেন, বায়ার্নকে উঁচুতে কেউ তুলতে পারলে সেটি হবেন তাঁরাই।

রিয়ালের জার্সি তুলে রাখার এক বছরের মধ্যেই ফিরলেন রোবেন, চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলতে। কিন্তু ভাগ্য তাঁর সহায় হলো না, জাতীয় দল সতীর্থ স্নেইডার চোখের সামনে দিয়ে ছিনিয়ে নিলেন ইউরোপ সেরা মুকুট। এক মৌসুম বাদে আবারও ইউরোপের ফাইনালে বায়ার্ন। এবার আর কোনো ভুল নয়। গতবার মাদ্রিদে পারেননি, কিন্তু এই এবার ফাইনাল একেবারে অ্যালিয়াঞ্জ অ্যারিনায়। এ ফাইনালে আর হারানোর কিছু নেই। দৃঢ়প্রতিজ্ঞ ‘রোবারি’ জুটিই যথেষ্ট ডি মাত্তেওর ভঙ্গুর চেলসিকে থামাতে। অতিরিক্ত সময়ে পেনাল্টি। ইউরোপের হারানো মুকুট বায়ার্নের মাথায় তুলে দিতে একটি শটই দরকার।
রোবেনের গল্প সম্ভবত অন্যভাবে লিখে রেখেছিলেন বিধাতা। এত সহজে যে সাফল্যে তাঁকে ধরা দেবে না। শিরোপা অ্যালিয়াঞ্জ অ্যারিনায় রেখে দেওয়া তো দূরে থাক, পেনাল্টি থামিয়ে রাতারাতি হিরো হয়ে গেলেন পিওতর চেক। ‘চোখের মণি’ রোবেন হয়ে গেলেন ‘চোখের বালি’। শুধু কী তা–ই? ফ্রি–কিক নেওয়া নিয়ে বাগবিতণ্ডায় জড়ালেন দুই বন্ধু। কথায় আছে, অভিমান তার ওপরেই হয়, যার ওপর অধিকারটা বেশি। অভিমান বেশ তীব্রই ছিল। খেলা তো দূরে থাক, কথা বলা বন্ধ হয়ে গেল দুজনের। দুজনের গলায়-গলায় বন্ধুত্ব পরিণত হলো দা-কুমড়ো সম্পর্কে। হিটজফেল্ডের ইউরোপসেরার মুকুট ফেরত আনার স্বপ্নসারথি ছিল এই দুজন। তাঁদের ছাড়া চলবে কীভাবে এই বায়ার্ন? হেইকেন্স বুঝলেন, ডেকে পাঠালেন। অভিমান ভেঙে তিনজনে প্রতিজ্ঞা করলেন, এবার হাসি ফোটাবেন সবার মুখে।

২০১২-১৩ মৌসুমের ইয়ুপ হেইকেন্সের বায়ার্নকে কোনো বিশেষণেই বিশ্লেষণ করা যায় না। বুন্দেসলিগা, জার্মান কাপ তো ডাল-ভাত। চ্যাম্পিয়নস লিগে বাধা হয়ে দাঁড়িয়েছিল ‘ওল্ড লেডি’ আর বার্সা। দুই দলকে তুড়ি মেরে উড়িয়ে দিল বায়ার্ন। এবার ওল্ড ট্রাফোর্ডে প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। বাভারিয়ানদের আটকানোর মন্ত্র বেশ ভালোই জানেন ইয়ুর্গেন ক্লপ। কিন্তু সেদিন যেন কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াতে পারেনি বায়ার্নের সামনে। ৮৯ মিনিটেও ১-১। এরপরই শুরু হলো ‘রোবারি’ জুটির খেলা। মাঝমাঠ থেকে লম্বা পাস নিয়ন্ত্রণে আনলেন রিবেরি। ব্যাকহিলে পাস বাড়ালেন রোবেনকে। এরপর যেন চোখের সামনে সেই তিন ফাইনালের দগদগে স্মৃতি। এবার আর ভুল করলেন না। এ টাচে ছুড়ে ফেললেন হামেলস-সুভাচিচকে। সামনে রোমান ওয়াইডেলফেলার। তাঁর পায়ের ফাঁক গলে হালকা একটা শট।
পিনপতন নীরবতা জার্মানিজুড়ে। মিউনিখ থেকে ওয়েস্টফেলিয়া, পুরো জার্মানির চোখে টিভি পর্দায়। এক মুহূর্তের নীরবতা, এরপরই চিৎকারে ফেটে পড়ল ওয়েম্বলি। কর্নার ফ্ল্যাগের দিকে দৌড়ে গেলেন রোবেন, মাটিতে লুটিয়ে পড়ার আগেই তাঁকে ধরে ফেললেন রিবেরি। কে বলবে গত বছর দুজন দুজনকে দেখতে পারতেন না দুচোখে, অথচ আজ হাতে হাত রেখে মাতিয়ে বেড়েচ্ছেন ওল্ড ট্রাফোর্ড, একসঙ্গে উঁচিয়ে ধরলেন চ্যাম্পিয়নস লিগ। যে ম্যানচেস্টার ইউনাইটেড ১৪ বছর আগে তাঁদের সামনে থেকে ছিনিয়ে নিয়েছিল ট্রেবলের স্বপ্ন, ঠিক তাদের সামনেই উঁচিয়ে ধরলেন চ্যাম্পিয়নস লিগ, প্রথমবারের মতো জিতলেন ট্রেবল। যে অটমার হিটজফেল্ড রিবেরি –রোবেনে স্বপ্ন দেখছিলেন ইউরোপ সেরা হওয়ার, তাঁরাই এনে দিলেন।
বয়সটা ছাড়িয়েছে ৩০। আস্তে আস্তে সময় এসেছে নিজেদের ব্যাটন পাস করার। ডগলাস কস্তা, কিংসলে কোমানদের হাতে যখন বায়ার্নের ভবিষ্যৎটা দেখতে পেলেন, তখনই ঘোষণা দিলেন, আর নয়। বায়ার্নের হয়ে বিশাল এই পথচলা শেষ হবে এখানেই। যৌন কেলেঙ্কারির অভিযোগের পরও পেয়েছেন সমর্থকদের পূর্ণ সমর্থন। মাথা গরম করা, গড়নে খর্বকায় হওয়ার বারবার হতে হয়েছে অপমানিত। মুখে এত বড় চোটের কারণে বারবার শুনতে হয়েছে কথা। অথচ কোথাকার কোনো এক ফ্রেঞ্চকে বড্ড আপন করে নিয়েছিল বাভারিয়ানরা।

বায়ার্নে যেভাবে এসেছিলেন, ঠিক সেভাবেই বিদায় নিলেন। কোচ নিকো কোভাচ ৬ মিনিটের ব্যবধানে নামালেন দুজনকে। দুজনে গোলও পেলেন সেভাবেই। শেষদিনের স্মৃতিটা স্মরণীয় করে রাখলেন। ‘যেতে নাহি দেব হায়, তবু চলে যেতে দিতে হয়’—রবীন্দ্রনাথের কবিতা লাইনের মতো বিদায় নিলেন দুজন। শেষবারের মতো জার্সি গায়ে জড়ানো বাকি ছিল, সেটাও হয়ে গেল সেদিন। দুজনেই ফেরত এসেছেন অ্যালিয়াঞ্জ অ্যারিনায়—আরেকটি ‘ডাবল’ জয়ের আনন্দ ভাগাভাগি করতে। বিদায়ের আগেও বায়ার্নের শিরোপা ঘর ভর্তি করে দিয়ে গেলেন দুজনে।
তাঁদের গল্পটা ‘টম অ্যান্ড জেরি’র গল্পের মতো। একজন ছাড়া আরেকজন যেন অপূর্ণ। ১০ বছর পেরিয়েছে এই গল্পের, তরুণ তুর্কিদের হাতে বাভারিয়ান ঝান্ডা তুলে দিয়ে বিদায় নেবেন দুজনে। দুজনের গল্পের মোড় বেঁকে যাবে দুদিকে। নিত্যনতুন অভিযানের গল্প যোগ হবে দুজনের জীবনের পাতায়। সে গল্পে নতুন রোমাঞ্চ আসবে, খুঁজে নেবে নতুন বাঁক। কিন্তু পিছু ফিরে তাকালে স্বর্ণালি সময়টা বারবার ফিরে পেতে চাইবেন দুজনে। কিন্তু যে সময় একবার হারিয়েছে, তা কী ফেরত আসে, আনা যায়?