একজন জাদুকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলক্ষ্যে বসে কেউ একজন নিশ্চয়ই লিখছিল পুরো স্ক্রিপ্ট। ক্লদিও রানিয়েরির জীবনে যা ঘটল, এ যেন সত্যিকারের পৃথিবীতে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। যেন চরম ফ্যান্টাসি, মেলো ড্রামায় বিশ্বাসী কোনো খেয়ালি লেখক কল্পনার খ্যাপা ঘোড়াটাকে ইচ্ছেমতো ছুটিয়েছেন। যা ঘটল, সেটা রানিয়েরির নিজেরই বিশ্বাস হচ্ছে তো!
পরশুর ব্যাপারটিই খেয়াল করে দেখুন। চেলসির মাঠে নিশ্চিত হলো রানিয়েরির রূপকথা। সেই চেলসি, ২০০৪ সালে যারা এই রানিয়েরিকে ফেলে দিয়েছিল বাতিলের খাতায়!
সেদিন নীরবে ইংল্যান্ড ছাড়া রানিয়েরি গত বছর আরও নীরবে ফিরে এসেছিলেন ইংল্যান্ডে, লেস্টার সিটির দায়িত্ব নিয়ে। তবে রানিয়েরির জীবনের গল্পটা আরও রোমাঞ্চকর হয়ে উঠবে ১৫ মে। যখন চেলসির মাঠে ঢোকার সময় পুরো স্টেডিয়াম, সব খেলোয়াড় মিলে তাঁকে আর তাঁর দলকে দেবে গার্ড অব অনার। এবারের লিগে চেলসির মাঠেই লেস্টারের শেষ ম্যাচ। ফুটবলের কেতা অনুযায়ী চ্যাম্পিয়নদের গার্ড অব অনার প্রাপ্য। কিন্তু সেদিনের গার্ড অব অনার শুধু নিয়মরক্ষার হবে না, হবে ‘বাতিল’ হয়ে যাওয়া রানিয়েরির ঠিক এক যুগ পর চেলসিতে মাথা উঁচু করে ফেরা!
১৯৮৬ সাল থেকে কোচ হিসেবে কাজ করছেন। ঠিক ৩০টা বছর। চেলসি তো বটেই; ভ্যালেন্সিয়া, রোমা, অ্যাটলেটিকো মাদ্রিদ, জুভেন্টাস, ইন্টার মিলানের মতো দলের দায়িত্ব সামলেছেন। অথচ কী আশ্চর্য জানেন, এর আগে কখনোই কোনো দেশের শীর্ষ লিগ জেতা হয়নি। অবশেষে এই ৬৪ বছর বয়সে এসে ইতালিয়ান কোচ জিতলেন প্রথম শীর্ষ লিগ!
‘আমার বয়স এখন ৬৪ চলছে, কত দিন ধরে লড়াই করে যাচ্ছি। কিন্তু কখনোই আশা হারাইনি। আমি জানতাম, একসময় না একসময়, কোথাও না কোথাও আমি লিগ জিতবই’—গতকাল বলেছেন রোমের নতুন সম্রাট। রানিয়েরি জিতলেন এবং সেটা বিশ্বের সেরা লিগটাই, সেটিও এমন একটা দলকে নিয়ে, আগের মৌসুমে যারা আরেকটু হলে বাদই পড়ে যেত প্রিমিয়ার লিগ থেকে; এই মৌসুমে যাদের ট্রফি জয়ের বাজির দর ছিল ৫০০০-১!
১৫ মে স্টামফোর্ড ব্রিজের গার্ড অব অনারে শামিল থাকবে আসলে পুরো ফুটবল-বিশ্বই!