না, এমনটা আগে দেখা যায়নি।
তবে এমন দৃশ্য দেখার জন্য সেই গত আগস্ট থেকে চাতক পাখির মতো বসে আছেন পিএসজির সমর্থকেরা। মেসি যোগ দেওয়ার পরেই অন্তত কাগজে-কলমে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আক্রমণভাগ হয়ে গিয়েছে পিএসজির। অপেক্ষা ছিল শুধু কাগজ-কলমের ওই শক্তিটা যেন মাঠের পারফরম্যান্সে রূপ নেয়, সেটা দেখার। তিনজনের ঝলকে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে পিএসজি ম্যাচ জিতবে, এমন স্বপ্ন তো সেই আগস্ট থেকেই দেখে আসছে পিএসজি!
কিন্তু না, তেমনটা হচ্ছিল না। কখনও নেইমারের চোট বেরসিকের মতো বাধা দিয়েছে, কখনও মেসির ফর্মহীনতা কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে। অধিকাংশ সময় একাই পিএসজিকে টেনেছেন এমবাপ্পে। অবশেষে একই দিনে তিনজনের ঝলক দেখা গেল। আর সে ঝলকে উদ্ভাসিত হলো পার্ক দে প্রিন্সেস।
মেসি, নেইমার ও এমবাপ্পে - তিনজনই একই ম্যাচে গোল করলেন প্রথমবারের মতো। আর তাতেই ম্লান হলো লরিয়েঁ। ৫-১ গোলের জয়ের মাহাত্ম্যটা তাই তিন পয়েন্ট দিয়ে পরিমাপ করলে চলবে না। তিন পয়েন্ট বা নিছক এক জয় নয়, পিএসজির বিখ্যাত ত্রয়ীর একইসঙ্গে জ্বলে ওঠার প্রথম উদাহরণ হিসেবে ইতিহাসে লেখা থাকবে এই ম্যাচের নাম।
গোটা ম্যাচে এমবাপ্পে গোল করেছেন দুটি। তা দেখাদেখি নেইমারও জোড়া গোল করলেন। গোলের হিসেবে 'নতুনজন' মেসি এক গোলে পিছিয়ে থাকলেন যদিও। ওদিকে লরিয়েঁর হয়ে তেরেম মোফির গোলটা যেন পিএসজির দুর্দান্ত পারফরম্যান্সের অনুঘটক হিসেবে কাজ করেছে আরও। লরিয়েঁ ওই গোলটা দিয়েছিল দেখেই যে পিএসজি আরও তিন গোল দেওয়ার জ্বালানি পেল!
তবে এই ম্যাচ শুধু মেসি-নেইমার-এমবাপ্পের গোলের জন্যই নয়, স্মরণীয় হয়ে থাকবে সের্হিও রামোসের কল্যাণেও। এই ম্যাচের মাধ্যমেই বহুদিন পর মাঠে ফিরেছেন তিনি। ৭২ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ও পিএসজি অধিনায়ক মার্কিনিওসের জায়গায় মাঠে নামান হয়েছে তাঁকে। কিন্তু তাঁর ফিরে আসাটা সুখকর হয়নি। চোটের কারণে এতদিন মাঠে নামতে পারেননি, পিএসজিকে সাহায্য করতে পারেননি। এর মধ্যেই পিএসজি রামোসের সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে হেরে বিদায় নিয়েছে।
রামোস থাকলে হয়তো সেদিন রিয়ালের বিপক্ষে গোলগুলো হজম করতে হতো না পিএসজিকে। সে কারণেই কি না, রামোসের জন্য ক্ষোভ জমা করে রেখেছিলেন প্যারিসের দর্শকেরা। রামোস একেকবার বলে স্পর্শ করলেন, আর দুয়োধ্বনি ভেসে আসল চারপাশ থেকে। সেসব দুয়ো শুনে পিএসজিতে আসার জন্য রামোসের আক্ষেপ হয়েছে কি না, কে জানে।
তবে পিএসজির সমর্থকদের দুয়ো হজম করার অভিজ্ঞতা রামোসের নতুন হলেও, মেসি-নেইমার-এমবাপ্পেদের নতুন নয়। এক ম্যাচ আগেই বোর্দোর বিপক্ষে মেসিদের তারস্বরে দুয়ো দিয়েছিলেন পিএসজি সমর্থকেরা। সে কথা মাথায় ছিল দেখেই কি না কে জানে, আজ তিনজনই জ্বলে উঠলেন।
জ্বলে ওঠার শুরুটা হলো নেইমারের হাত ধরে। ম্যাচের ১২ মিনিটে রক্ষণভাগ থেকে আসা বলটা ক্ষণিকের জন্য নিয়ন্ত্রণে নিয়ে মেসি পাঠিয়ে দিলেন এমবাপ্পের পায়ে। ততক্ষণে ভেতরে ঢুকে যাওয়া নেইমারকে পাস দিতে ভুল করলেন না এই ফরাসি স্ট্রাইকার। নেইমারের গোলে এগিয়ে গেল পিএসজি।
২৮ মিনিটে দ্বিতীয় গোলটা এল এমবাপ্পের পা থেকেই। মাঝমাঠ থেকে বল বের করে এনে নেইমার পাস দিয়েছিলেন রক্ষণাত্মক মিডফিল্ড পজিশন থেকে উপরে উঠে যাওয়া ইদ্রিসা গে-কে। গে সহজেই বলটা তুলে দেন এমবাপ্পের পায়ে। ব্যস, ২-০!
৫৬ মিনিটে লরিয়েঁর নাইজেরিয়ান স্ট্রাইকার তেরেম মোফি ব্যবধান কমান। ৬৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল পেয়ে যান এমবাপ্পে। ডিবক্সের সামনে ডান প্রান্ত থেকে একটু ভেতরে ঢুকে এক ডিফেন্ডারকে পরাস্ত করে এমবাপ্পের পায়ে বল তুলে দিয়েছিলেন মরোক্কান রাইটব্যাক আশরাফ হাকিমি। সেখান থেকে বল নিয়ে ডিবক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে ব্যবধান ৩-১ করে দেন এমবাপ্পে।
বাকি ছিলেন মেসি, ৭৬ মিনিটে তাঁর পা থেকেও গোল দেখে ফেলে প্যারিসের দর্শকেরা। অবশ্য মেসিকে গোল করানোর পেছনে এমবাপ্পের অবদানই বেশি। কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে যেভাবে বিপজ্জনকভাবে বক্সের বাঁ প্রান্তে ঢুকে মাঝে ওঁত পেতে থাকা মেসির পায়ে বল তুলে দিলেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
ম্যাচের একদম শেষ মুহূর্তে এমবাপ্পের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটা পেয়ে যান নেইমার। ক্যারিয়ারে প্রথমবারের মতো একই ম্যাচে তিন-তিনবার গোলসহায়তা করেন এমবাপ্পে। পিএসজিও ৫-১ গোলের অনায়াস এক জয় তুলে নেয়।
এই জয়ের ফলে ৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরেই আছেন মেসিরা। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ৫৬।