একই মোহনায় মেসি-নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাবে দুজন হাসেন একসঙ্গেই, ব্রাজিল-আর্জেন্টিনার হয়েও পরশু মেসি-নেইমার হেসেছেন গোলের হাসি l এএফপি
ক্লাবে দুজন হাসেন একসঙ্গেই, ব্রাজিল-আর্জেন্টিনার হয়েও পরশু মেসি-নেইমার হেসেছেন গোলের হাসি l এএফপি

লন্ডন থেকে ইস্তাম্বুলের দূরত্ব আড়াই হাজার কিলোমিটার। তবে লিওনেল মেসি-নেইমারের মধ্যে অলক্ষ্যে একটা বোঝাপড়া বোধ হয় হয়ে গিয়েছিল। ইস্তাম্বুলে নেইমারের আলো ছড়ানোর ঘণ্টা খানেক পর বার্সেলোনা-সতীর্থ মেসিও দ্যুতি ছড়ালেন। ব্রাজিল-আর্জেন্টিনা তাই পরশু একই পথের যাত্রী। তুরস্কের সঙ্গে ব্রাজিল জিতেছে অবশ্য অনায়াসেই (৪-০), তবে ক্রোয়েশিয়ার সঙ্গে জিততে (২-১) যথেষ্ট কাঠখড়ই পোড়াতে হয়েছে আর্জেন্টিনাকে।
ক্লাবে যতটা উজ্জ্বল, দেশের হয়ে ততটা নন—অনেক বড় খেলোয়াড়কেই এই অপবাদ শুনতে হয়েছে। নেইমারের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো। ক্লাবে যেমনই হোক, দেশের হয়ে গোল করতে কখনোই ক্লান্তি নেই বার্সেলোনা ফরোয়ার্ডের। পরশু তুরস্কের সঙ্গে করেছেন জোড়া গোল, ব্রাজিলের অন্য দুই গোলের একটি করেছেন উইলিয়ান, অন্যটি আত্মঘাতী।
বয়স মাত্র ২২, এখনই ৫৯ ম্যাচে হলুদ জার্সি পরে করে ফেলেছেন ৪২ গোল। দেশের হয়ে সর্বশেষ ৫ ম্যাচেই গোল পেলেন নেইমার। তাঁর আগে ২০০৯ সালে কীর্তিটা গড়েছিলেন নিলমার। এই ব্রাজিল কতটা নেইমারময়—সেটা বোঝা যাবে আরেকটা পরিসংখ্যান থেকে, ব্রাজিলের হয়ে সর্বশেষ ১২টি গোলের ৯টিতেই ছিল নেইমারের প্রত্যক্ষ অবদান, ৭টি করেছেন ও ২টি করিয়েছেন। পরশু হ্যাটট্রিকটাও হয়ে যেতে পারত, একবার গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি।
ব্রাজিলের অনেক রেকর্ড নেইমার নতুন করে লেখাবেন বলেই মনে হচ্ছে। এ মুহূর্তে ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতার তালিকায় আছেন পাঁচে। নেইমার কি দেশের হয়ে নিজের সেরা সময়টা পার করছেন? ব্রাজিল ফরোয়ার্ড সেটা মেনেও বললেন, ‘আমার মনে হয় আমি ক্যারিয়ারের সেরা ফর্মে আছি। তার পরও আমি ঠিক সন্তুষ্ট হতে পারছি না। আমি আরও ভালো করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, বার্সেলোনা ও ব্রাজিল জাতীয় দলের হয়ে অবদান রাখতে চাই।’
দেশের জন্য নিবেদিত নন—এমন অপবাদ অনেক আগেই পেছনে ফেলে এসেছেন মেসি। পরশুও যেমন কথা বললেন দল নিয়েই, ‘আমরা ২০১৫ সালে চিলির কোপা আমেরিকার জন্য প্রস্তুতি নিচ্ছি। যে সময়টা পাব ওটা আমাদের ভালোমতো কাজে লাগাতে হবে।’
পরশু লন্ডনে আর্জেন্টিনার শুরুটা ভালো হয়নি। ১১ মিনিটেই ক্রোয়েশিয়াকে এগিয়ে দিয়েছিলেন মিডফিল্ডার আনাস শারবিনি। গোলটা শোধ করতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে ৪৭ মিনিট পর্যন্ত, সেটাও খানিকটা ভাগ্যপ্রসূত ছিল। ক্রিস্টিয়ান আনিসালদির শট সার্জিও আগুয়েরোর বাহুতে লেগে ঢুকে যায় জালে। জয়সূচক গোলটাতেও আছে আগুয়েরোর অবদান, তাঁর কল্যাণে পাওয়া পেনাল্টি থেকেই গোল করেছেন মেসি। ৬২ মিনিটে এই আগুয়েরোর জায়গায় সাড়ে তিন বছর পর আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেছেন তেভেজ। তবে আকাশি-নীল জার্সি গায়ে গোল পাননি। মেসিই আরেকটা গোল প্রায় পেয়েই গিয়েছিলেন ম্যাচের শেষ দিকে, কিন্তু তাঁর শট ফিরে এসেছে পোস্টে লেগে। এএফপি।