একই দিনে রেকর্ড 'বুড়ো' ও 'শিশু'র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সী কোচের রেকর্ড গড়লেন হেইঙ্কেস। ছবি: এএফপি
চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সী কোচের রেকর্ড গড়লেন হেইঙ্কেস। ছবি: এএফপি

অক্টোবরের শুরুতেই কার্লো আনচেলত্তিকে ছাঁটাই করে ইয়ুপ হেইঙ্কেসকে ফিরিয়ে এনেছে বায়ার্ন মিউনিখ। ২০১২-১৩ মৌসুমে বায়ার্নকে ‘ট্রেবল’ জিতিয়ে অবসরে যাওয়া হেইঙ্কেস চতুর্থবারের মতো দলটির কোচের দায়িত্বে ফিরেই গড়লেন দারুণ এক রেকর্ড। চ্যাম্পিয়নস লিগে সেল্টিকের বিপক্ষে ডাগ আউটে দাঁড়ালেন কাল। আর তাতেই ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাব আসরটির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী কোচ এখন হেইঙ্কেস।

কাল ডাগ আউটে যখন দাঁড়ালেন হেইঙ্কেস, বয়সের ঘড়িটা তখন দাঁড়িয়ে ৭২ বছর ১৬২ দিনে। চ্যাম্পিয়নস লিগে এত বেশি বয়সে কোচিংয়ের রেকর্ড আর কারও নেই। হেইঙ্কেস রেকর্ডটি গড়ার পথে টপকে গেছেন রেমন্ড গোয়েথালকে। ১৯৯৩ সালে প্রথম কোচ হিসেবে কোনো ফরাসি ক্লাবকে ইউরোপিয়ান আসরের শিরোপা জিতিয়েছিলেন গোয়েথাল। ১৯৯২-৯৩ মৌসুমে মার্শেইকে শিরোপা জেতানোর সময় বেলজিয়ান এ কোচের বয়স ছিল ৭১ বছর ২৩১ দিন। তাঁকে দুইয়ে ঠেলে শীর্ষে উঠলেন হেইঙ্কেস। ৭১ বছর ৬৪ দিন বয়সে চ্যাম্পিয়নস লিগে কোচের দায়িত্ব পালন করে তৃতীয় স্যার অ্যালেক্স ফার্গুসন।
হেইঙ্কেস যেদিন সবচেয়ে ‌‌‘বুড়ো’ কোচ হিসেবে রেকর্ড গড়েছেন সেদিন সর্বকনিষ্ঠ গোলরক্ষক হিসেবে ইতিহাস গড়েছেন বেনফিকার মাইল সভিলার। লিসবনে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১৮ বছর ৫২ দিন বয়সে অভিষিক্ত হয়েছেন বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ দলের এ গোলরক্ষক। এ কীর্তিতে তিনি টপকে গেলেন রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক ও অধিনায়ক ইকার ক্যাসিয়াসকে। ১৯৯৯ সালে চ্যাম্পিয়নস লিগে অভিষেকের সময় ক্যাসিয়াসের বয়স ছিল ১৮ বছর ১১৮ দিন।

ক্যাসিয়াসকে টপকে নতুন রেকর্ড গড়লেও খুশি হতে পারেননি সভিলার। ছবি: এএফপি
ক্যাসিয়াসকে টপকে নতুন রেকর্ড গড়লেও খুশি হতে পারেননি সভিলার। ছবি: এএফপি

তবে রেকর্ড গড়ার রাতকে নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবেন সভিলার। ইংলিশ ক্লাবটির কাছে বেনফিকা ১-০ গোলে হেরেছে যে তাঁর ভুলে! ৬৪ মিনিটে ৩৫ গজ দূর থেকে নেওয়া মার্কাস র‍্যাশফোর্ডের ফ্রি-কিকে বলের ‘ফ্লাইট’ বুঝতে গড়বড় করে ফেলেন সভিলার। পজিশন থেকে কিছুটা এগিয়ে গিয়েছিলেন। ভুলটা বোঝার পর খানিক পিছিয়ে বল ধরলেও ততক্ষণে ঢুকে পড়েছেন নিজেদের জালে! শেষ বাঁশি বাজার পর ভীষণ মুষড়ে পড়া সভিলারকে তাঁর সতীর্থদের পাশাপাশি সান্ত্বনা দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়েরাও। সূত্র: এএস, গোল ডট কম।