একই দিনে জিতল দুই আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের রাউন্ডেই দুই আবাহনী ড্র করেছে একই দিনে। পরের রাউন্ডেই তারা জিতল জোড় বেঁধে। কাল বড় আবাহনী ২-১ গোলে হারাল আরামবাগকে, ছোট আবাহনী, অর্থাৎ চট্টগ্রাম আবাহনী মুক্তিযোদ্ধার বিপক্ষে জিতেছে ১-০ গোলে। তবে চট্টগ্রাম আবাহনীর জয়সূচক গোলটি ছিল বিতর্কিত।

৮৫ মিনিটে গোলটি করেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার অ্যালিসন। এটি সাত ম্যাচে তাদের ষষ্ঠ জয়। টিভি রিপ্লে দেখে মনে হয়েছে, গোলটির আগে চট্টগ্রাম আবাহনীর চার-পাঁচজন খেলোয়াড় অফসাইডে ছিলেন।

এ নিয়ে রীতিমতো ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা। টানা চতুর্থ ম্যাচ হেরে কোচ মাসুদ পারভেজ কায়সার বললেন, ‘বারবার আমরা পক্ষপাতমূলক রেফারিংয়ের শিকার হচ্ছি। এভাবে তো খেলতে পারব না। সঠিক রেফারিং না হলে লিগে টিকে থাকা মুশকিল।’

বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ঢাকা আবাহনী শুরু থেকেই দুই প্রান্ত ব্যবহার করে আক্রমণে উঠে গোল পেয়ে গেছে দ্রুতই। কর্নার থেকে আরামবাগ ডিফেন্ডারদের নির্লিপ্ততার সুযোগে আলতো টোকায় গোল করেন জীবন। পরপরই প্রায় ৪০ গজ দূর থেকে তরুণ ফরোয়ার্ড সাদের আচমকা শট জালে! চোখজুড়ানো এই গোল বঙ্গবন্ধু স্টেডিয়াম মনে রাখবে অনেক দিন।

তবে দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি আরামবাগ। বিরতির আগেই চনমনে বুকোলাকে বক্সে ফেলে দেন আবাহনী গোলরক্ষক সোহেল, পেনাল্টি থেকে সেই বুকোলাই করেন ২-১।

প্রিমিয়ার লিগে আজ থেকে ঈদ-বিরতি। ৬ সেপ্টেম্বর থেকে আবার মাঠে গড়াবে খেলা।