
প্রভাত যদি দিনের আভাস দেয়, তাহলে বলতেই হবে ২০১৫ সালে লা লিগা রোমাঞ্চের পসরাই সাজিয়ে রেখেছে। বছরের শুরুতে মাঠে নেমেই যদি রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা হেরে বসে, তাহলে সেই বছরের বাকিটার অনেক নাটক দেখার কথা।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২২ ম্যাচ জিতে উড়ছিল রিয়াল মাদ্রিদ। লা লিগার রেকর্ডটা অনেক আগেই হয়ে গেছে, সামনে ছিল ব্রাজিলের কোরিতিবার টানা ২৪ ম্যাচ জয়ের বিশ্বেরকর্ড। কিন্তু মেস্তায়ায় রিয়ালের সেই জয়রথ থামল মৌসুমে মাত্র তৃতীয়বারের মতো হেরে বসায়।
ভ্যালেন্সিয়ার কাছে রিয়ালের ২-১ গোলে হারের পর বার্সেলোনা কোচ লুইস এনরিকের মুখে হয়তো স্মিত হাসি ছিল, এবার ব্যবধানটা কমিয়ে ফেলার সুযোগ! কিন্তু কে জানত, কার্লো আনচেলত্তির কথাটা ঘণ্টা চারেক পরেই এমনভাবে ফলবে! পরাজয়ের পর রিয়ালের কোচ বলেছিলেন, ‘এই হার দলের ওপর খুব প্রভাব ফেলবে না।’ বার্সেলোনাও পরে হেরে গিয়ে আনচেলত্তির কথাটাকেই ঠিক প্রমাণ করে দিল। রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হারের পর দুই দলের পয়েন্টের ব্যবধান সেই ১-ই আছে। রিয়াল অবশ্য এক ম্যাচ কম খেলেছে।
বড় একটা ফাটকাই খেলেছিলেন এনরিকে, মেসি-নেইমারকে ছাড়াই সাজিয়েছিলেন প্রথম একাদশ। দুই মিনিটের মধ্যেই সেটা ফিরে আসে বুমেরাং হয়ে, আত্মঘাতী গোল করে বসেন জর্ডি আলবা। দ্বিতীয়ার্ধের শুরুতে নামেন মেসি, খানিক পর নেইমার। কিন্তু কাজ আর হয়নি। কখনো সোসিয়েদাদ গোলরক্ষক জেরোনিমো রুলি প্রাচীর হয়ে দাঁড়ান, বেশির ভাগ সময়েই তাদের রক্ষণ ছিল দুর্ভেদ্য।
এর আগে রিয়ালের রোনালদো-বেল সহজ সুযোগ নষ্ট করেছেন। প্রায় অবিশ্বাস্যভাবে একবার বল বাইরে মেরেছেন সিআর সেভেন, শেষ দিকে একবার বেলও। অথচ রোনালদোর পেনাল্টিতে ১৪ মিনিটে এগিয়ে গিয়েছিল রিয়ালই। ৫২ মিনিটে আন্তোনিও বারাগানের গোলে সমতা আনার পর ৬৫ মিনিটে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেন নিকোলাস ওটামেন্ডি। তাঁর হেডে দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে ভ্যালেন্সিয়া।
ফলের মতো ম্যাচ শেষে বার্সা-রিয়ালের প্রতিক্রিয়াও ছিল একই রকম। দুই দলই দুষেছে ভাগ্যকে। আনচেলত্তি বলেছেন, ‘আমার মনে হয় না পরাজয়টা আমাদের প্রাপ্য ছিল। ভাগ্য একটু পক্ষে থাকলেই আমরা ২-০ করে ফেলতে পারতাম, এরপর ২-১-এ এগিয়ে যেতে পারতাম। এমনকি ২-২ করার সুযোগও তো পেয়েছিলাম।’
বার্সা মিডফিল্ডার জাভিও পরাজয় মেনে নিতে পারেননি, ‘অনেক সুযোগ পেয়েছিলাম আমরা। আত্মঘাতী গোলটাই আমাদের শাস্তি দিয়েছে, কিন্তু এই ফলটা আমাদের একেবারেই প্রাপ্য ছিল না। একটা সুযোগ নষ্ট করলাম আমরা।’ এএফপি।