
এই যুগে দুই ক্লাবের এক কোচ। ভাবা যায়!
পাড়ার কোনো ফুটবল হলে নাহয় কথা ছিল। কিন্তু মোহাম্মদ আলমগীর ঢাকার সিনিয়র ডিভিশন লিগের দুই ক্লাবের প্রধান কোচের দায়িত্বে আছেন! এই সিনিয়র ডিভিশনটা হলো ঢাকার ফুটবলে তৃতীয় স্তর। ধারেভারে হয়তো প্রিমিয়ার বা চ্যাম্পিয়নশিপ লিগের মতো নয়। কিন্তু সিনিয়র ডিভিশনে এবার যে লড়াইয়ের ঝাঁজ, তাতে দুই ক্লাবের কোচের দায়িত্ব চালিয়ে যাওয়া ব্যতিক্রমী এক ঘটনা।
গত বৃহস্পতিবার সেই ব্যতিক্রমের মধ্যেও দেখা গেল ব্যতিক্রম। নিজ দলের খেলা থাকলেও ডাগআউটে ছিলেন না কোচ আলমগীর। কোন দলের সঙ্গে থাকবেন, মুখোমুখি হওয়া দুটিই যে তাঁর দল! সাধারণ বীমা-ওয়ান্ডারার্স লড়াইয়ে কোচ আলমগীর বসে রইলেন কমলাপুর স্টেডিয়ামের চারতলায়। সেখানে বসেই দেখলেন তাঁর কোচিংয়ে গড়ে ওঠা দুটি দলের গোলশূন্য ড্র ম্যাচটা।
ম্যাচটির আগেই বলেছিলেন, ‘কোনো দলকেই আমি সাপোর্ট করব না। আমি নিরপেক্ষ থাকতে বাইরে বসে থাকব। হা হা হা।’ তাহলে দল চালাবে কে? ‘ওটা আমার সহকারীরা করবে’—বলে নির্ভার থাকতে চাইছিলেন ছোটখাটো গড়নের মানুষটা।
কিন্তু চাইলেও কি বাইরে বসে নির্ভার থাকতে পেরেছেন? বৃহস্পতিবারের পড়ন্ত বিকেলে ফুটবলারদের ‘আলমগীর ওস্তাদ’ হেসে বলেন, ‘নির্ভারই তো ছিলাম। আজ দুই টিমের কারও সঙ্গে নেই আমি, ভালোই লাগল। তবে ওয়ান্ডারার্স টিমটা ফাইটিং তো, ওরা জিতলে সামনে এগিয়ে যেতে পারত। ব্যস, আমার অনুভূতি এটুকুই, আর কিছু নয়।’
আগের রাতে দুই দলকেই ‘ব্রিফিংয়ে’ বলে দেন, ‘তোমরা ভালো খেলো।’ দুই দল ভালো খেলেছে বলে খুশি বর্ষীয়ান কোচ। কিন্তু তিয়াত্তরে পা রেখে দুটি দলের দায়িত্ব নেওয়া তো বিরাট চাপ! আলমগীরের জবাব, ‘ওয়ান্ডারার্স ও বীমার সঙ্গে আগেও ছিলাম। ওয়ান্ডারার্স তো এর আগে আমার হাত ধরে ফার্স্ট ডিভিশনে রেলিগেশন সেভ করেছে। ওদের নাকি আমাকে ছাড়া চলেই না। বীমাও বলে আমাকে তাদের চাই। তাই অনুরোধ রাখতে দুটি দলের সঙ্গেই আছি।’
সকালে ওয়ান্ডারার্সকে দুই-আড়াই ঘণ্টা কোচিং করান, বিকেলে বীমাকে। কোচিংটা উপভোগ করেন বলেই ছাড়তে পারেন না। প্রিমিয়ারে উত্তর বারিধারার কোচ ছিলেন। শুরুটা ছিল চলন্তিকায়। ইস্ট এন্ডসহ আরও অনেক ক্লাবই কোচ হিসেবে তাঁকে পেয়েছে। দলগুলোর সঙ্গে তাঁর বন্ধনও দৃঢ় হয়েছে কোচিংয়ের সূত্রে।
জন্ম কলকাতার খিদিরপুরে, খিদিরপুর ক্লাবে খেলতেন শৈশব-কৈশোরে। পঁয়ষট্টিতে ঢাকায় পাড়ি জমান, শুরুতেই ভিক্টোরিয়ায় কাটে চার বছর। উনসত্তরে মাকরানি ফুটবলার ওমর, মুসাদের রমরমা সময়ে দিলকুশায় নাম লেখান। সত্তরে ফিরে আসেন ভিক্টোরিয়ায়। স্বাধীনতার পর ইস্ট এন্ড ক্লাব ঘুরে আশির দশকের শুরুতে বুটজোড়া তুলে রাখেন এই মিডফিল্ডার।
জীবনে সবচেয়ে স্মরণীয় তিয়াত্তরে গঠিত প্রথম জাতীয় দল থেকে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে বাদ পড়া। বিমানে ওঠার দুই ঘণ্টা আগে শোনেন দুঃসংবাদটা। ‘আমি তখন ইস্ট এন্ডে। মারদেকায় যাওয়ার দিন দিলকুশার সঙ্গে ম্যাচ খেললাম। কিন্তু ম্যাচের পর প্রধান কোচ সাহেব আলী ভাই প্রতিবেদন দিলেন, আমার পায়ে নাকি ফ্র্যাকচার হয়েছে। আসলে তা নয়। আমি ফিট ছিলাম। দুর্ভাগ্য, শেষ মুহূর্তে আমার জায়গায় গেল নওশেরের ভাই শরিফ।’
বাংলাদেশের ফুটবলে মিডফিল্ডে তখন বড় নাম প্রয়াত মনোয়ার হোসেন নান্নু। স্বাধীনতার পর জাতীয় দল ৪-৪-২ ছকে খেলে। মিডফিল্ডে দৃষ্টি কাড়েন এই আলমগীরও। চুয়াত্তরে ঢাকায় রাশিয়ার ডায়নামো ক্লাবের সঙ্গে বাংলাদেশ দলের প্রীতি ম্যাচ খেলেছেন। একাশিতে বাংলাদেশের একমাত্র ক্লাব হিসেবে ব্রাদার্স যৌথভাবে ব্যাংকক ব্যাংক ক্লাবের সঙ্গে আগাখান গোল্ডকাপ জিতল, আলমগীর ওই বছর ভিক্টোরিয়ায়। ‘ওই বছরই গোলরক্ষক সান্টুর পায়ের ফাঁক দিয়ে গোল করেছি’—বলতে বলতে একটু মজাও করেন সাদামাটা আর নিরহংকার মানুষটা।
কিন্তু একটা জায়গায় দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। একজনকে ভালোবাসতেন, তাঁর অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। তাই চিরকুমারই থেকে গেলেন। সংসারজীবনের স্বাদ পাননি। এখন আনন্দ খোঁজেন ফুটবলেই, ‘আমার হাত ধরে শত শত ফুটবলার তৈরি হয়েছে। বড় লিটন আমার ছাত্র। এরাই আমার সন্তান, সংসার।’
ফুটবল, ফুটবল করেই জীবনটা পার করলেন, কিন্তু এএফসির কোনো কোচিং সনদ নেই তাঁর। যে কারণে এখন চাইলেও পেশাদার দলে কোচিং করানোর সুযোগ নেই। শুধু তা-ই নয়, ঢাকায় নিজস্ব একটা ঠিকানাও পর্যন্ত করতে পারেননি। সাত ভাই থাকেন ভারতে। আর ফুটবল-প্রেমে মজে থাকা আলমগীর গেন্ডারিয়ায় এক আত্মীয়ের বাসায় সাবলেট থাকেন একটা কক্ষে।
অবসরে গান শোনেন। খেলোয়াড়দের সঙ্গে আড্ডা মারেন। কখনো কখনো কলকাতা চলে যান। খেতে ভালোবাসেন গরুর মাংস। তবে এখন একটু কম খান। সেটিই নাকি এই বয়সেও তাঁর দুটি ক্লাবের কোচের চেয়ারে থাকার বড় রহস্য। ফুটবলই তাঁর জীবন, বেঁচে থাকার অক্সিজেন! আলমগীর ওস্তাদ এখনই থামতে নারাজ, সবুজ ঘাসের সংস্পর্শে থাকতে চান আমৃত্যু।