মে ১৩, ১৯০২। মাদ্রিদের এস্তাদিও দেল হিপিওদ্রোমো। মূলত ঘোড়দৌড়ের এই মাঠে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। চাইলে এটিকে প্রতীকী ভেবে নিতে পারেন। এরপর প্রায় শত বছর ধরে তো মাঠে, মাঠের বাইরে একে অন্যের সঙ্গে স্প্যানিশ ফুটবলের আধিপত্য প্রতিষ্ঠার ‘ঘোড়দৌড়’ই চলছে রিয়াল ও বার্সেলোনার। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ যখন এল ক্লাসিকো ইতিহাসের ২৩০তম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে মাঠে নামবেন দুই দলের খেলোয়াড়েরা, প্রেরণা থাকবে পেছনে পড়ে থাকা শত বছরের ইতিহাস।
কত ইতিহাস সৃষ্টি করা ম্যাচ, কত লড়াই, কতশত যুগস্রষ্টা খেলোয়াড়...। যুগে যুগে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে খেলে গেছেন ফুটবলের বড় বড় তারকা। এখনো খেলছেন। এঁদের মধ্য থেকে সেরা ১১ জন খুঁজে নেওয়া বেশ কঠিন। এই কঠিন কাজটিই করেছে গোলডটকম। পাঠকদের ভোটে ফুটবলের ওয়েবসাইটটি নির্বাচন করেছে এল ক্লাসিকোর সর্বকালের সেরা একাদশ।
৪-৩-৩ ফরমেশনে এই একাদশে জায়গা করে নিয়েছেন পরিচিত মুখগুলোই। বাদ পড়েছেন অনেক ইতিহাসগড়া খেলোয়াড়ও। চলুন দেখে নেওয়া যাক একাদশটি—
গোলরক্ষক: দুই দলের ম্যাচে গোলরক্ষকেরাই সবচেয়ে ‘নিপীড়িত’। ২৬২ ম্যাচে দুই দলের গোলরক্ষকদের মোট ৮৮৪ বার পোস্ট থেকে বল কুড়িয়ে আনতে হয়েছে। তার মধ্যেও অসাধারণ রিফ্লেক্স, ম্যাচের ফল পাল্টে দেওয়া সেভ দিয়ে কেউ কেউ নিজেদের আলাদা করে রেখেছেন। এর মধ্যে যদি একজনের নামই বলতে বলা হয়, তবে কী হবে সেটি? চোখ বন্ধ করে ইকার ক্যাসিয়াসের মুখটাই প্রথম ভেসে আসবে কল্পনায়। সবচেয়ে বেশি, ৬১ শতাংশ ভোট পেয়েছেন সন্ত ইকার। জামোরা-জুবিজারেতা-ভালদেসদের হারিয়ে সর্বকালের সেরা এল ক্লাসিকো একাদশে নির্বাচিত হয়েছেন সাবেক রিয়াল গোলরক্ষক।
ডিফেন্ডার: ৪ ডিফেন্ডারের মধ্যে রাইটব্যাকে জায়গা পেয়েছেন দানি আলভেজ। উল্টো দিকে ডিফেন্সের বাঁ পাশেও আছেন আরেক ব্রাজিলিয়ান—রবার্তো কার্লোস। আর রক্ষণের মূল ভিত্তি হিসেবে আছেন দুই স্প্যানিশ ডিফেন্ডার—কার্লোস পুয়োল ও সার্জিও রামোস। ভোটে দ্বিতীয় পছন্দের চারটি নাম ফার্নান্দো হিয়েরো, রোনাল্ড কোম্যান, জেরার্ড পিকে, মিশেল সালগাদো।
মিডফিল্ডার: সবচেয়ে বেশি তর্কবিতর্ক হতে পারে মাঝমাঠের তিনটি পজিশন নিয়ে। ডিফেন্সিভ মিডফিল্ডে প্রতিপক্ষের আক্রমণ নষ্ট করে দিতে আছেন সার্জিও বুসকেটস। তিনি পেয়েছেন ৩৭ শতাংশ ভোট। দলের ‘ইঞ্জিন’ হিসেবে মাঝমাঠে তাঁর সঙ্গী জাভি (৩২ শতাংশ) ও জিদান (৪৬ শতাংশ)। এই তিন ‘ভাগ্যবান’কে জায়গা করে দিতে বাদ পড়ে গেছেন ইয়োহান ক্রুইফ, আলফ্রেডো ডি স্টেফানো, রিভালদো, মাইকেল লাউড্রপ, লুইস ফিগোদের মতো কিংবদন্তিরা। আফসোস হতেই পারে, মিডফিল্ডেই কেন ১০ জন খেলে না!
ফরোয়ার্ড: আক্রমণের তিনটি ফলা হয়ে কারা আছেন? ফুটবলের সবুজ পিচকে সৃষ্টিশীলতায় রাঙিয়ে যাওয়া কতশত খেলোয়াড়ই তো যুগে যুগে দুই ক্লাবের হয়ে খেলে গেছেন। সর্বকালের সেরা এই একাদশের দুই উইঙ্গার নির্বাচিত হয়েছেন রোনালদিনহো ও ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদিনহো পেয়েছেন ৪৯ শতাংশ ভোট, আর রোনালদো ৪২ শতাংশ। এই দুজন ভোটে পেছনে ফেলেছেন আন্দ্রেস ইনিয়েস্তা, রিস্টো স্টইচকভ, হুয়ানিতো, পাকো গেন্তোদের। আর ‘ফলস নাইন’ পদ্ধতিতে মূল ফরোয়ার্ড হিসেবে কে খেলছেন সেটি এতক্ষণে অনুমান করতে পারার কথা—লিওনেল মেসি। এল ক্লাসিকোর ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ভোট পেয়েছেন ৬৪ শতাংশ! আর্জেন্টাইন ফরোয়ার্ড ভোটে পেছনে ফেলেছেন রোনালদো নাজারিও, রাউল, পুসকাস, ইতো, কুবালাদের।
একটা বিষয়, পাঠকদের ভোটের ক্ষেত্রে সাধারণত যা হয়, এখানেও তাই হয়েছে। নিকট অতীতে খেলে গেছেন বা এখনো খেলছেন এমন খেলোয়াড়ই বেশি থাকছে। সন্দেহ নেই, এই দল যেকোনো প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সবুজ মাঠে সৃষ্টিশীলতার ফুল ফোটাবে এ নিয়েও সংশয় সামান্যই। তবে ভোটে যাঁরা বাদ পড়েছেন তাঁদের নিয়েও আরও এমন দু-তিনটি একাদশ গড়ে নেওয়া যাবে, যাঁরা এই দলের সঙ্গে সমানে সমান লড়াই করার ক্ষমতা রাখেন।